প্রতিরোধব্যবস্থা খুবই দুর্বল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তারেক উদ্দিন মোহাম্মদ , অধ্যাপক ও বিভাগীয় প্রধান পুরকৌশল ও পরিবেশবিজ্ঞান বিভাগ  ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি, গাজীপুর
তারেক উদ্দিন মোহাম্মদ , অধ্যাপক ও বিভাগীয় প্রধান পুরকৌশল ও পরিবেশবিজ্ঞান বিভাগ ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি, গাজীপুর

বাংলাদেশে যে প্রক্রিয়ায় ভবন নির্মাণ করা হয়, সেটি খুব দুর্বল। এ জন্য একটি ভবন যখন তৈরি করা হয়, তখন সেটি কত দিন টিকবে, এ বিষয়ে নির্মাণের সঙ্গে যুক্ত ব্যক্তিরা সুনির্দিষ্ট করে বলতে পারেন না। কারণ, কাজের মান সম্পর্কে তাঁরা নিজেই নিশ্চিত নন। ইস্পাতের কাঠামোয় যেসব ভবন তৈরি হয়, সেখানে মরিচা পড়লে সেটির স্থায়িত্ব সরাসরি ক্ষতিগ্রস্ত হতে পারে। মরিচাজনিত ক্ষয়ের কারণে একটি ভবনের স্থায়িত্ব কমে যায়।

একটি ভবন তৈরিতে সিমেন্ট, ইস্পাত, বালুর মতো যেসব উপকরণ ব্যবহার করা হয়, সেগুলোর পরিমাণ প্রকৃতিতে নির্দিষ্ট। বারবার নির্মাণের কারণে এসব পণ্যের বেশি ব্যবহার হওয়ায় তা প্রকৃতির ওপর একটি নেতিবাচক প্রভাব ফেলছে। আগামী ১০০ বছর পর সিমেন্ট তৈরির কাঁচামাল লাইমস্টোন শেষ হয়ে যাবে। এ বিষয়গুলো ভেবে দেখতে হবে।

মরিচাজনিত ক্ষয়ের কারণে বাংলাদেশের যে আর্থিক ক্ষতি হচ্ছে, সেটা সম্পর্কে সাধারণ মানুষ তো বটেই, সরকারি-বেসরকারি অনেক প্রতিষ্ঠানই জানে না। এ বিষয়ে সচেতন করার জন্য ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি) সচেতনতামূলক বেশ কয়েকটি সেমিনারের আয়োজন করলেও দুঃখজনকভাবে সেখানে অংশগ্রহণকারীদের সংখ্যা খুব কম হয়।

মরিচাজনিত ক্ষতি নিয়ে গবেষণা করার জন্য আইইউটি এ বছরে ৬০ লাখ টাকার যন্ত্রপাতি কিনেছে। আমরা চাচ্ছি শুধু বাংলাদেশ নয়, ওআইসিভুক্ত (ইসলামি দেশের জোট) সব দেশেই এ বিষয়ে সচেতনতা বাড়াতে। বাংলাদেশের উপকূলীয় এলাকায় সাইক্লোন সেন্টারগুলো তৈরিতে অনেক অর্থ খরচ করা হয়। কিন্তু নির্মাণ প্রক্রিয়ায় ত্রুটির কারণে এসব ভবন ব্যবহার করা হয় খুব কম সময়ের জন্য। সাইক্লোন সেন্টার তৈরিতে অর্থের অপচয় বন্ধে এ জন্য স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরকে আইইউটি একটি প্রস্তাব দিয়েছিল। কিন্তু কাজটি আইইউটিকে দেওয়া হয়নি। চট্টগ্রাম বন্দরের অবকাঠামোগুলোকে মরিচাজনিত ক্ষয়ের হাত থেকে রক্ষা করতে একটি প্রস্তাব সম্প্রতি আইইউটি দিয়েছে।