প্রতিযোগিতামূলক আইন দ্রুত পাসের তাগিদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে ভোক্তাপর্যায়ে পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করার জন্য দ্রুত প্রতিযোগিতামূলক আইন পাসের প্রয়োজন রয়েছে। এটি চূড়ান্ত করা হলে একই সঙ্গে পণ্যের উৎপাদন, কর্মসংস্থান ও দক্ষতা বৃদ্ধির পাশাপাশি নতুন নতুন পণ্য উৎপাদনের উদ্ভাবনী ক্ষমতা বাড়বে। এর ফলে শিল্প খাতে কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি অর্জন করে ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে পৃথিবীর ১১তম বৃহত্তর অর্থনীতির দেশে পরিণত করা সম্ভব হবে। গতকাল শনিবার ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত ‘খসড়া প্রতিযোগিতামূলক আইন’বিষয়ক সেমিনারে বক্তারা এ কথা বলেন। রাজধানীর মতিঝিলে ডিসিসিআই মিলনায়তনে ডিসিসিআইয়ের সভাপতি আসিফ ইব্রাহিমের সভাপতিত্বে সেমিনারে শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া প্রধান অতিথি ও শিল্পসচিব কে এইচ মাসুদ সিদ্দিকী বিশেষ অতিথি ছিলেন। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগের অধ্যাপক এ কে এম এনামুল হক। নির্ধারিত আলোচক হিসেবে সুপ্রিম কোর্টের আইনজীবী নিহাদ কবীর ও অগ্রণী ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান খন্দকার বজলুল হক উপস্থিত ছিলেন।প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া বলেন, শিল্পভিত্তিক অর্থনীতি গড়ে তোলার জন্য প্রতিযোগিতামূলক আইনের প্রয়োজন রয়েছে। এ আইন ভোক্তা ও উৎপাদনকারীর স্বার্থের মধ্যে ভারসাম্য রক্ষায় বিশেষ ভূমিকা রাখবে। রাজধানীর আবাসিক ভাড়াটিয়া ও শেয়ারবাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষায় প্রতিযোগিতামূলক আইন কার্যকর অবদান রাখবে বলে তিনি উল্লেখ করেন। তিনি পণ্যের বাজারমূল্য স্থিতিশীল রাখার ক্ষেত্রে যুক্তিসংগত হস্তক্ষেপের পাশাপাশি বাজারে সুষম প্রতিযোগিতা নিশ্চিত করার জন্য এ আইন জরুরি বলে জানান।বিশেষ অতিথির বক্তব্যে শিল্পসচিব কে এইচ মাসুদ সিদ্দিকী বলেন, বেসরকারি খাতের প্রসারের জন্য এ আইন জরুরি। তিনি সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। তিনি বিএসটিআই শক্তিশালীকরণের ওপর গুরুত্বারোপ করেন। ডিসিসিআইয়ের সভাপতি আসিফ ইব্রাহীম প্রস্তাবিত খসড়া আইন কার্যকর করার জন্য সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয়ের প্রস্তাব করেন। তিনি এ আইনে প্রস্তাবিত কম্পিটিশন কমিশনকে স্বচ্ছ, স্বাধীন ও নিরপেক্ষভাবে কাজ করার সুপারিশ প্রস্তাব করেন। তিনি প্রতিযোগিতার সঙ্গে সম্পর্কিত সব বিষয়ের সমন্বয়ের মাধ্যমে এ আইনের যথাযথ বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।বক্তারা বলেন, বাংলাদেশে আইন থাকলেও নানাবিধ সীমাবদ্ধতার কারণে সেগুলো বাস্তবায়িত হতে পারেনি। তাই প্রস্তাবিত কম্পিটিশন কমিশনের পূর্ণাঙ্গ বাস্তবায়ন খুবই গুরুত্বপূর্ণ। তাঁরা বলেন, কমিশনের রূপরেখা ও এর লোকবল নিয়োগের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে, যাতে যোগ্য ব্যক্তিদের নিয়োগ করা যায়। ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগের অধ্যাপক এ কে এনামুল হক সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন। তিনি বলেন, প্রতিযোগিতামূলক আইন ব্যবসার উৎপাদন ও দক্ষতা বাড়ানোর পাশাপাশি নতুন নতুন ব্যবসার ক্ষেত্র তৈরি করে এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে। সেমিনারে বত্তারা বলেন, প্রতিযোগিতামূলক আইন প্রণয়ন করা হলে পণ্যের যৌক্তিক মূল্য নিশ্চিত করার পাশাপাশি সরাসরি বৈদেশিক বিনিয়োগ বাড়বে। এটা দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতের নতুন উদ্যোক্তাদের জন্য বাজারে সুষম প্রতিযোগিতার সুযোগ সৃষ্টি করবে। এর ফলে দেশে দ্রুত শিল্পায়নের বিকাশ ঘটবে বলে তাঁরা উল্লেখ করেন। তাঁরা পণ্য ও সেবা শিল্পের বাজারে বিদ্যমান একচেটিয়া আধিপত্য, সিন্ডিকেট ও মজুতদারি প্রতিরোধে প্রতিযোগিতামূলক আইন রক্ষাকবচ হিসেবে ভূমিকা পালন করবে বলে জানান।