প্রতিশ্রুত শিল্পে আগস্টের মধ্যে গ্যাস-সংযোগ দাবি

গ্যাস সঞ্চালন ও বিতরণকারী প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে প্রতিশ্রুতি পাওয়া (ডিমান্ড নোট ইস্যু হওয়া) শিল্প-কারখানাগুলোকে আগস্টের মধ্যে গ্যাস-সংযোগ দেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই)।
ব্যবসায়ীদের শীর্ষ সংগঠনটি বলেছে, দেশে কয়েক বছরে অনেক বড় বড় শিল্পপ্রতিষ্ঠান গড়ে উঠেছে। এসব শিল্পের জন্য তিতাসসহ গ্যাস সঞ্চালন ও বিতরণকারী অন্যান্য প্রতিষ্ঠান গ্যাস-সংযোগের ডিমান্ড নোটও ইস্যু (সব প্রক্রিয়া শেষ, সংযোগ দেওয়া বাকি) করেছে। কিন্তু গ্যাস-সংযোগ না পাওয়ায় প্রতিষ্ঠানগুলো উৎপাদনে যেতে পারছে না এবং লোকসান গুণছে।
এফবিসিসিআই সভাপতি আবদুল মাতলুব আহমাদ গতকাল বুধবার সংবাদ সম্মেলন করে এসব কথা বলেন। ঢাকায় মতিঝিলে ফেডারেশন ভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এফবিসিসিআইয়ের নেতারা গতকাল সকালে প্রধানমন্ত্রীর জ্বালানিবিষয়ক উপদেষ্টা তৌফিক-ই এলাহী চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করে গ্যাস-সংযোগের বিষয়ে কথা বলেন। এরপর দুপুরে সংবাদ সম্মেলনটি করা হয়।
লিখিত বক্তব্যে এফবিসিসিআই সভাপতি বলেন, চাহিদা অনুযায়ী গ্যাস-বিদ্যুৎ সরবরাহ না থাকায় অনেক শিল্প-কারখানা পূর্ণ সক্ষমতায় উৎপাদনে যেতে পারছে না। তাই এসব প্রতিষ্ঠানে বিভিন্ন ব্যাংকের অর্থায়ন ঝুঁকিতে পড়েছে। অনেক শিল্পপ্রতিষ্ঠান অপর্যাপ্ত বিদ্যুৎ সরবরাহের কারণে ক্যাপটিভ পাওয়ার (নিজস্ব ব্যবস্থাপনায় বিদ্যুৎ উৎপাদন) ব্যবহার করছে। এতে উৎপাদন খরচ বাড়ছে, ব্যবসাও সম্প্রসারণ করা যাচ্ছে না। প্রতিযোগিতায় পিছিয়ে পড়তে হচ্ছে। এ অবস্থায় বিনিয়োগে উৎসাহ দিতে এবং চলমান উৎপাদনব্যবস্থা অব্যাহত রাখতে নিরবচ্ছিন্ন গ্যাস-বিদ্যুৎ সরবরাহের বিকল্প নেই।
বিদেশি ক্রেতাদের চাহিদা অনুযায়ী বিভিন্ন পোশাক কারখানা স্থানান্তরের প্রক্রিয়া চলছে উল্লেখ করে মাতলুব আহমাদ বলেন, এসব প্রতিষ্ঠানকে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ পেতে নতুন করে আবেদন করতে হচ্ছে। স্থানান্তরিত প্রতিষ্ঠানে আগের অনুমোদনেই বিদ্যুৎ-গ্যাস সরবরাহ নিশ্চিত করা উচিত। আবার যেসব শিল্প-কারখানা গ্যাসচালিত জেনারেটরের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করে সেগুলোতে অগ্রাধিকারভিত্তিতে গ্যাসের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা প্রয়োজন।
এফবিসিসিআই সভাপতি ভাড়াভিত্তিক বিদ্যুৎকেন্দ্রসহ পুরোনো ও বন্ধ হয়ে যাওয়া সরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো সরকারি-বেসরকারি অংশীদারির (পিপিপি) আওতায় এনে প্রয়োজনীয় সংস্কারের (বিএমআরই) মাধ্যমে পুনরায় চালুর প্রস্তাব দেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে মাতলুব আহমাদ বলেন, ‘এফবিসিসিআই ভবিষ্যতে বিদ্যুৎভিত্তিক শিল্প করার জন্য ব্যবসায়ীদের উৎসাহিত করবে। সরকার বিদ্যুৎ সরবরাহ করবে, ব্যবসায়ীরা শিল্প-কারখানা করবে।’
আরেক প্রশ্নের জবাবে মাতলুব বলেন, সুদের হার এখন অনেকটা কমে এসেছে। সুদের হার নিয়ে কাজ করার জন্য আগস্টে এফবিসিসিআই একটি কমিটি ঘোষণা করবে। ওই কমিটি প্রয়োজনীয় কর্মপন্থা ঠিক করবে।
সংবাদ সম্মেলনে ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স, বাংলাদেশের (আইসিসিবি) সভাপতি মাহবুবুর রহমান বলেন, ‘যেসব শিল্পপ্রতিষ্ঠানকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তাদের দ্রুত গ্যাস-সংযোগ দেওয়া হোক। আমরা নতুন করে গ্যাস-সংযোগ চাই না।’
এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি এ কে আজাদ এক প্রশ্নের জবাবে বলেন, এ পর্যন্ত ৭০টির মতো শিল্প-কারখানার পক্ষে ডিমান্ড নোট ইস্যু করা হয়েছে। এর মধ্যে মাত্র ৮-১০টি শিল্পে গ্যাস-সংযোগ দেওয়া হয়েছে।
এফবিসিসিআইয়ের বর্তমান সহসভাপতি ও চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম বলেন, গ্যাস-সংযোগ পাওয়ার প্রতিশ্রুতি পেয়ে অনেক শিল্প-কারখানার মালিক যন্ত্রপাতি ও সরঞ্জাম আমদানি করে এনেছেন। কিন্তু গ্যাস-সংযোগ না পাওয়ায় তাঁরা উৎপাদনে যেতে পারছেন না।
সংবাদ সম্মেলনে এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি কাজী আকরাম উদ্দিন আহ্মদ ও বর্তমান পরিচালকেরা উপস্থিত ছিলেন।