প্রতিযোগীদের মুদ্রার চাপে পড়েছে বাংলাদেশের রপ্তানি

উদীয়মান অর্থনীতির দেশগুলোর মুদ্রামানের বড় ধরনের দরপতনের প্রভাবে বাংলাদেশের রপ্তানি চাপের মুখে পড়েছে। বিশেষ করে, প্রধান রপ্তানিপণ্য তৈরি পোশাক খাতকে ইউরোপ ও আমেরিকার বাজারে বাড়তি প্রতিযোগিতার মধ্য দিয়ে যেতে হচ্ছে।
ব্রাজিল, ভারত, রাশিয়া, ইন্দোনেশিয়া, তুরস্কের মতো উদীয়মান অর্থনীতির দেশগুলোর মুদ্রা চলতি বছরের শুরু থেকেই মার্কিন ডলার ও ইউরোর বিপরীতে দর হারাতে শুরু করে। মার্চ-এপ্রিল মাস থেকে এই দেশগুলোর মুদ্রার দরপতন ত্বরান্বিত হয়। এর ফলে এই দেশগুলোর রপ্তানিকারকেরা এখন সমপরিমাণ পণ্য রপ্তানি করেও দেশজ মুদ্রায় আগের চেয়ে অনেক বেশি অর্থ পাচ্ছে। এটা তাদের প্রতিযোগিতায় এগিয়ে দিচ্ছে।
একই সময়ে বাংলাদেশের মুদ্রা টাকার মান কিছুটা শক্তিশালী হয়েছে। বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান থেকেই দেখা যায়, চলতি বছরের প্রথম সাত মাসে (জানুয়ারির তুলনায় জুলাই মাসে এসে) মার্কিন ডলারের বিপরীতে টাকার দর বেড়েছে ১ দশমিক ৮৩ শতাংশ।
সাধারণভাবে টাকা শক্তিশালী হলে রপ্তানিকারকেরা দেশীয় মুদ্রায় আগের তুলনায় কিছুটা কম অর্থ পেয়ে থাকে। তবে আমদানিকারকেরা আবার আগের চেয়ে কিছুটা কম দেশীয় মুদ্রা ব্যয় করে বৈদেশিক মুদ্রা ক্রয় করতে ও তার মাধ্যমে আমদানিব্যয় পরিশোধ করতে পারে।
বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) পরিসংখ্যান অনুসারে, বিশ্ববাজারে তৈরি পোশাক রপ্তানিতে চীন ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পর বাংলাদেশের অবস্থান। তবে ইইউভুক্ত দেশগুলোকে আলাদা করা হলে বাস্তবে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়। এরপর যথাক্রমে আছে ভারত, তুরস্ক, ভিয়েতনাম ও ইন্দোনেশিয়া।
আবার ইইউতে তৈরি পোশাকের শীর্ষ ১০ জোগানদাতার মধ্যে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়। এই বাজারে মোট রপ্তানির প্রায় ৪৩ শতাংশ এককভাবে চীন জোগান দেয়। বাংলাদেশ জোগান দেয় ১৩ দশমিক ১০ শতাংশ। প্রায় একই রকম জোগান দেয় তুরস্ক। আর ভারত দেয় ৬ দশমিক ২০ শতাংশ।
তবে এই বাজারে বাংলাদেশ শুল্কমুক্ত সুবিধা পেয়ে থাকে, যেখানে প্রতিযোগী দেশগুলো গড়ে ১০ থেকে ১২ শতাংশ শুল্ক দিয়ে প্রবেশ করে।
কিন্তু মুদ্রা বিনিময় হারে সুবিধাজনক অবস্থানে থাকায় এই দেশগুলো বাংলাদেশকে বাড়তি চাপের মুখে ফেলেছে। ভারতীয় মুদ্রা রুপি গত ছয় মাসে (১৫ মার্চ থেকে ১২ সেপ্টেম্বর, ২০১৩) ডলারের বিপরীতে ১৮ শতাংশ ও ইউরোর বিপরীতে ২০ দশমিক ৭৭ শতাংশ হারে দর হারিয়েছে। এর ফলে ভারতের তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারকেরা গড়ে ১০ থেকে ১২ শতাংশ প্রান্তিক সুবিধা পাচ্ছে।
ভারতীয় দৈনিক বিজনেস স্ট্যান্ডার্ড-এর এক প্রতিবেদন অনুসারে, রুপির দরপতনে ভারতের পোশাক রপ্তানিকারকেরা এখন চীন, বাংলাদেশ ও শ্রীলঙ্কার সঙ্গে প্রতিযোগিতায় সুবিধাজনক অবস্থানে চলে এসেছে। রপ্তানিকারকেরা দাম কমিয়ে দিতে শুরু করেছে।
আবার আলোচ্য সময়ে ডলার ও ইউরোর বিপরীতে তুরস্কের মুদ্রা লিরার দরপতন হয়েছে যথাক্রমে ১১ দশমিক ৬০ শতাংশ ও ১২ দশমিক ৪১ শতাংশ। তদুপরি মিসরে সামরিক অভ্যুত্থান ও রাজনৈতিক অস্থিতিশীলতায় বেশ কিছু কার্যাদেশ স্থানান্তরিত হয়ে চলে এসেছে তুরস্কে। সব মিলিয়ে আগামী দিনে ইউরোপের তৈরি পোশাকের বাজারে তুরস্ক বেশ ভালো অবস্থানে চলে যাবে বলে মনে করা হচ্ছে।
এমনকি বাংলাদেশের সাভারে রানা প্লাজা ধসে শতাধিক শ্রমিকের প্রাণহানির ঘটনায় বিশ্বজুড়ে যে সমালোচনার ঝড় উঠেছে, তাতে বাংলাদেশ থেকে পোশাক আমদানি কমিয়ে দেওয়ার কথাও উঠেছে। ভারতের মতো তুরস্কও এটাকে নিজেদের জন্য একটা বাড়তি সুযোগ হিসেবে দেখছে।
দক্ষিণ-পূর্ব এশিয়ার বৃহত্তম অর্থনীতি ইন্দোনেশিয়ার মুদ্রা রুপিয়াহও ক্রমাগত দর হারাচ্ছে। আলোচ্য ছয় মাসের ব্যবধানে ডলার ও ইউরোর বিপরীতে রুপিয়াহর দর কমেছে যথাক্রমে ১৭ দশমিক ৭০ শতাংশ ও ২০ দশমিক ৮০ শতাংশ। যদিও ইইউর তৈরি পোশাক বাজারের মাত্র ২ শতাংশ ইন্দোনেশিয়া জোগান দেয়, তার পরও মুদ্রা বিনিময় হারের সুবিধায় কম খরচে রপ্তানির সুযোগ তৈরি হয়েছে দেশটির। স্বাভাবিকভাবে তা বাংলাদেশি পোশাককে বাড়তি প্রতিযোগিতার চাপে ফেলবে।