প্রতিরক্ষা বাজেট এবার ১৮,৩৮৩ কোটি টাকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিরক্ষা খাতে বাজেটের আকার ১ হাজার ৯২১ কোটি বৃদ্ধির প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। আগামী অর্থবছরের জন্য উন্নয়ন ও অনুন্নয়ন মিলিয়ে এ খাতে তিনি ব্যয় ধরেছেন ১৮ হাজার ৩৮৩ কোটি টাকা।
আগামীবারের জন্য প্রতিরক্ষা খাতের বরাদ্দ মোট বাজেট ২ লাখ ৯৫ হাজার ১০০ কোটি টাকার ৬ দশমিক ২ শতাংশ। প্রতিরক্ষা খাতের চেয়ে কম বরাদ্দ স্বাস্থ্য খাতের, যা বাজেটের ৪ দশমিক ৩ শতাংশ। আবার জ্বালানি ও বিদ্যুৎ খাতের বরাদ্দ প্রতিরক্ষা খাত থেকে একটু বেশি, ৬ দশমিক ৩ শতাংশ।
চলতি ২০১৪-১৫ অর্থবছরে প্রতিরক্ষা খাতে মূল বরাদ্দ ছিল ১৬ হাজার ৪৬২ কোটি টাকা। সে হিসাবে আগামীবারের জন্য ১ হাজার ৯২১ কোটি টাকা বেশি প্রস্তাব করা হয়েছে। যদিও মূল বাজেট থেকে সংশোধন করে চলতি অর্থবছরে এ খাতের বরাদ্দ বাড়িয়ে করা হয় ১৭ হাজার ৭৭০ কোটি টাকা। এই অঙ্ককে ভিত্তি ধরলে আগামীবারের জন্য প্রতিরক্ষা খাতে বেশি প্রস্তাব করা হয়েছে ৬১৩ কোটি টাকা।
বাজেট সংক্ষিপ্তসারে দেখা যায়, আগামীবারের জন্য এ খাতের অনুন্নয়ন ব্যয় ধরা হয়েছে ১৭ হাজার ৯৬৭ কোটি টাকা। আর উন্নয়ন ব্যয় ৪১৬ কোটি টাকা।

প্রতিরক্ষা খাতে বরাদ্দ মোট বাজেটের ৬.২%। এর চেয়ে কম বরাদ্দ স্বাস্থ্য খাতের, যা বাজেটের ৪.৩%। তবে জ্বালানি ও বিদ্যুৎ খাতের বরাদ্দ প্রতিরক্ষা খাত থেকে একটু বেশি, ৬.৩%

বাজেট পেশের আগের দিন অর্থমন্ত্রী এক প্রশ্নের জবাবে প্রথম আলোকে বলেছিলেন, প্রতিরক্ষা খাতের বাজেট নিয়ে আমাদের দেশে পাকিস্তানি প্রথা বা ট্র্যাডিশনের একটি ধারাবাহিকতা চলছে। তিনি মনে করেন, এ নিয়ে খোলামেলা আলোচনাও হতে কোনো অসুবিধা নেই।
বাজেট বক্তব্যে গতকাল অর্থমন্ত্রী বলেন, ‘উন্নত প্রশিক্ষণ, আধুনিক অস্ত্রশস্ত্র ও প্রযুক্তিনির্ভর সমরসম্ভার সংগ্রহ এবং অন্যান্য সুযোগ-সুবিধা বাড়ানোর মাধ্যমে সেনা, নৌ, বিমান ও সীমান্তরক্ষী বাহিনীর সামর্থ্য ও কার্যক্ষমতা বৃদ্ধি করছে সরকার। ইতিমধ্যে জাতীয় প্রতিরক্ষা নীতির একটি খসড়া প্রণয়ন করা হয়েছে। অচিরেই তা চূড়ান্ত করা হবে।’ সশস্ত্র বাহিনীর আধুনিকায়নের সাফল্যের কারণে জাতিসংঘ শান্তি মিশনে সৈন্য প্রেরণকারী দেশের মধ্যে বাংলাদেশ শীর্ষ অবস্থানে রয়েছে বলেও বক্তব্যে উল্লেখ করেন অর্থমন্ত্রী।
অথচ আবুল মাল আবদুল মুহিতই তাঁর ১৯৯১ সালে প্রকাশিত বাংলাদেশ পুনর্গঠন ও জাতীয় ঐকমত্য গ্রন্থে (৩৯-৪০ পৃষ্ঠা) মত প্রকাশ করেন ‘দেশের সম্পদের একটি বিরাট অংশ সামরিক অপব্যয়ে উবে যায়।’ একই গ্রন্থের ৬৬ পৃষ্ঠায় তিনি বলেন, ‘বাজেট বরাদ্দে সামরিক খাতে অনেক লুক্কায়িত খরচও সংযোজিত হয়।’
জনাব মুহিত ১৯৯৯ সালে প্রকাশিত রাজনৈতিক ঐকমত্যের সন্ধানে গ্রন্থেও লেখেন, ‘প্রতিরক্ষা প্রস্তুতিতে মূল্যবান সম্পদের অপচয় হচ্ছে, বিনিয়োগের জন্য সঞ্চয় থাকছে না।’
স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের (এসআইপিআরআই) ২০১২ সালে প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী ১৯৮৮-২০১১ সময়ে প্রতিরক্ষা খাতে বাংলাদেশের ব্যয় বেড়েছে প্রায় ১২ গুণ। এ খাতের ব্যয় ১৯৮৮ সালের ১ হাজার ৪ কোটি ৫০ লাখ টাকা থেকে ২০১২-১৩ অর্থবছরে বেড়ে দাঁড়ায় ১২ হাজার ৯৮৫ কোটি টাকা।