প্রতিরক্ষা খাতে ২২ হাজার কোটি টাকা বরাদ্দ
প্রতিরক্ষা খাতে বাজেটের আকার চলতি অর্থবছরের তুলনায় প্রায় ৪ হাজার কোটি টাকা বৃদ্ধির প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। আগামী অর্থবছরের জন্য উন্নয়ন ও অনুন্নয়ন মিলিয়ে এ খাতে তিনি বরাদ্দ রেখেছেন ২২ হাজার ১৩০ কোটি টাকা।
অনুন্নয়ন-উন্নয়ন মিলিয়ে চলতি অর্থবছরে এ খাতে বরাদ্দ ছিল ১৮ হাজার ৩৮৩ কোটি টাকা। যদিও পরে সংশোধিত বাজেটে বাড়িয়ে তা ২০ হাজার ৬৯৪ কোটি টাকা করা হয়।
আগামী অর্থবছরের বরাদ্দের মধ্যে অনুন্নয়ন ব্যয় ২১ হাজার ৭২৪ কোটি ও উন্নয়ন ব্যয় ৪০৬ কোটি টাকা ধরা হয়েছে, যা মোট বাজেট ৩ লাখ ৪০ হাজার ৬০৫ কোটি টাকার ৫ দশমিক ৮ শতাংশ।
এবারের বাজেট বক্তৃতায় প্রতিরক্ষা খাত নিয়ে আলাদা করে তেমন কিছুই বলেননি অর্থমন্ত্রী। ‘নিরাপত্তা ও প্রতিরক্ষা’ শিরোনামের অনুচ্ছেদে আট লাইনের মধ্যে প্রতিরক্ষা খাত নিয়ে তিনি শুধু বলেন, ‘সেনা, নৌ, বিমান ও সীমান্ত রক্ষায় নিয়োজিত বাহিনীর সামর্থ্য ও কার্যক্ষমতা বৃদ্ধি এবং এসব বাহিনীর আধুনিকায়নে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।’