প্রতিরক্ষা খাতে বরাদ্দ ১৪ হাজার কোটি টাকা
প্রতিরক্ষা খাতের জন্য ২০১৩-১৪ অর্থবছরে ১৪ হাজার ৫৬৫ কোটি ৫১ লাখ ১৫ হাজার টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। চলতি অর্থবছরে এই বরাদ্দ আছে ১২ হাজার ৯০২ কোটি টাকা। তবে সংশোধিত বাজেটে এই অঙ্ক দাঁড়িয়েছে ১৩ হাজার ৫১৭ কোটি টাকা। গতকাল সংসদে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত তাঁর বাজেট বক্তব্যে বলেন, একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবিলায় একটি আধুনিক ও শক্তিশালী সশস্ত্র বাহিনী গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। বর্তমানে সশস্ত্র বাহিনী দেশের বাইরেও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করছে। যে কারণে জাতিসংঘ শান্তি মিশনে সেনা পাঠানো দেশগুলোর মধ্যে বাংলাদেশ শীর্ষে রয়েছে। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বর্তমানে বাংলাদেশের প্রায় ছয় হাজার ৯৮৭ জন শান্তিরক্ষী কর্মরত আছেন। গত তিন বছরে বাংলাদেশ শান্তিরক্ষা মিশন থেকে মোট পাঁচ হাজার ৩৫৪ কোটি টাকা এবং চলতি অর্থবছরে এখন পর্যন্ত ৫৬১ কোটি টাকার সমপরিমাণ বৈদেশিক মুদ্রা এসেছে। অর্থমন্ত্রী আরও জানান, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর আধুনিক অস্ত্রশস্ত্র ও যুদ্ধ সরঞ্জাম কেনার মাধ্যমে সেনাবাহিনীর আধুনিকায়ন এবং ইউনিট ও সদর দপ্তরের অপারেশনাল সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে। নৌবাহিনীর আধুনিকায়ন ও সক্ষমতা বাড়াতে নৌ-কমান্ডো বাহিনী গঠনসহ নৌবাহিনীতে বিভিন্ন সরঞ্জাম সংযোজন করা হয়েছে।