প্রতিবন্ধীদের ব্যবহার্য যন্ত্রপাতি শুল্কমুক্তভাবে আমদানি করা যাবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ২০১০-১১ অর্থবছর থেকে প্রতিবন্ধীদের ব্যবহার্য বিভিন্ন যন্ত্রপাতি শুল্কমুক্তভাবে আমদানি করা যাবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেছেন, বাজেট ঘোষণায় বিষয়টি অন্তর্ভুক্ত করা সম্ভব হবে না। তবে পরে প্রজ্ঞাপন জারি করে বিষয়টি কার্যকর করা হবে।গতকাল বুধবার সচিবালয়ে প্রতিবন্ধীবিষয়ক সংসদীয় কমিটির আহ্বায়ক আবদুল মতিন খসরুর নেতৃত্বে ২০ সদস্যের একটি প্রতিনিধিদল অর্থমন্ত্রীর কাছে আসন্ন বাজেটে প্রতিবন্ধীদের নানা সুযোগ-সুবিধার অন্তর্ভুক্তের দাবি জানালে অর্থমন্ত্রী এ ঘোষণা দেন।প্রতিনিধিদলে অন্যদের মধ্যে ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাস উদ্দীন, জাতিসংঘের প্রতিবন্ধীদের অধিকারবিষয়ক কমিটির সদস্য ও প্রতিবন্ধী মনসুর আহমেদ চৌধুরী, প্রতিবন্ধী ও জাতীয় প্রতিবন্ধী ফোরামের সভাপতি খন্দকার জহুরুল আলম, প্রতিবন্ধীর পিতা ও সাংসদ অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া প্রমুখ। অর্থমন্ত্রী আরও বলেন, কিছু দিনের মধ্যেই দেশে আদমশুমারি শুরু হবে। এ শুমারির মাধ্যমে প্রতিবন্ধীদের সম্পর্কে একটা বিস্তারিত ধারণা পাব। আবদুল মতিন খসরু বলেন, বাজেটে মোট বরাদ্দের ১০ ভাগ প্রতিবন্ধীদের জন্য রাখার দাবি জানিয়েছি। এ ছাড়া সরকারের কাছে প্রতিবন্ধীদের কল্যাণের জন্য দীর্ঘমেয়াদি নানা উদ্যোগ নেওয়ার প্রস্তাব করা হয়েছে। কারণ, এ উদ্যোগ নেওয়া হলে তারা আর অন্যের অনুগ্রহের পাত্র হয়ে থাকবে না।মোহাম্মদ ফরাস উদ্দীন বলেন, প্রতিবন্ধীদের দায়িত্ব সরকার নেওয়ার কথা, এটা সংবিধানেই উল্লেখ আছে। প্রতিবন্ধীদের অধিকার অর্জন না হওয়ার জন্য দায়ী হলো কার্যপ্রণালি বিধি। প্রতিবন্ধীরা এটা পরিবর্তনের দাবি জানিয়ে আসছিল। সরকার এ উদ্যোগ গ্রহণ করলেও এখনো তা বাস্তবায়ন করেনি। ফজলে রাব্বী মিয়া বলেন, দেশে প্রতিবন্ধীদের কোনো পরিসংখ্যান নেই। তাদের জন্য সরকারের সহায়তা থাকলেও পরিসংখ্যান না থাকার কারণে তা বণ্টন করা যায় না।