প্রতিবন্ধীদের বিশেষ ব্যাংকিং সুবিধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দৃষ্টিপ্রতিবন্ধীসহ সব প্রতিবন্ধীদের বিশেষ ব্যাংকিং সুবিধা দেওয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কোনো প্রকার চার্জ ছাড়াই
তাদের ১০ টাকায় ব্যাংক হিসাব খোলা, ১০ শতাংশের কম সুদে পাঁচ লাখ টাকা পর্যন্ত ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগে (এসএমই) ঋণ দিতে বলা হয়েছে।
বাংলাদেশ ব্যাংক গত বুধবার এ-সংক্রান্ত একটি নির্দেশ ব্যাংকগুলোর শীর্ষ নির্বাহীদের কাছে পাঠিয়েছে।
এর আগে বিভিন্ন সময়ে প্রান্তিক কৃষক, তাঁতি, জেলে, মজুর, কামার, পোশাকশ্রমিক, পরিচ্ছন্নতাকর্মী, পথশিশু ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের জন্য ১০ টাকায় ব্যাংক হিসাব খোলার জন্য ব্যাংকগুলোকে নির্দেশ দেয় বাংলাদেশ ব্যাংক।
বুধবারের নির্দেশনাতে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংক তহবিলের আওতায় প্রতিবন্ধীদের এসএমই উদ্যোক্তা সর্বোচ্চ ১০ শতাংশ সুদে শতভাগ পুনঃ অর্থায়ন নিতে পারবে। তাদের ১০ হাজার টাকা থেকে সর্বোচ্চ পাঁচ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া যাবে। এ ছাড়া প্রতিবন্ধীদের জন্য ব্যাংকগুলোকে সিএসআর কর্মসূচির আওতায় ব্যাংকের বার্ষিক কার্যক্রমে সহায়ক কর্মসূচি রাখা এবং বাজেট বরাদ্দের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ব্যাংকগুলোকে পরামর্শ দেওয়া হয়েছে।
দেশের অর্থনৈতিক উন্নয়নে দৃষ্টিপ্রতিবন্ধীসহ সব প্রতিবন্ধীদের অংশ নেওয়ার সুযোগ তৈরির জন্য ব্যাংকিং সেবা নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংক বিভিন্ন নির্দেশনাও দিয়েছে। প্রতিবন্ধীদের ব্যাংক হিসাব পরিচালনা সহজ করতে সব তফসিলি ব্যাংকের সব শাখাতে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য একজন কর্মকর্তাকে ফোকাল ব্যক্তি হিসেবে নির্ধারণ করতে বলা হয়েছে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্যাংক হিসাব খোলা ও পরিচালনার জন্য ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে গ্রাহক শনাক্তকরণ, বাহককে দেওয়া চেকের জন্য স্পেশাল পিন নম্বর ব্যবহার এবং তাদের ব্যাংকিং সেবায় উদ্বুদ্ধ করতে প্রয়োজনীয় প্রচার-প্রচারণার ব্যবস্থা নিতে পরামর্শ দেওয়া হয়েছে ব্যাংকগুলোকে।
নির্দেশনাতে বলা হয়েছে, সমাজসেবা অধিদপ্তরের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় অসচ্ছল ভাতাভোগী প্রতিবন্ধীরা জাতীয় পরিচয়পত্র ও ভাতা পরিশোধ বই জমা দিয়ে ১০ টাকায় ব্যাংক হিসাব খুলতে পারবেন। এ ক্ষেত্রে ন্যূনতম জমা এবং কোনো ধরনের চার্জ কাটা যাবে না। ভাতাভোগী ছাড়াও অন্য প্রতিবন্ধীরা ন্যূনতম স্থিতি ও চার্জ পরিশোধের শর্তে ১০ টাকার বিনিময়ে হিসাব খুলতে পারবেন।