প্রতিবেশীদের চেয়ে ভারতে মূল্যস্ফীতি অনেক বেশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতে মূল্যস্ফীতি বেড়ে গত জুন মাসে ১৩ দশমিক ৭ শতাংশে উন্নীত হয়েছে। শুধু তাই নয়, প্রতিবেশী দেশগুলোর তুলনায় ভারতে পেট্রলের দামও এখন সবচেয়ে বেশি।কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী নমো নারায়ণ মিনা ও পেট্রোলিয়াম প্রতিমন্ত্রী জিতিনপ্রসাদ গত মঙ্গলবার রাজ্যসভায় এ তথ্য জানান।অর্থ প্রতিমন্ত্রী এক প্রশ্নের জবাবে রাজ্যসভাকে জানান, উন্নয়নশীল দেশগুলোর মধ্যে গত জুন মাসে সর্বোচ্চ ৩১ দশমিক ৮ শতাংশ মূল্যস্ফীতি ছিল ভেনিজুয়েলায়। ১৩ দশমিক ৭ শতাংশ মূল্যস্ফীতি নিয়ে এর পেছনেই রয়েছে ভারত। এ সময় সর্বনিম্ন ১ দশমিক ৭ শতাংশ মূল্যস্ফীতি ছিল মালয়েশিয়ায়, যা প্রতিবেশী পাকিস্তানে ছিল ১২ দশমিক ৭ শতাংশ। এ ছাড়া বিভিন্ন উন্নয়নশীল দেশের মধ্যে মিসরে ১০ দশমিক ৭ শতাংশ, চীনে ২ দশমিক ৯ ও ইন্দোনেশিয়ায় ৫ দশমিক ১ শতাংশ মূল্যস্ফীতি চলছিল তখন। ভারতে এই মূল্যস্ফীতির হার বাড়ার মূল কারণ হিসেবে খাদ্যপণ্যের অত্যধিক দাম বাড়া ও শিল্পের বিকাশের কথা বলা হয়েছে। তবে অর্থ প্রতিমন্ত্রী দাবি করেন, মূল্যস্ফীতির হার কমাতে ধারাবাহিক প্রয়াস চালিয়ে যাচ্ছে ভারত সরকার। এ জন্য কেন্দ্রীয় ব্যাংক ২০০৯ সাল থেকে মাঝে মাঝে রেপো রেট এবং নগদ জমার অনুপাত পরিবর্তন করেছে। এর ফলে ২০০৯ সালে পাইকারি মূল্যসূচক যেখানে ১১ দশমিক ০৪ ছিল তা এবারের জুনে কমে ১০ দশমিক ৫৫ শতাংশে নেমে আসে বলে তিনি উল্লেখ করেন। এদিকে একই দিনে রাজ্যসভার সাংসদেরা প্রতিবেশী দেশগুলোতে রান্নার গ্যাসের মূল্য পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে পেট্রোলিয়াম প্রতিমন্ত্রী জিতিনপ্রসাদ কোনো নির্দিষ্ট তথ্য না দিয়ে বলেন, ভারতে গ্যাসের দামই সবচেয়ে কম। তবে পেট্রলের দামের তথ্য দিতে গিয়ে তিনি জানান, ভারতে যেখানে প্রতি লিটার পেট্রলের দাম ৫১ দশমিক ৪৫ পয়সা, সেখানে তা পাকিস্তানে ৩৫ দশমিক ৭৭ পয়সা, শ্রীলঙ্কায় ৪৭ দশমিক ৩২ পয়সা, নেপালে ৫০ দশমিক ৮৫ পয়সা এবং বাংলাদেশে ৪৯ দশমিক ৭০ পয়সা।