প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠক টেলিনর প্রধানের
নরওয়ের বহুজাতিক টেলিযোগাযোগ সেবাদাতা প্রতিষ্ঠান টেলিনর গ্রুপের একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন প্রতিনিধিদল সচিবালয়ে গতকাল রোববার ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিমের সঙ্গে সাক্ষাৎ করেছে। মুঠোফোন অপারেটর গ্রামীণফোনের মূল বিনিয়োগকারী প্রতিষ্ঠান টেলিনর। গ্রামীণফোনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে টেলিনর গ্রুপের চেয়ারপারসন গুন ওয়েরস্টেড, প্রেসিডেন্ট ও গ্রুপ প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সিগভে ব্রেক্কে প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। তাঁরা বাংলাদেশে টেলিযোগাযোগ শিল্পের অবস্থা, ডিজিটাল ক্ষমতায়নের সুযোগ, গ্রামীণফোনের মাধ্যমে বাংলাদেশে টেলিনরের দীর্ঘমেয়াদী বিনিয়োগ এবং টেলিযোগাযোগ শিল্পের ডিজিটালাইজেশন অব্যাহত রাখার বিষয়ে আলোচনা করেন। গ্রামীণফোনের সিইও পেটার বি ফারবার্গ ও চিফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসার মাহমুদ হোসেন এ সময় উপস্থিত ছিলেন।