মোবাইল আর্থিক সেবা নিয়ে ইউএনসিডিএফের গোলটেবিল আলোচনা
প্রতিযোগিতা বাড়াতে বাজার উন্মুক্ত করতে হবে
বাংলাদেশে সাধারণ মানুষকে ব্যাংকিং সেবার আওতায় আনতে মোবাইলভিত্তিক আর্থিক সেবার (এমএফএস) বাজারকে উন্মুক্ত করার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, বর্তমানে ২৮টি ব্যাংকের এই সেবা দেওয়ার অনুমতি থাকলেও বাজার নিয়ন্ত্রণ করছে মূলত দুটি প্রতিষ্ঠান। এ খাতে প্রতিযোগিতা আনতে ব্যাংকের বাইরে অন্য প্রতিষ্ঠানকেও সুযোগ দেওয়া দরকার। তবে তাঁদের সঙ্গে দ্বিমত পোষণ করে বাংলাদেশ ব্যাংক বলছে, ব্যাংক নিয়ন্ত্রিত মডেলেই চলবে এই সেবা।
ডিজিটাল আর্থিক লেনদেন ব্যবস্থা নিয়ে জাতিসংঘ ক্যাপিটাল ডেভেলপমেন্ট ফান্ড (ইউএনসিডিএফ) আয়োজিত এক গোলটেবিল আলোচনায় এমন মতামত উঠে এসেছে। ঢাকার সোনারগাঁও হোটেলে গতকাল মঙ্গলবার আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব ইউনুসুর রহমান। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইনস্টিটিউট অব মাইক্রোফাইন্যান্সের (আইএনএম) নির্বাহী পরিচালক মুস্তফা কে মুজেরী। এমএফএস সেবাদাতা প্রতিষ্ঠান, মোবাইল অপারেটরসহ খাত সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশ নেন।
প্রবন্ধে বলা হয়, এমএফএসের বাজারে প্রতিযোগিতার অভাব রয়েছে। সুস্থ প্রতিযোগিতা নিশ্চিত করতে সেবা দিতে আগ্রহী অন্য প্রতিষ্ঠানের জন্য বাজার উন্মুক্ত করা যেতে পারে। এতে সেবার ক্ষেত্র বাড়বে, নতুন প্রযুক্তি আসবে। একই সঙ্গে সেবাদাতা বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে আর্থিক লেনদেনের সুবিধা নিশ্চিত করতে হবে। এ জন্য কেন্দ্রীয় ব্যাংক বিটিআরসিকে মোবাইল অপারেটর ও সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় বাড়াতে হবে।
এমএফএস সেবায় ব্যাংক ও মোবাইল অপারেটরদের দূরত্বের বিষয়টি তুলে ধরে প্রবন্ধ উপস্থাপনায় বলা হয়, অপারেটরদের প্রতিদ্বন্দ্বী না ভেবে অংশীদার হিসেবে ব্যাংকগুলোকে গণ্য করতে হবে। এ জন্য এমএফএসের বর্তমান নীতিমালার সংশোধন করে দীর্ঘমেয়াদি লক্ষ্য ঠিক করতে হবে।
তবে আলোচনায় অংশ নিয়ে এমএফএস সেবা ব্যাংক নিয়ন্ত্রিত মডেলেই চলবে বলে জানান বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্যে তিনি বলেন, আর্থিক খাতের স্বচ্ছতার জন্য এমএফএসকে ব্যাংক নিয়ন্ত্রিত মডেলেই পরিচালিত করা হবে। যদিও সাম্প্রতিক সময়ে মোবাইল ব্যাংকিং ব্যবহার করে হুন্ডির মাধ্যমে বিদেশ থেকে টাকা পাঠানোর প্রবণতা বেড়েছে। এতে প্রবাসী আয়ে নেতিবাচক প্রভাব পড়ছে। তবে নিশ্চয়তা দিয়ে বলতে পারি, শিগগির এ সমস্যা কেটে যাবে।
মোবাইল অপারেটরদের সংগঠন অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশের (অ্যামটব) মহাসচিব টি আই এম নুরুল কবীর বলেন, অপারেটররা এই সেবার একটি গুরুত্বপূর্ণ অংশীদার। এমএফএসকে শুধু ব্যাংক নিয়ন্ত্রিত না রেখে সবার জন্য উন্মুক্ত করতে হবে। এই সেবার নিয়ন্ত্রণে বাংলাদেশ ব্যাংক ছাড়াও বিটিআরসি ও আইনশৃঙ্খলা বাহিনী যাতে ভূমিকা রাখতে পারে, সেটিও নিশ্চিত করতে হবে।
বিকাশের প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদির বলেন, এই সেবা কীভাবে দেওয়া উচিত সে বিষয়ে যথেষ্ট তথ্য-উপাত্ত সবার কাছেই রয়েছে। এখান থেকে একটি সমাধানে আসতে না পারা হবে লজ্জাজনক।
ডাচ্-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আবুল কাশেম মো. শিরীন বলেন, মোবাইল অপারেটরদের কাছে অবকাঠামো সংযোগ না পাওয়ায় অনেক ব্যাংক এমএফএস চালু করতে পারছে না। এমএফএসের নিষ্ক্রিয় হিসাব কমাতে এজেন্টের মাধ্যমে লেনদেন বন্ধে জোর দেন তিনি।
অনুষ্ঠানের প্রধান অতিথি ইউনুসুর রহমান বলেন, এমএফএসের মাধ্যমে আর্থিক অন্তর্ভুক্তি বাড়ানোই সরকারের লক্ষ্য। এ জন্য প্রয়োজনীয় সব ধরনের সহায়তা সরকার দিয়ে যাবে।
ইউএনসিডিএফের এশিয়া অঞ্চলের সমন্বয়ক ফয়সাল হুসেইনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর সুদীপ্ত মুখার্জি। স্বাগত বক্তব্য দেন শিফট ইন বাংলাদেশের প্রকল্প সমন্বয়ক আশরাফুল আলম।