সরকারি বিপণন সংস্থা টিসিবিকে (ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ) ব্যবসায়ীদের সঙ্গে প্রতিযোগিতা করার মানসিকতা গড়ে তুলতে নির্দেশনা দিলেন বাণিজ্যমন্ত্রী। প্রাতিষ্ঠানিক কার্যক্রম জোরদার করতে টিসিবিকে চার দফা নির্দেশনাও দিয়েছেন তিনি।রাজধানীর কারওয়ান বাজারের টিসিবি কার্যালয়ে গতকাল বুধবার টিসিবির আঞ্চলিক প্রধানদের সঙ্গে মতবিনিময়কালে বাণিজ্যমন্ত্রী ফারুক খান এসব নির্দেশনা দেন। সভায় টিসিবির চেয়ারম্যান সারওয়ার জাহান তালুকদারসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।বাণিজ্য মন্ত্রণালয়ের গতকালের নির্দেশনাগুলো হচ্ছে: আন্তর্জাতিক বাজারের গতি-প্রকৃতি লক্ষ করে নিম্ন বাজারমূল্যে ও খাদ্যপণ্যের উৎপাদন মৌসুমে পণ্য সংগ্রহ করা; পণ্য সঠিকভাবে গুদামজাত করা; সেবার মান বাড়ানো; এবং নির্ধারিত সময়ে পণ্য তুলে ডিলাররা নির্ধারিত দামে বিক্রি করছে কি না, তা তদারকি করা। তদারকির ক্ষেত্রে পণ্য সরবরাহের বিষয়টি স্থানীয় প্রশাসন ও সাংসদকে জানানোর নির্দেশনা দেওয়া হয়েছে। সঠিকভাবে গুদামজাত করার মধ্য দিয়ে ‘টিসিবির মাল পোকায় ধরেছে’ কিংবা ‘টিসিবির মাল নষ্ট’—এমন অপবাদ ঘোচানোর কথা বলা হয়েছে। সেবার মান বাড়ানোর ক্ষেত্রে গুদাম থেকে পণ্য তোলার সময় ডিলাররা যেন হয়রানিমুক্তভাবে দ্রুত পণ্য তুলতে পারেন, তা নিশ্চিত করার এবং পণ্য সরবরাহের সঠিক হিসাব রাখার নির্দেশনা দেয়া হয়েছে। মতবিনিময় সভায় যেসব ডিলার টিসিবির গুদাম থেকে টানা পাঁচ কিস্তির পণ্য তোলেননি, তাঁদের ডিলারশিপ বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। এতে জানানো হয়, পণ্যমূল্য সহনীয় রাখতে টিসিবি সারা দেশে দুই হাজার ৯০৫ জন ডিলার নিয়োগ করেছে। তাঁরা তেল, চিনি, ডালসহ নিত্যপণ্য সুলভে মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন।সভায় এখন থেকে টিসিবির ডিলারদের পণ্য সরবরাহ বাড়ানো এবং প্রতি মাসে একবার ও পবিত্র রমজান, পূজা ও কোরবানি ঈদ উপলক্ষে দুটি বিশেষ কিস্তিতে পণ্য দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।সভায় টিসিবিকে কার্যকর করতে বর্তমান সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন বাণিজ্যমন্ত্রী। এসবের মধ্যে রয়েছে: পণ্য কিনতে টিসিবিকে স্বল্প সুদে এক হাজার কোটি টাকার ঋণ প্রদান, টিসিবির নিজস্ব গুদামের নির্মাণ ও সংস্কার, মানুষকে কম দামে পণ্য সরবরাহের লক্ষ্যে ৬৯ কোটি টাকা ভর্তুকি দেওয়া ইত্যাদি। মতবিনিময়ে আলোচনার বিভিন্ন পর্যায়ে বাণিজ্যমন্ত্রী ফারুক খান বলেন, বাজারকে স্থিতিশীল রাখতে টিসিবির কাছে এখনো ছয় মাসের পণ্য মজুদ রয়েছে। ডিলারদের নির্ধারিত সময়ে গুদাম থেকে পণ্য না ওঠানোর বিষয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘পণ্যমূল্যের সঙ্গে রাজনীতির একটা সম্পর্ক রয়েছে। গুদাম থেকে মাল না তুলে কোনো কোনো ডিলার সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা করতে পারে। এ বিষয়ে সতর্ক থাকতে হবে।’ পণ্যমূল্য সহনীয় রাখতে আগামী দিনে টিসিবির ভর্তুকির প্রয়োজন হলে সরকার তা বিবেচনা করবে বলে জানান বাণিজ্যমন্ত্রী।তবে বর্তমান সরকারের প্রায় তিন বছরেও টিসিবিকে গতিশীল ও শক্তিশালী করতে অনেকবার নির্দেশনা দেওয়া হয়েছে। কিছুদিন পরপরই টিসিবিকে শক্তিশালী করার নির্দেশনা এসেছে। তবে এসব নির্দেশনার প্রায় কোনোটিই সেভাবে কার্যকর হয়নি, বরং নানা জটিলতার মধ্যে দিয়ে টিসিবির কর্মকাণ্ড সীমাবদ্ধ হয়েছে।