প্রতিশ্রুতি হয়ে যায় কথার ফুলঝুরি
প্রতিবছর বাজেটে এমন অনেক প্রতিশ্রুতি দেওয়া হয়, বছর শেষে দেখা যায় সেগুলো বাস্তবায়িত হয়নি। জবাবদিহি না থাকায় এমনটি হচ্ছে।
‘আমাদের জনসংখ্যার একটা বড় অংশ কর দিতে সক্ষম। অথচ কর দেন মাত্র ২০ থেকে ২২ লাখ মানুষ। কর ফাঁকি রোধে যাঁরা করজালের আওতার বাইরে, আমরা তাঁদের করের আওতায় আনব। আগামী বাজেটে এ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা থাকবে।’ চলতি ২০২০-২১ অর্থবছরের বাজেটে করের আওতা বাড়াতে এমন প্রতিশ্রুতিই ছিল সরকারের। কিন্তু করের আওতা বাড়ানোর সেই প্রতিশ্রুতি কথার ফুলঝুরি হয়েই রয়ে গেল।
চলতি অর্থবছরের বাজেটে ‘মুজিব বর্ষের উপহার, ইএফডির ব্যবহার’ প্রতিপাদ্য সামনে রেখে প্রাথমিকভাবে ১০ হাজার ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস (ইএফডি) মেশিন বসানোর প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। সে অনুযায়ী ভ্যাট ফাঁকি রোধে মুজিব বর্ষেই সারা দেশে পর্যায়ক্রমে পাঁচ লাখ ইএফডি বসানোর কথা। কিন্তু বাস্তবতা বলছে, এখন পর্যন্ত বৃহত্তর ঢাকা ও বৃহত্তর চট্টগ্রামে মাত্র ১ হাজার ৫১টি মেশিন বসানো হয়েছে। চলতি অর্থবছরের বাকি আর মাত্র এক মাসে কিংবা মুজিব বর্ষে অবশিষ্ট যন্ত্রগুলো বসানো যে সম্ভব নয়, তা মোটামুটি নিশ্চিতই বলা যায়।
প্রতিবছর বাজেট বইয়ে এমন অনেক প্রতিশ্রুতিই থাকে, যেগুলো বছর শেষে অপূর্ণই থেকে যায়। যেমন করের আওতা বাড়ানোর প্রতিশ্রুতি প্রতিটি বাজেটেই থাকে। প্রতিশ্রুতি দিয়েও সংস্কার করতে পারে না সরকার। এরই মধ্যে আরেক অর্থবছর চলে আসে। আগের প্রতিশ্রুতি সবাই ভুলে যায়।
জানতে চাইলে বেসরকারি গবেষণা সংস্থা পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর প্রথম আলোকে বলেন, গত বছর বাজেটে কী প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, যেটা বাস্তবায়িত হয়নি, সেটা পরবর্তী বাজেটে বলা উচিত। কেন ও কী কারণে সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করা যায়নি, তারও ব্যাখ্যা দেওয়া উচিত। কিন্তু তা দেওয়া হয় না। এটা বাজেটের দুর্বলতা। ফলে জবাবদিহি হয় না।
আহসান এইচ মনসুর আরও বলেন, ‘আমরা শুধু শুনেই আসছি ইএফডি বসবে। কিন্তু বসছে না। কেন বসছে না, তা আমরা জানি না। এখানেও জবাবদিহি নেই।’
চলতি ২০২০-২১ অর্থবছরের বাজেট বইয়ে বলা আছে, করোনা সংকটের কারণে আয় কমে যাওয়ায় বিলাসী ব্যয় নিরুৎসাহিত করা হবে। কিন্তু বাস্তবতা বলছে, জাতীয় অর্থনৈতিক পর্ষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রতিনিয়ত যানবাহন কেনার প্রস্তাব অনুমোদন পাচ্ছে।
আগামী ২০২৬ সালের মধ্যে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উন্নয়নশীল দেশের কাতারে উন্নীত হবে। উন্নয়নশীল দেশে উত্তরণ ঘটলে বাংলাদেশ এলডিসি হিসেবে এত দিন ধরে পাওয়া অনেক সুযোগ-সুবিধা হারাবে। তাই স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের চ্যালেঞ্জ মোকাবিলার লক্ষ্যে সরকার চলতি বাজেটে বেশ কিছু উদ্যোগ নেওয়ার কথা বলেছে। এর মধ্যে রয়েছে বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্য সম্পর্ক উন্নয়ন এবং রপ্তানি বাড়াতে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) ও অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি (পিটিএ) সই করা। বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেছিলেন, এখন পর্যন্ত ১১টি দেশের সঙ্গে এফটিএ সইয়ের সম্ভাব্যতা যাচাইয়ের কাজ শেষ হয়েছে। এ ছাড়া নেপাল, ইন্দোনেশিয়া ও ভুটানের সঙ্গে পিটিএ সইয়ের ব্যাপারে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। শিগগির এসব দেশের সঙ্গে চুক্তি সই সম্ভব হবে। কিন্তু বাস্তবতা বলছে, এখন পর্যন্ত শুধু ভুটানের সঙ্গে এফটিএ সই হয়েছে। আর কারও সঙ্গে এফটিএ কিংবা পিটিএ করতে পারেনি সরকার। আলোচনার মধ্যেই ঘুরপাক খাচ্ছে বাকি সব।
গত বছর বাজেটে কী প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, যেটা বাস্তবায়িত হয়নি, সেটা পরবর্তী বাজেটে বলা উচিত। কেন ও কী কারণে সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করা যায়নি, তারও ব্যাখ্যা দেওয়া উচিত। কিন্তু তা দেওয়া হয় না।আহসান এইচ মনসুর, নির্বাহী পরিচালক, পিআরআই
বর্তমান বাজেটে স্বাস্থ্য, শিক্ষা ও বিজ্ঞান প্রযুক্তি খাতে গবেষণার উন্নয়নে ১০০ কোটি টাকা রাখা হয়েছে। কিন্তু এখন পর্যন্ত এ বরাদ্দের কানাকড়িও খরচ হয়নি। এ জন্য অর্থ মন্ত্রণালয় দুষছে স্বাস্থ্য মন্ত্রণালয়কে আর স্বাস্থ্য মন্ত্রণালয় দোষারোপ করছে অর্থ মন্ত্রণালয়কে। দুই মন্ত্রণালয়ের দোষারোপের খেলায় অব্যয়িতই রয়ে গেল ১০০ কোটি টাকা।
অর্থ পাচার ও কর ফাঁকি রোধে বাজেটে কঠোর অবস্থানের কথা জানিয়েছিল সরকার। বাজেট বইয়ে বলা হয়েছিল, যে পরিমাণ অর্থ আন্ডার ইয়ভয়েসিং এবং ওভার ইনভয়েসিং করে পাচার হয়েছে এবং যে পরিমাণ প্রদর্শিত বিনিয়োগ ভুয়া হিসেবে প্রমাণিত হবে, তার ওপর ৫০ শতাংশ হারে কর আরোপ হবে। কিন্তু এ প্রতিশ্রুতিও পূরণ হয়নি।
সুনীল অর্থনীতি নিয়ে বাজেটে বিশাল সম্ভাবনার কথা বলা হয়েছে। সে অনুযায়ী ভারত ও মিয়ানমার থেকে পাওয়া ১ লাখ ১৮ হাজার বর্গকিলোমিটার এলাকাজুড়ে থাকা বিশাল সমুদ্রসম্পদ ব্যবহারে সফলতা পাওয়া দেশগুলোর সঙ্গে সমঝোতা স্মারক সই করার কথা। কিন্তু সেটিও হয়নি।
বিশ্বব্যাংকের ব্যবসা সহজীকরণ সূচকে ১৯০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৬৮তম। চলতি বছরের মধ্যে বাংলাদেশকে ৯৯তম স্থানে নিয়ে আসার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল বাজেটে। কিন্তু সেই প্রতিশ্রুতিও বাস্তবায়িত হওয়ার সম্ভাবনা কম।
বাজেটে বলা হয়েছিল, করোনায় রোগীদের সেবা দিতে সরাসরি নিয়োজিত চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মী, মাঠ প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী এবং প্রত্যক্ষভাবে নিয়োজিত প্রজাতন্ত্রের অন্যান্য কর্মচারী দায়িত্ব পালনকালে ভাইরাসে আক্রান্ত হলে বা আক্রান্ত হয়ে মারা গেলে তাঁদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়া হবে। কিন্তু এ প্রতিশ্রুতিও অপূর্ণ রয়ে গেছে।
এ ছাড়া চলতি অর্থবছরের বাজেটে ব্যক্তি খাতের বিনিয়োগ বৃদ্ধি, বাণিজ্য সম্প্রসারণ, কর্মসংস্থান সৃষ্টিতে বেশ কিছু উদ্যোগের কথা বলা হলেও বাস্তবায়িত হয়নি।