প্রতিভাবান তিনজন উদ্যোক্তাকে সম্মাননা দিল ‘বণিক বার্তা’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের ব্যবসা-বাণিজ্যের বাংলা দৈনিক বণিক বার্তা প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রতিভাবান তিনজন উদ্যোক্তাকে সম্মাননা দিয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর সোনারগাঁও হোটেলে বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তাঁদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন পর্যটনমন্ত্রী ফারুক খান এবং সাবেক তত্ত্বাবধায়ক সরকারের দুজন উপদেষ্টা রোকেয়া আফজাল রহমান ও হোসেন জিল্লুর রহমান।সম্মাননা পাওয়া ব্যক্তিরা হলেন: পাবনার ঈশ্বরদী উপজেলার ভাড়ইমারী গ্রামের কৃষক জাহিদুল ইসলাম, ফাইবার অপটিক নেটওয়ার্ক সলিউশনস বাংলাদেশ লিমিটেডের প্রধান নির্বাহী শারফ ইমদাদ এবং সিস্টেমস সলিউশন অ্যান্ড ডেভেলপমেন্ট টেকনোলজি লিমিটেডের (এসএসডি-টেক) প্রধান নির্বাহী মাহবুবুল মতিন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বণিক বার্তার সম্পাদক হানিফ মাহমুদ।প্রতিভাবান উদ্যোক্তার সন্ধানে বণিক বার্তার সহযোগী ছিল মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড, বিজনেস ইনোভেশন অ্যান্ড ইনকিউবেশন সেন্টার (বিআইআইসি) ও টিম ইঞ্জিন।