দক্ষিণ এশিয়ার দেশগুলোতেই বাংলাদেশের কৃষি ও কৃষিজাত পণ্য রপ্তানি এখনকার চেয়ে ১৫০ কোটি (দেড় বিলিয়ন) ডলার বাড়ানো সম্ভব। এসব দেশে রপ্তানির ক্ষেত্রে ছাগল ও ভেড়ার চামড়া, পশুর পশম, শিমজাতীয় শুকনো সবজি বা তার বিচি এবং কিছু ফল—এ চারটি পণ্যে (এইচএস কোডভিত্তিক) বাংলাদেশের বিশেষ কোনো প্রতিযোগীই নেই। অন্যদিকে মাছ, মাংস, পশুর শিং ও বিভিন্ন অঙ্গ, আলু ও বিভিন্ন সবজি, চা, রুটি, বিস্কুট, কেক, জুস, মিনারেল ওয়াটার, তামাকসহ ৫৪টি পণ্যে বাংলাদেশ প্রতিযোগিতায় ভালো করবে।
এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) এক গবেষণা প্রতিবেদনে এ সম্ভাবনার চিত্র তুলে ধরা হয়েছে। ‘দক্ষিণ এশিয়ায় খাদ্যনিরাপত্তা’ শীর্ষক ওই প্রতিবেদন সম্প্রতি প্রকাশিত হয়। এতে বলা হয়েছে, প্রক্রিয়াজাত খাদ্য ও পানীয় রপ্তানি করে বাংলাদেশ এখন যে পরিমাণ বৈদেশিক মুদ্রা আয় করে, তার চেয়ে অনেক বেশি আয় করা সম্ভব।
এডিবির প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের অন্যান্য অঞ্চলের চেয়ে দক্ষিণ এশিয়ার দেশগুলোর নিজেদের মধ্যে বাণিজ্য অনেক কম। ২০০০ থেকে ২০১০ সাল পর্যন্ত এক দশকে এই অঞ্চলের দেশগুলো নিজেদের মধ্যে বছরে গড়ে ৮০০ কোটি ডলারের কৃষিপণ্যের বাণিজ্য করেছে। অথচ এ বাণিজ্য ২ হাজার ২০০ কোটি ডলারে উন্নীত হতে পারত।
প্রতিবেদনে বাংলাদেশ নিয়ে বলা হয়, বছরে কৃষিপণ্য রপ্তানি করে বাংলাদেশ গড়ে ২৬ কোটি ৬২ লাখ ডলার আয় করেছে। অথচ এ ক্ষেত্রে সম্ভাবনা ছিল ১৭৬ কোটি ২০ লাখ ডলারের। প্রক্রিয়াজাত খাদ্য ও পানীয় রপ্তানি করে বাংলাদেশ বছরে গড়ে ৪ কোটি ১৯ লাখ ডলার আয় করছে, যা প্রায় ৯৫ কোটি ডলারে উন্নীত করা যেত।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্যমতে, ২০১৫-১৬ অর্থবছরে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্কভুক্ত দেশগুলোতে বাংলাদেশ কৃষি-অকৃষি মিলিয়ে প্রায় ৮০ কোটি ডলারের পণ্য রপ্তানি করেছে; যা আগের বছরের চেয়ে ১৫ কোটি ডলার বেশি।
ইপিবির ভাইস চেয়ারম্যান মাফরুহা সুলতানা প্রথম আলোকে বলেন, ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো তাদের নিজেদের মধ্যে সিংহভাগ বাণিজ্য করে। একই রকমভাবে এই অঞ্চলের দেশগুলো নিজেদের মধ্যে বাণিজ্য বাড়ালে তা সবার জন্যই লাভজনক হবে।
বাংলাদেশের সম্ভাবনা যেসব পণ্যে: এডিবির প্রতিবেদনে উল্লেখ করা হয়, যে চারটি পণ্যে বাংলাদেশের প্রতিযোগী নেই, তার মধ্যে একটি ছাগল ও ভেড়ার চামড়া। দক্ষিণ এশিয়ার দেশগুলো বছরে প্রায় ২ কোটি ৬০ লাখ ডলারের ছাগল ও ভেড়ার চামড়া আমদানি করে। বাংলাদেশ এসব চামড়া রপ্তানি করে আয় করে ৫৮ হাজার ডলার। এর মধ্যে মাত্র ১০ শতাংশ যায় প্রতিবেশীর বাজারে।
এই অঞ্চলের দেশগুলো বছরে প্রায় ৭ কোটি ৩০ লাখ ডলারের শিমজাতীয় শুকনো সবজি আমদানি করে। বাংলাদেশ রপ্তানি করে আয় করে ৫ লাখ ৪৮ হাজার ডলার। তবে প্রতিবেশী দেশগুলোতে বাংলাদেশ এ পণ্য রপ্তানি করে না। এই অঞ্চলের দেশগুলো অন্য দেশ থেকে বছরে গড়ে ৬ কোটি ৭৪ লাখ ডলারের মাছ ও মাছজাত পণ্য আমদানি করে। বাংলাদেশ একই মাছ ও মাছজাত পণ্য রপ্তানি করে বছরে প্রায় দেড় কোটি ডলার আয় করে। তবে প্রতিবেশীর বাজারে বাংলাদেশের রপ্তানি মোট রপ্তানির মাত্র ২ শতাংশ।
একই অবস্থা আলুর ক্ষেত্রেও। দক্ষিণ এশিয়ার দেশগুলো বছরে গড়ে ৪ কোটি ১০ লাখ ডলারের আলু আমদানি করে। বাংলাদেশ বিভিন্ন দেশে আলু রপ্তানি করে বছরে গড়ে ৮ লাখ ডলার আয় করে। তবে আশপাশের দেশে তা যায় সামান্য পরিমাণে। এ দেশে বছরে প্রায় ৯০ লাখ টন আলু উৎপাদিত হয়। বাংলাদেশের প্রতিবেশীরা বছরে ১ কোটি ৭০ লাখ ডলারের চা আমদানি করলেও বাংলাদেশ থেকে নেয় নগণ্য পরিমাণে।
সব মিলিয়ে প্রতিযোগিতায় সক্ষম এমন ৫৪টি পণ্য রপ্তানি করে বাংলাদেশ বছরে গড়ে প্রায় ৭ কোটি ডলার আয় করে। এর সামান্য অংশ যায় দক্ষিণ এশিয়ার দেশগুলোতে। অথচ এই অঞ্চলের দেশগুলো বছরে একই পণ্য অন্য অঞ্চল থেকে আমদানিতে প্রায় ৩৫ কোটি ডলার ব্যয় করে।
এডিবির প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের ভান্ডারে রপ্তানি প্রতিযোগিতায় সক্ষম পণ্য আছে ১১২টি, পাকিস্তানের ১০২টি, শ্রীলঙ্কার ৮৩টি ও নেপালের ২৪টি।
বিনিয়োগ সম্ভাবনা ৪০ পণ্যে: এডিবির প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশে ৪০টি প্রক্রিয়াজাত পণ্য আছে, যেখানে বিনিয়োগ সম্ভাবনা ভালো। দেশি-বিদেশি বিনিয়োগকারীরা বাংলাদেশে এসব পণ্যে বিনিয়োগ করলে প্রতিযোগিতায় এগিয়ে থাকতে পারবে। বিনিয়োগের ক্ষেত্রে বাংলাদেশি সম্ভাবনাময় পণ্যের মধ্যে রয়েছে বিয়ার, কুঁড়ার মতো শস্যজাত পণ্য, বেকারি পণ্য, ফিশ ফিলেসহ মাছজাত পণ্য, আলুজাত পণ্য, জুসসহ ফলজাত পণ্য, হিমায়িত মাংস, প্রক্রিয়াজাত সবজি, পাস্তা, নুডলস, সস, সুগার কনফেকশনারি, চা ইত্যাদি।
শুল্ক ও অশুল্ক বাধা দূর করার ওপর জোর: এডিবির প্রতিবেদনে উল্লেখ করা হয়, দক্ষিণ এশীয় মুক্তবাণিজ্য চুক্তি (সাফটা) হলেও এতে বাণিজ্য বাধা দূর করতে কোনো সময়াবদ্ধ অঙ্গীকার নেই। এই অঞ্চলে কৃষিপণ্যের ওপর শুল্কহার অন্য পণ্যের চেয়ে বেশি, আমদানি-রপ্তানির প্রক্রিয়া জটিল এবং অবকাঠামো দুর্বল।
বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) মহাপরিচালক কে এ এস মুরশিদ বলেন, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাণিজ্যের সম্ভাবনা আছে, তা সবার জানা। কিন্তু বাস্তবে বাণিজ্য খুবই কম। যে শুল্কমুক্ত সুবিধা দেওয়া আছে, নানা অশুল্ক বাধার কারণে তা ব্যবহার করা যায় না। এখানে বড় সমস্যা ভারতের। ভারতের বাজারে সার্ক সদস্যদের ঢুকতে বেশ বেগ পেতে হয়।