প্রতিবেদন দিতে হবে আট সপ্তাহে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোবাইল ফোন অপারেটর রবি ও এয়ারটেল একীভূত হওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে সরকার ও বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) আট সপ্তাহের সময়সীমা বেঁধে দিয়েছেন আদালত। বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের একক হাইকোর্ট বেঞ্চ গতকাল সোমবার এ নির্দেশ দেন।
আদেশে বলা হয়েছে, বিটিআরসিকে আগামী ছয় সপ্তাহের মধ্যে রবি ও এয়ারটেলের মূল্যায়ন প্রতিবেদন সরকারের কাছে জমা দিতে হবে। আর এই প্রতিবেদন পাওয়ার দুই সপ্তাহের মধ্যে সরকারকে এ বিষয়ে প্রতিবেদন আদালতে জমা দিতে হবে।
রবি ও এয়ারটেলের একীভূত হওয়ার আবেদনের ওপর স্থগিতাদেশ চেয়ে কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) করা এক আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন আদালত। সেই আবেদনটি নিষ্পত্তি করে আদালত আরও বলেন, একীভূতকরণের বিষয়ে বিটিআরসি যে গণশুনানি করবে, সেটিতে ক্যাবের আবেদনটি যেন বিবেচনা করা হয়।
শুনানিতে অংশ নেওয়া রবি ও এয়ারটেলের আইনজীবী তানজীব-উল আলম প্রথম আলোকে বলেন, আদালত সব দিক বিবেচনা করে যে রায় দিয়েছেন, সেটি টেলিযোগাযোগ খাতের জন্য ইতিবাচক হবে।
ব্যবসায়িক কার্যক্রম একীভূত করতে গত বছরের সেপ্টেম্বরে বিটিআরসির কাছে আবেদন করে রবি ও এয়ারটেল। বিটিআরসি সেই আবেদনে প্রাথমিক সম্মতি দিলেও এখন আবেদনটির বিভিন্ন দিক পরীক্ষা-নিরীক্ষা করছে। রবি ও এয়ারটেলের একীভূত হওয়ার আর্থসামাজিক প্রভাব নিয়ে সমীক্ষার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় ও আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশের দুই শিক্ষককেও চূড়ান্ত করেছে বিটিআরসি।
বিটিআরসির ঊর্ধ্বতন এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে জানান, আদালত যে সময় বেঁধে দিয়েছেন, তার মধ্যেই সব কাজ শেষ করা যাবে। এরপরও বাড়তি সময় দরকার হলে সে ক্ষেত্রে পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে।
বিটিআরসিতে জমা দেওয়া প্রতিবেদন অনুযায়ী, একীভূত কোম্পানিতে রবির ৭৫ শতাংশ আর এয়ারটেলের ২৫ মালিকানা থাকবে। বর্তমানে রবির ৯১ দশমিক ৬ শতাংশ শেয়ারের মালিক আজিয়াটা গ্রুপ আর ৮ দশমিক ৪ শতাংশ শেয়ারের মালিক এনটিটি ডোকোমো। এয়ারটেল বাংলাদেশের ১০০ শতাংশ শেয়ারের মালিক ভারতী এয়ারটেল।
একীভূত হলে প্রায় চার কোটি গ্রাহক নিয়ে গ্রামীণফোনের পরে এটাই হবে বাংলাদেশের দ্বিতীয় বৃহৎ মোবাইল ফোন অপারেটর। বর্তমানে ৩ কোটি ২৮ লাখ গ্রাহক নিয়ে বাজারে দ্বিতীয় অবস্থানে আছে বাংলালিংক।