প্রতিশ্রুতি দ্রুত, তবে বাস্তবায়নে ধীরগতি
কোনো ঘটনা ঘটলেই তৈরি পোশাকমালিকদের সংগঠন বিজিএমইএ নানা উদ্যোগ নেয়। পরিস্থিতি সামাল দিতে স্বল্প সময়ের মধ্যে অনেক প্রতিশ্রুতিও দেন বিজিএমইএর নেতারা। তবে সময়ের ব্যবধানে সেই বিষয়ে আলোচনা কমে এলে তাঁদের উদ্যোগ থেমে যায়।
সাভারের রানা প্লাজা ধসের পর ক্ষতিপূরণের জন্য সদস্যদের কাছ থেকে অর্থ সংগ্রহ, সব কারখানা ভবনের নকশা সংগ্রহসহ কয়েকটি উদ্যোগ নিয়েছিল সমিতি। তবে বর্তমানে সেই তৎপরতা অনেকটাই থমকে গেছে। গত নভেম্বরে তাজরীন ফ্যাশনসে অগ্নিকাণ্ডের পর টাস্কফোর্স গঠন করেও তা শেষ পর্যন্ত বাস্তবায়ন না করেই বন্ধ করে দিয়েছিল তারা।
এবার বিজিএমইএর সঙ্গে যুক্ত হয়েছে সরকার। ২০০ কারখানা পরিদর্শক নিয়োগ, জাতীয় উদ্ধার দল গঠনসহ সরকারের বিভিন্ন প্রতিশ্রুতি বাস্তবায়নেও গতি কম। তবে জাতীয় কর্মপরিকল্পনা বাস্তবায়ন শুরু করাসহ শ্রম মন্ত্রণালয় কিছু কাজ এখনো চালিয়ে যাচ্ছে।
জানা যায়, ক্ষতিপূরণের জন্য গঠিত তহবিলে এক হাজার ১৬৯ জন সদস্য ন্যূনতম ২৫ হাজার টাকা না দিলেও বিজিএমইএ এখন নিশ্চুপ। আবার রানা প্লাজা ধসের পর ঢাকঢোল পিটিয়ে কারখানা ভবনের নকশা জমা দেওয়ার নির্দেশ দেয় সমিতি। এখন পর্যন্ত এক হাজার ২৫ সদস্য সেটি জমা দেননি। অবশ্য তা নিয়ে কোনো ভ্রুক্ষেপ নেই বিজিএমইএর। আবার জমা পড়া দুই হাজার ১৭৫ নকশা নিয়েও আনুষ্ঠানিক কোনো কাজ শুরু করতে পারেনি সমিতি।
তবে এসব অভিযোগ মানতে রাজি নন বিজিএমইএর সভাপতি আতিকুল ইসলাম। তিনি বলেন, ‘আমরা বসে নেই। পোশাকশিল্পের স্বার্থে আমরা রাত-দিন কাজ করে চলেছি।’ তহবিলের বিষয়ে তিনি বলেন, ‘সমিতির বেশির ভাগ সদস্য টাকা দিয়ে দিয়েছেন। তবে যাঁরা দেননি, তাঁদের তালিকা হচ্ছে। কাউকে ছাড় দেওয়া হবে না।’ জানা গেছে, এ পর্যন্ত ১৪ কোটি টাকা জমা পড়েছে। দুই হাজার ৩১ জন সদস্য এই অর্থ দিয়েছেন।
কারখানা ভবনের নকশা বিষয়ে আতিকুল ইসলাম বলেন, এটি একটি ভালো কাজ হয়েছে। জাতীয় কর্মপরিকল্পনার অধীনে কারখানা পরিদর্শন নভেম্বরে শুরু হবে। তখন এগুলো কাজে দেবে। টাস্কফোর্স বিষয়ে তিনি বলেন, এই কাজটিও জাতীয় কর্মপরিকল্পনার অধীনে বাস্তবায়ন করা হবে।
কারখানা পরিদর্শক নিয়োগ হয়নি
দেশে অনুমোদিত ২৮ হাজার কারখানা পরিদর্শনের জন্য পরিদর্শক আছেন মাত্র ৪৬ জন। রানা প্লাজা ধসের পর কারখানা পরিদর্শকের দৈন্যদশার বিষয়টি আলোচনায় উঠে আসে। তখন সরকারের পক্ষ থেকে বলা হয়, এ বছরের মধ্যেই কারখানা পরিদর্শকের সংখ্যা উল্লেখযোগ্য হারে বাড়ানো হবে।
তবে এখন পর্যন্ত একজন পরিদর্শকও নিয়োগ দিতে পারেনি সরকার। ২০১২ সালে ইউরোপীয় ইউনিয়ন এবং ইন্টারন্যাশনাল ট্রেড ইউনিয়ন কনফেডারেশনের সঙ্গে একটি সমঝোতা স্মারক সই করে বাংলাদেশ সরকার। স্মারক অনুযায়ী, ২০১৩ সালের মধ্যে কারখানা পরিদর্শকের সংখ্যা বাড়িয়ে ২০০ জন করার কথা।
জানতে চাইলে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন পরিদপ্তরের প্রধান পরিদর্শক মো. মশিউর রহমান গতকাল বুধবার প্রথম আলোকে বলেন, ‘এখন পর্যন্ত নিয়োগ হয়নি। তবে ৩৬ জনের নিয়োগপ্রক্রিয়া প্রায় চূড়ান্ত পর্যায়ে আছে। আবার পিএসসির মাধ্যমে ১২ জনের নিয়োগ চলছে।’