প্রতিযোগিতায় পেছনে হাঁটবে বাংলাদেশ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

গ্যাসের দাম বাড়ানোর কারণে দেশের শিল্প খাতে নেতিবাচক প্রভাব পড়তে পারে। শিল্প খাত-সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, এই দাম বাড়ার কারণে বিশ্ববাজারে প্রতিযোগিতায় পিছিয়ে পড়বে বাংলাদেশ। অর্থনীতিবিদেরা মনে করেন, এই মূল্যবৃদ্ধির বিষয়টি তেমন যৌক্তিক হয়নি। আবার কেউ কেউ বলছেন, দাম সমন্বয়ের প্রয়োজন থাকলে তা সব জ্বালানির ক্ষেত্রে হওয়া দরকার ছিল। তাহলে অর্থনীতিতে নেতিবাচক প্রভাব কম পড়ত।

গত বৃহস্পতিবার সব ধরনের গ্রাহকের ক্ষেত্রে গ্যাসের দাম বাড়ানোর ঘোষণা দেয় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। দুই দফায় মার্চ ও জুনে দাম বাড়ানোর ঘোষণা আসে। নতুন দাম অনুযায়ী জুনে শিল্প ব্যবহৃত গ্যাসের দাম প্রতি ঘনমিটারে হচ্ছে ৭ টাকা ৭৬ পয়সা, যা আগে ৬ টাকা ৭৮ পয়সা ছিল। অর্থাৎ শিল্পে ব্যবহৃত গ্যাসের দাম বাড়ানো হয়েছে ১৫ দশমিক ১৩ শতাংশ।

তৈরি পোশাক কারখানা মালিকদের সংগঠন বিজিএমইএর সাবেক সভাপতি আনোয়ার উল আলম চৌধুরী পারভেজ জানান, গ্যাসের দাম বাড়ানোর কারণে স্পষ্টভাবে প্রতিযোগিতায় পিছিয়ে পড়বে বাংলাদেশ।

পারভেজ বলেন, ‘চলতি বছর বিশ্বে এমনিতেই রাজনৈতিক পট বদল হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প আসার পর থেকেই বিভিন্ন দেশের মুদ্রা দুর্বল হয়ে পড়েছে। ইউরোপ, যুক্তরাজ্যের মুদ্রার অবমূল্যায়ন হয়েছে। এমন অবস্থায় আমাদের গ্যাসের দাম বাড়ানোর কারণে পণ্যমূল্য বেড়ে যাবে। এসব দেশের ক্রেতারা প্রতিযোগী দেশগুলোর দিকে ঝুঁকবেন, যার নেতিবাচক প্রভাব স্পষ্ট। এখন বিশ্ববাজার ব্যাপক প্রতিযোগিতামূলক, আমাদের সামান্য দুর্বলতার কারণে বাজার চলে যেতে পারে অন্য দেশের কাছে। এমনিতেই রপ্তানিতে আমাদের প্রবৃদ্ধি বেশ কম। ভিয়েতনাম, ভারত আমাদের শক্ত প্রতিদ্বন্দ্বী, তা আমাদের মাথায় রাখতে হবে।’

দীর্ঘদিন ধরেই মোট রপ্তানি আয়ের ৮১ শতাংশের বেশি পোশাক খাত থেকে আসে। চলতি অর্থবছরের প্রথম সাত মাসে ১ হাজার ৬৪১ কোটি ডলারের পোশাক রপ্তানি হয়েছে। গত অর্থবছরের একই সময়ের চেয়ে এ খাতে প্রবৃদ্ধি হয়েছে মাত্র ৪ দশমিক ১৪ শতাংশ। তবে আলোচ্য সময়ের লক্ষ্যমাত্রার চেয়ে পোশাকের রপ্তানি আয় ৫ শতাংশ কম। মূলত পোশাক রপ্তানিতে ভালো প্রবৃদ্ধি না করার কারণেই সামগ্রিক পণ্য রপ্তানিতে ভালো করতে পারছে না বাংলাদেশ।

আনোয়ার উল আলম চৌধুরী জানান, শুধু তৈরি পোশাক নয়, এই সংশ্লিষ্ট প্রতিটি খাতেই নেতিবাচক প্রভাব পড়বে। ঋণ নিয়ে যাঁরা ব্যবসা করছেন, তাঁদের ব্যাংক ঋণ পরিশোধ করা কঠিন হয়ে পড়বে। সে ক্ষেত্রে দেখতে গেলে ব্যাংকেও ঋণ খেলাপি বেড়ে যাবে। এবং একটা সময় ঋণের ক্ষেত্রে ব্যাংক চাইলেও সুদের হার কমাতে পারবে না।

এ ছাড়া গ্যাসের দাম বাড়ানোর কারণে সরকার জোর দিলেও বেসরকারি খাতের বিনিয়োগ কমবে বলে মনে করেন তিনি।

২০১৫ সালের ১ সেপ্টেম্বর সার ও বিদ্যুৎ উৎপাদন খাত বাদে সব শ্রেণির গ্রাহকের গ্যাসের দাম বাড়ানো হয়। সব গ্রাহক শ্রেণির গ্যাসের দাম সবশেষ বাড়ানো হয় ২০০৯ সালের জানুয়ারিতে। এত দ্রুত আবার গ্যাসের দাম বাড়ানোর কারণে এই ব্যয় পূরণ করা কঠিন হবে বলে মনে করছে বস্ত্র খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা। বিশেষ করে স্পিনিং বা সুতা তৈরির মিলগুলো অস্তিত্বের সংকটে পড়বে। সুতা উৎপাদনের খরচ বাড়লে বেশি দামে সুতা নিতে হবে বস্ত্রকলগুলোকে।

বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের পরিচালক (বিটিএমএ) খোরশেদ আলম বলেন, ‘দেড় বছর আগে ১০০ ভাগ দাম বাড়ানো হয়েছিল। সেই ক্ষতিই এখনো পূরণ করতে পারিনি। আবার বাড়ানোর ক্ষেত্রে অন্তত তিন বছরের ব্যবধান থাকা উচিত ছিল। আমরা যারা গার্মেন্টসে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ সাপ্লাই করি, তারা অনেক ক্ষতিগ্রস্ত হব। গার্মেন্টস চাইলেও আমাদের দাম বেশি দিতে পারবে না। তাদের দাম বাড়ানোর জন্য অনেক বিষয় থাকে।’

খোরশেদ আলম বলেন, আগে বস্ত্রশিল্পে সরকার প্রণোদনা দিত। এখন দেওয়া হয় না। এ অবস্থায় এই মূল্যবৃদ্ধির কারণে কারখানা চালু রাখাই দায় হয়ে পড়বে ব্যবসায়ীদের।

এদিকে গ্যাসের দাম বাড়ানোর যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন অর্থনীতিবিদেরা। তাঁরা মনে করছেন এতে মূল্যস্ফীতি বাড়বে।

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা এ বি মির্জ্জা মো. আজিজুল ইসলাম বলেন, গ্যাসের দাম বাড়ায় শিল্প ক্ষেত্রে উৎপাদন খরচ বাড়বে। উৎপাদনকারীরা বাজারেও দাম বাড়িয়ে দেবে। এর ফলে মূল্যস্ফীতি বাড়বে। উৎপাদন খরচের সঙ্গে পরিবহন খরচও যোগ হয়। অভ্যন্তরীণ পরিবহন খরচ বাড়বে। মূল্যস্ফীতি বাড়বে। গ্যাসের সংযোগ নিতে হয় স্বল্প-মধ্য-ধনী সব শ্রেণির মানুষের। ৪০ থেকে ৫০ শতাংশ গৃহস্থালি গ্রাহকের গ্যাসের দাম বাড়ার কারণে জীবনযাত্রার মানের ওপর নেতিবাচক প্রভাব পড়বে।

নতুন দাম অনুয়ায়ী, গৃহস্থালি খাতে আগামী ১ জুন থেকে মাসিক বিল এক চুলার ক্ষেত্রে ৯০০ ও দুই চুলার ক্ষেত্রে ৯৫০ টাকা ধার্য করা হয়েছে। এ ছাড়া সিএনজির দাম ১ জুন থেকে হবে ৪০ টাকা, যা আগে ছিল ৩৫ টাকা। বিইআরসির চেয়ারম্যান মনোয়ার ইসলাম দাম বাড়ানোর আদেশ দেওয়ার সময় বলেন, যে দামে গ্যাস কেনা হয়, বিক্রি করা হয় তার চেয়ে কম দামে। কেনা ও বেচার দামের মধ্যকার ব্যবধান দূর করা এবং দেশের সব মানুষের জন্য জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করাই দাম বাড়ানোর লক্ষ্য। এ ক্ষেত্রে ভোক্তাদের দায়ভার যেন বেশি না বাড়ে, সেদিকে খেয়াল রাখা হয়েছে।

তবে মির্জ্জা আজিজুল ইসলাম মনে করেন, গ্যাসের দাম বাড়ানোর কোনো যৌক্তিকতা এখন ছিল না। তিনি বলেন, প্রথম কথা গ্যাসের দাম বাড়ানোর যৌক্তিকতা কী? দাম কম বা বেশি তো মাপকাঠিতে বিচার করতে হবে। গ্যাসের ক্ষেত্রে তো সরকার ভর্তুকি দেয় না।

এ দিকে সব ধরনের জ্বালানির দাম সমন্বয় হলে এই প্রভাব কম হতো বলে মনে করেন বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) অতিরিক্ত গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম। তিনি মনে করেন, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে দাম কমানো বা বাড়ানো উচিত।

গোলাম মোয়াজ্জেম বলেন, সরকার সামগ্রিকভাবে জ্বালানি সমন্বয় করলে প্রভাব নিম্ন মাত্রায় হতো। তাহলে এই বাড়ানোর যৌক্তিকতা নিয়ে প্রশ্ন আসত না। অর্থমন্ত্রী জানিয়েছেন গ্যাসের পর বিদ্যুতের দামও বাড়ানো হবে। তবে এসব ক্ষেত্রে যদি আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে তেলের দাম কমানো হতো, তাহলে জ্বালানি ক্ষেত্রে দামের সমন্বয় হতো। তাই আন্তর্জাতিক বাজারের সঙ্গে মিল রেখে ও বাজারভিত্তিক কাঠামো অনুযায়ী দাম সমন্বয়ের প্রয়োজন।

গোলাম মোয়াজ্জেম মনে করেন, গ্যাসের দাম বাড়ানোর ক্ষেত্রে সরকার রাজস্ব বৃদ্ধির বিষয়টি আমলে নিয়েছে। এ ছাড়া জ্বালানির সংকটের কারণে দাম বাড়ানো হয়েছে, এটিকে একটি যৌক্তিক কারণ বলা যেতে পারে। তবে সব জ্বালানির ক্ষেত্রেই দাম সমন্বয়ের প্রয়োজন ছিল।