ব্যবসা-বাণিজ্যে সুস্থ ও প্রতিযোগিতামূলক পরিবেশ নিশ্চিত করার জন্য প্রতিযোগিতা আইন হয়েছে দেশে। কিন্তু সেই আইনের উদ্দেশ্য পূরণে প্রতিযোগিতা কমিশন আর গঠিত হচ্ছে না। আইন বাস্তবায়নের জন্য দরকার বিধিমালা। তৈরি করা হচ্ছে না তা-ও। আইন পাস হওয়ার এরই মধ্যে পার হয়ে গেছে ১৫ মাস।
অথচ ২০১২ সালের ১২ জুন পাস হওয়া প্রতিযোগিতা আইন, ২০১২-এর দ্বিতীয় অধ্যায়ে বলা হয়েছে, ‘এই আইন প্রবর্তনের পর, যথাশিগগির সম্ভব, সরকার, সরকারি গেজেটের প্রজ্ঞাপন দ্বারা, এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন নামে একটি কমিশন গঠন করবে।’
আইন পাস হওয়ার আগে এর উদ্দেশ্য ও কারণসংবলিত বিবৃতিতে বাণিজ্যমন্ত্রী গোলাম মোহাম্মদ কাদেরও বলেছিলেন, ‘উদার বাণিজ্যব্যবস্থার সুযোগ গ্রহণ করে কিছু স্বার্থান্বেষী ব্যক্তি বা প্রতিষ্ঠান বাজারের স্বাভাবিক গতিকে ব্যাহত করছে। নিজেদের স্বার্থ চরিতার্থ করার প্রচেষ্টা চালাচ্ছে তারা। সুস্থ প্রতিযোগিতার পরিবেশকে নষ্ট করছে বলেও অভিযোগ রয়েছে। এতে ভোক্তাসাধারণের স্বার্থ বিঘ্নিতসহ দেশের সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডে বিরূপ প্রভাব পড়ছে। ব্যবসা-বাণিজ্য প্রসারের সুফল পাওয়া এবং সুস্থ প্রতিযোগিতার পরিবেশ নিশ্চিত করার জন্য তাই প্রতিযোগিতা আইন প্রণয়ন করা জরুরি।’
প্রতিযোগিতা আইন প্রয়োগের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে বাণিজ্য মন্ত্রণালয় থেকে জানা যায়, এই আইন করার অন্যতম কাজ হলো প্রতিযোগিতা কমিশন গঠন। কিন্তু ১৫ মাসে বাণিজ্য মন্ত্রণালয় এ ব্যাপারে কিছুই করতে পারেনি।
তবে কমিশন গঠিত না হলেও সম্প্রতি একজন যুগ্ম সচিবকে ‘কমিশনের সচিব’ নিয়োগ দিয়েছে সরকার। সচিবের নাম সুজায়েত উল্লাহ। এই সচিব বিধিমালা প্রণয়নে কাজ করবেন বলে জানা গেছে।
যোগাযোগ করলে বাণিজ্যসচিব মাহবুব আহমেদ গতকাল শনিবার প্রথম আলোকে বলেন, ‘প্রতিযোগিতা কমিশন গঠনের কাজটি একটু দেরি হয়ে গেলেও সচিব নিয়োগের পর এখন তা দ্রুতগতিতেই এগোবে।’
আইনের দ্বিতীয় অধ্যায়ের ১২ ধারা অনুযায়ী এই নিয়োগ দেওয়া হয়েছে বলে জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। ধারাটিতে বলা হয়েছে, ‘কমিশনের একজন সচিব থাকবেন, যিনি সরকার কর্তৃক নিয়োগপ্রাপ্ত হবেন এবং তাঁর চাকরির শর্তাবলি সরকার কর্তৃক নির্ধারিত হবে।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে আইনের খসড়া এই বলে উপস্থাপন করা হয়েছিল যে, প্রতিযোগিতা আইন পাস হলে প্রতিযোগিতাবিরোধী কর্মকাণ্ড তদন্ত ও নিরূপণ করা সহজ হবে এবং ভোক্তারা প্রতিযোগিতামূলক পণ্যে মানসম্মত পণ্য পাবেন।
এ ছাড়া ব্যবসায়ীদের নৈতিকতা বৃদ্ধি, পণ্যের ব্র্যান্ডিংয়ের প্রসার, নতুন নতুন শিল্পোদ্যোক্তা গড়ে ওঠা, কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং মুক্ত বাণিজ্যের এ যুগেও ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা টিকে থাকতে পারবেন বলে বলা হয়েছিল।
বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, ব্যবসায়ীদের একটি অবৈধ চক্র (সিন্ডিকেট) পণ্যের সরবরাহ-ব্যবস্থা ব্যাহত করে। পণ্যমূল্যের ক্ষেত্রে তারা কর্তৃত্বময় ভূমিকায় নামে এবং পণ্যের অযৌক্তিক মূল্যবৃদ্ধির জন্যও তারা দায়ী। এত কিছুর পরও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আইনি কোনো হাতিয়ার নেই সরকারের কাছে। আর সে কারণেই প্রতিযোগিতা আইন করা হয়।
আইনটি প্রয়োগ করা হবে বাণিজ্যিক উদ্দেশ্যে কোনো পণ্য বা সেবার ক্রয়-বিক্রয়, উৎপাদন, সরবরাহ, বিতরণ এবং পণ্যের গুদামজাতকরণের সঙ্গে সম্পর্কিত সব ব্যবসাপ্রতিষ্ঠানের ক্ষেত্রে।
আইন অনুযায়ী একজন চেয়ারম্যান এবং চারজন কমিশনার নিয়ে গঠিত হবে প্রতিযোগিতা কমিশন। অর্থনীতি, বাজার-সম্পর্কিত বিষয় বা সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে আইনবিষয়ক কর্মকাণ্ডে ১৫ বছরের অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তিরা কমিশনের চেয়ারম্যান ও সদস্য হতে পারবেন।
আইনে প্রতিযোগিতা তহবিল নামে কমিশনের জন্য একটি তহবিল গঠনের কথা বলা হয়েছে। তহবিলে সরকারের বার্ষিক অনুদান, জমাকৃত ফি বা মাশুল, চার্জ, ব্যাংকে জমাকৃত অর্থের সুদ ও প্রচলিত বিধিবিধানের পরিপন্থী নয়—এমন যেকোনো উৎস থেকে কমিশন অর্থ সংগ্রহ করতে পারবে।
এদিকে প্রতিযোগিতা কমিশন গঠনের আগেই কমিশনের সচিব নিয়োগ দেওয়া হলো কেন—জানতে চাইলে বাণিজ্যসচিব প্রথম আলোকে বলেন, ‘আইন অনুযায়ী তা দেওয়া যায় বলেই আমরা জনপ্রশাসনে প্রস্তাব করেছিলাম। জনপ্রশাসন তা অনুমোদনও দিয়েছে।’
যোগাযোগ করলে সদ্য নিয়োগপ্রাপ্ত সচিব সুজায়েত উল্লাহ প্রথম আলোকে বলেন, ‘আমার আপাতত কাজ হবে আইনের আলোকে বিধিমালা তৈরি করা। এর পাশাপাশি প্রতিযোগিতা কমিশন গঠনের কাজেও আমাকে সময় দিতে হবে।’