প্রতিশ্রুতি অনুযায়ী অর্থ ছাড়ে পিছিয়ে বিশ্বব্যাংক
সামাজিক বিনিয়োগ কর্মসূচি নামক একটি প্রকল্পে বাংলাদেশকে ১০ কোটি ১২ লাখ ডলার সহায়তার প্রতিশ্রুতি দিয়েছিল বিশ্বব্যাংক। প্রকল্পটির মেয়াদ শেষ হতে দেড় মাস বাকি। আগামী ৩০ জুন শেষ হবে এ প্রকল্প। অথচ প্রতিশ্রুত অর্থ থেকে অর্ধেক অর্থাৎ পাঁচ কোটি ১৮ লাখ ডলার মাত্র ছাড় করেছে বিশ্বব্যাংক। বাকি চার কোটি ৯৪ লাখ ডলারের পরিণতি কী হবে, কেউ জানে না।২০১২ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত এভিয়ান ফ্লু প্রিপেয়ার্ডনেস নামক একটি প্রকল্পেও বিশ্বব্যাংকের সহায়তা প্রতিশ্রুতি ছিল এক কোটি ২২ লাখ ডলার। এ প্রকল্পে এখন পর্যন্ত ২৮ লাখ ডলার ছাড় করেছে বিশ্বব্যাংক। অর্থাৎ এখনো বাকি ৯৪ লাখ ডলার।এভাবে চলতি ২০১১ থেকে আগামী ২০১৬ সাল পর্যন্ত পাঁচ বছরের মেয়াদে বাংলাদেশকে মোট ২৭টি প্রকল্পে অর্থ-সহায়তা করবে বিশ্বব্যাংক। প্রকল্পগুলোতে বিশ্বব্যাংক ৩৫৭ কোটি ১৭ লাখ ডলার বা ২৫ হাজার ৭১৬ কোটি ২৪ লাখ টাকা (প্রতি ডলার ৭২ টাকা ধরে) বাংলাদেশকে সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে। তবে এখন পর্যন্ত এর মধ্যে অর্থ ছাড় করা হয়েছে ১৪৪ কোটি ৩১ লাখ ডলার বা ১০ হাজার ৩৯০ কোটি ৩২ লাখ টাকা। বাকি রয়েছে ২১২ কোটি ৮৬ লাখ ডলার বা ১৫ হাজার ৩২৫ কোটি ৯২ লাখ টাকা। বিশ্বব্যাংকের তথ্য থেকেই এসব পরিসংখ্যান পাওয়া গেছে।বিশ্বব্যাংকের পক্ষ থেকে অবশ্য অর্থ ছাড়ের পূর্বশর্ত হিসেবে বরাবরই দুর্নীতি এবং সুশাসনের অভাবের বিষয়টিকে সামনে আনা হয়। তবে সরকার প্রত্যক্ষভাবে বিশ্বব্যাংকের এমন যুক্তি স্বীকার করতে নারাজ। সরকারের পাল্টা যুক্তি হলো—প্রকল্প চলাকালীন অনেক অভিযোগ আসে। পরবর্তী সময়ে দেখা যায়, অভিযোগগুলো ভুয়া। অভিযোগ আর অভিযোগের তদন্ত করতে করতেই বিশ্বব্যাংক অনেক সময়ক্ষেপণ করে। আর এতে করে প্রকল্প বাস্তবায়ন বিলম্বিত হয়।এ বছর মার্চ মাসে (১৩ মার্চ) বাংলাদেশের জন্য বিশ্বব্যাংকের ২০১১-১৪ সময়কালের সহায়তা কৌশলের (কান্ট্রি অ্যাসিসট্যান্স স্ট্র্যাটেজি-ক্যাস) ওপর দিনব্যাপী ছয়টি অধিবেশন অনুষ্ঠিত হয় এনইসি সম্মেলন কক্ষে। এতে বাংলাদেশের সঙ্গে যৌথ কর্মকাণ্ডের ফলাফল পর্যালোচনা করা হয়।বৈঠকে সহায়তার অর্থ ছাড় নিয়ে অসন্তোষ প্রকাশ করে সরকার। প্রধানমন্ত্রীর অর্থনীতিবিষয়ক উপদেষ্টা মসিউর রহমান এতে প্রকল্পের দুর্বল বাস্তবায়ন হারের জন্য উন্নয়ন সহযোগী সংস্থাগুলোর অর্থ ছাড়ের ঢিলেমিকে দায়ী করেন। অর্থ উপদেষ্টার মতে, ‘অর্থ ছাড়ের সঙ্গে বাস্তবায়নের একটি সম্পর্ক রয়েছে। যথাসময়ে প্রকল্প বাস্তবায়িত না হলে অসমাপ্ত প্রকল্পের সংখ্যা বেড়ে যায়, তৈরি হয় প্রকল্প জট। এতে জনগণ উপকৃত হয় না।’তবে বিশ্বব্যাংকের পক্ষেও যুক্তি রয়েছে। ওই বৈঠকেই বিশ্বব্যাংকের পক্ষ থেকে বলা হয়, অর্থ ছাড়ে বিলম্বের কারণ সুশাসনের ঘাটতি। অর্থ ছাড়ে বিশ্বব্যাংকের শ্লথগতির কথা স্বীকার করে ওই দিন বাংলাদেশে বিশ্বব্যাংকের প্রধান অ্যালেন গোল্ডস্টেইন জানিয়েছিলেন, বিশ্বব্যাংক চায় না করদাতাদের অর্থ দুর্নীতির মাধ্যমে লুট হয়ে যাক। তাই উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন প্রলম্বিত হলে বা পিছিয়ে পড়লেও সুশাসনের স্বার্থে বিশ্বব্যাংক তা নিয়ে চিন্তিত নয়। আবার বিশ্বব্যাংকের নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তার মতে, পুরো অর্থ ছাড়ের জন্য অনেক প্রকল্পে এখনো বাকি আছে পাঁচ বছর। সুতরাং হলফ করে বলা যাবে না যে অর্থ ছাড়ে শুধু শুধু বিলম্ব হয়। এ ছাড়া কিছু প্রকল্প রয়েছে, প্রতিশ্রুতির সময় অর্থ ছাড়ের যে যৌক্তিকতা ছিল, পরবর্তী সময়ে তা ফুরিয়ে গেছে। এখানে চলতি বছরসহ আগামী পাঁচ বছরের বিভিন্ন প্রকল্প ও তার অর্থ ছাড়ের পরিস্থিতির ওপর আলোকপাত করা হলো।২০১১: বিশ্বব্যাংকের সহায়তাধীন ২৭ প্রকল্পের মধ্যে পাঁচটিরই মেয়াদ চলতি বছরের ৩০ জুন শেষ হওয়ার কথা। সামাজিক বিনিয়োগ কর্মসূচি প্রকল্পসহ অন্যগুলো হচ্ছে: পল্লি পরিবহন উন্নয়ন প্রকল্প, স্থানীয় সরকার সহায়তা প্রকল্প, বিদ্যুৎ খাত উন্নয়নে কারিগরি সহায়তা প্রকল্প এবং প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি-২ প্রকল্প।পল্লি পরিবহন উন্নয়ন প্রকল্পে ২১ কোটি ডলারের প্রতিশ্রুতির মধ্যে দুই কোটি ৫১ লাখ ডলার, স্থানীয় সরকারের সুশাসন-সহায়তা প্রকল্পে নয় কোটি ১৫ লাখ ডলারের মধ্যে দুই কোটি ৯০ লাখ ডলার, প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচিতে ১৪ কোটি ৯৯ লাখ ডলারের মধ্যে দুই কোটি চার লাখ ডলার, বিদ্যুৎ খাত উন্নয়নে এক কোটি ৫৫ লাখ ডলারের মধ্যে ৫৮ লাখ ডলার অর্থ ছাড় করেনি বিশ্বব্যাংক। তবে এ বছরের সবচেয়ে বড় প্রকল্পটির নাম ৩০ কোটি ডলারের এইচএনপি সেক্টর প্রোগ্রাম, যা ৩১ ডিসেম্বর শেষ হওয়ার কথা। অবশ্য এই প্রকল্পের এক কোটি ১৩ লাখ ডলার ছাড়া পুরো অর্থই ছাড় করেছে বিশ্বব্যাংক। ৩১ ডিসেম্বর শেষ হওয়ার কথা আরও একটি প্রকল্প। কেন্দ্রীয় ব্যাংক শক্তিশালীকরণ নামক এই প্রকল্পে বিশ্বব্যাংকের সহায়তা দেওয়ার কথা তিন কোটি ৭০ লাখ ডলার। এর মধ্যে দুই কোটি ৬১ লাখ ডলার এখনো ছাড়ের অপেক্ষায়।২০১২: ২০১২ সালে মেয়াদ শেষ হবে বিশ্বব্যাংকের এমন প্রকল্প রয়েছে তিনটি। এগুলোর মধ্যে সবচেয়ে বড়টি ৩২ কোটি নয় লাখ ডলারের পল্লী বিদ্যুৎ ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন প্রকল্প। ২০১২ সালের ৩১ ডিসেম্বর এই প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার কথা। এখনো ছাড়ের অপেক্ষায় রয়েছে দুই কোটি ৪২ লাখ ডলার।এরপর রয়েছে ২০ কোটি ৪২ লাখ ডলারের পৌর এলাকার সেবা প্রকল্প (মিউনিসিপ্যাল সার্ভিসেস)। এটির মেয়াদ শেষ হওয়ার কথা একই বছরের ৩০ জুন। এই প্রকল্পের চার কোটি ৭৯ লাখ ডলার এখনো ছাড়ের অপেক্ষায়। এভিয়ান ফ্লু প্রিপেয়ার্ডনেস প্রকল্পে প্রতিশ্রুতি এক কোটি ২২ লাখ ডলার। ছাড় হয়েছে মাত্র ২৮ লাখ ডলার।২০১৩: এ বছরের প্রকল্পগুলোর মধ্যে ৩১ মার্চ শেষ হওয়ার কথা গণ খাতে ক্রয় সংস্কার প্রকল্প-২। দুই কোটি ৩৬ লাখ ডলারের প্রতিশ্রুতির মধ্যে ছাড়ের বাকি রয়েছে এক কোটি ১৫ লাখ ডলার। একই বছরের ৩০ জুন শেষ হওয়ার কথা আরও দুটি প্রকল্প। এর মধ্যে ঢাকা পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন প্রকল্পে বিশ্বব্যাংকের প্রতিশ্রুতি ১৪ কোটি ৯০ লাখ ডলার। এটি এ বছরের সবচেয়ে বড় প্রকল্প। প্রকল্পটিতে ৬৯ লাখ ডলার মাত্র ছাড় করেছে বিশ্বব্যাংক। এখনো বাকি রয়ে গেছে ১৪ কোটি ২১ লাখ ডলার। আর রিচিংআউট অব স্কুল চিলড্রেন প্রকল্পে প্রতিশ্রুত আট কোটি ৬০ লাখ ডলারের মধ্যে এখনো ছাড়ের বাকি তিন কোটি তিন লাখ ডলার। আলোচ্য বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত উচ্চশিক্ষার মান বৃদ্ধি নামক আট কোটি ১০ লাখ ডলারের প্রকল্পেও ছাড় হয়েছে মাত্র ৫১ লাখ ডলার। অর্থাৎ ছাড়ের বাকি রয়েছে এখনো সাত কোটি ৫৯ লাখ ডলার।২০১৪: এ বছর শেষ হওয়ার প্রতিশ্রুত সাত প্রকল্পের মধ্যে সবচেয়ে বড়টি হলো ৩০ কোটি ৭০ লাখ ডলারের ইনভেস্টমেন্ট প্রমোশন ফাইন্যান্সিং ফেসিলিটি (আইপিএফএফ) প্রকল্প। এ পর্যন্ত চার কোটি ৮৫ লাখ ডলার ছাড় হয়েছে। বাকি রয়েছে ২৫ কোটি ৮৫ লাখ ডলার।ইমার্জেন্সি ২০০৭ সাইক্লোন রিকভারি প্রকল্পে ১৮ কোটি ৪০ লাখ ডলারের মধ্যে ছাড় হয়েছে এক কোটি ৫০ লাখ ডলার। অর্থাৎ ১৬ কোটি ৯০ লাখ ডলারই বাকি। এম্পলয়মেন্ট জেনারেশন প্রোগ্রামে ১৫ কোটি ডলারের মধ্যে ছাড় হয়েছে মাত্র ১৫ লাখ ডলার। ১৪ কোটি ৮৫ লাখ ডলারই ছাড়ের অপেক্ষায়।এ ছাড়া সেকেন্ডারি এডুকেশন কোয়ালিটি অ্যান্ড এক্সেস এনহেন্সমেন্ট প্রকল্পের ১৩ কোটি সাত লাখ ডলারের মধ্যে ছাড়ের বাকি ছয় কোটি ৯৩ লাখ ডলার, ক্লিন এয়ার অ্যান্ড সাসটেইনেবল এনভায়রনমেন্ট প্রকল্পে ছয় কোটি ২২ লাখ ডলারের মধ্যে বাকি ছয় কোটি দুই লাখ ডলার, ডিপেনিং এমটিবিএফ অ্যান্ড এফএম অ্যাকাউন্টেবিলিটি প্রকল্পে পাঁচ কোটি ডলারের মধ্যে তিন কোটি ৯৫ লাখ ডলার এবং ডিসএবিলিটি অ্যান্ড চিলড্রেন এট রিস্ক প্রকল্পে তিন কোটি ৫০ লাখ ডলারের মধ্যে তিন কোটি ২১ লাখ ডলার ছাড়ের অপেক্ষায়। প্রকল্পগুলোর মধ্যে তিনটি ২০১৪ সালের ৩০ জুন, একটি ৩১ জুলাই এবং তিনটি ৩১ ডিসেম্বর শেষ হওয়ার কথা।২০১৫-১৬: ২০১৫ সাল পর্যন্ত চট্টগ্রামে পানি সরবরাহ ব্যবস্থার উন্নয়ন নামক বিশ্বব্যাংকের ১৭ কোটি ডলারের প্রকল্পের প্রতিশ্রুতি রয়েছে। এ থেকে এখন পর্যন্ত ছাড়ের অঙ্ক জানা যায়নি। আর পানি ব্যবস্থাপনার উন্নয়ন নামক প্রকল্পে প্রতিশ্রুতি নয় কোটি ৪২ লাখ ডলার। ছাড় হয়েছে এক কোটি এক লাখ ডলার। এখনো বাকি আট কোটি ৪১ লাখ ডলার। ২০১৬ সাল পর্যন্ত রয়েছে আরও তিনটি প্রকল্প। এর মধ্যে সিদ্ধিরগঞ্জ পিকিং পাওয়ার প্লান্ট প্রকল্পে প্রতিশ্রুতি রয়েছে ৩৫ কোটি ডলারের। এর মধ্যে ৪৪ লাখ ডলার ছাড় হয়েছে। অর্থাৎ ৩৪ কোটি ৫৬ লাখ ডলারই বাকি।১১ কোটি ৫০ লাখ ডলারের সামাজিক বিনিয়োগ কর্মসংস্থান (নতুন জীবন) প্রকল্পে এখন পর্যন্ত ছাড়ের অঙ্ক জানা যায়নি। আর স্কিলস অ্যান্ড ট্রেনিং এনহেন্সমেন্ট প্রোগ্রামে প্রতিশ্রুতি সাত কোটি ৯০ লাখ ডলার। ছাড় হয়েছে ৩৮ লাখ ডলার। বাকি রয়েছে সাত কোটি ৫২ লাখ ডলার।