প্রতিশ্রুতি অনুযায়ী দাতারা অর্থ ছাড় করছে না। চলতি অর্থবছরের প্রথম সাত মাসে (জুলাই-জানুয়ারি) প্রতিশ্রুতির মাত্র এক-চতুর্থাংশ অর্থ ছাড় করেছে দাতাদেশ ও সংস্থাগুলো।আলোচ্য সময়ে দাতারা ৩৯৫ কোটি ৫১ লাখ ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু এ সময়ে ছাড় হয়েছে মাত্র ১০১ কোটি ১৫ লাখ ডলার।আবার একই সময়ে সুদাসল পরিশোধের পর বাংলাদেশের প্রকৃত প্রাপ্তি দাঁড়িয়েছে ৪২ কোটি ৩১ লাখ ডলার। এ সময়ে সুদাসল বাবদ পরিশোধ করা হয়েছে ৫৮ কোটি ৮৩ লাখ ডলার।অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) সূত্রে এসব তথ্য জানা গেছে।ইআরডি সূত্রে আরও জানা গেছে, জুলাই-জানুয়ারি সময়কালে গতবারের তুলনায় বিদেশি সহায়তাপ্রবাহ বাড়েনি। গত বছর একই সময়ে ১০৮ কোটি ৩৯ লাখ ডলার এসেছিল।ইআরডি সূত্রে আরও জানা গেছে, আলোচ্য সময়ে ঋণ ও অনুদান মিলিয়ে প্রায় ১০১ কোটি ১৫ লাখ ডলার এসেছে। এর মধ্যে ঋণ বাবদ পাওয়া গেছে ৬৫ কোটি ৮৯ লাখ ডলার। আর অনুদান হিসেবে পাওয়া গেছে ৩৫ কোটি ২৫ লাখ ডলার।আলোচ্য সময়ে ঋণে ২৯৯ কোটি ২৮ লাখ ডলার এবং অনুদানে ৯৬ কোটি ২২ লাখ ডলারের প্রতিশ্রুতি ছিল। ইআরডির পরিসংখ্যান থেকে আরও জানা যায়, জুলাই-জানুয়ারি সময়কালে ঋণের আসল হিসেবে পরিশোধ করা হয়েছে ৪৬ কোটি ৬২ লাখ ডলার। আর সুদ বাবদ পরিশোধ করতে হয়েছে ১২ কোটি ২০ লাখ ডলার।আলোচ্য সময়ে সবচেয়ে বেশি অর্থ ছাড় করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। এই দাতা সংস্থাটি মোট ২৮ কোটি ডলার ছাড় করেছে। এ ছাড়া বিশ্বব্যাংক (আইডিএ) ২৫ কোটি ডলার, জাপান সাত কোটি, কুয়েত সাড়ে তিন কোটি ও দক্ষিণ কোরিয়া তিন কোটি ৩২ লাখ ডলার ছাড় করেছে।এ ছাড়া ইউরোপীয় কমিশন সাড়ে তিন কোটি ডলার, যুক্তরাজ্য ১১ কোটি ৩৯ লাখ ও ইউএনডিপি চার কোটি ডলার অনুদান দিয়েছে।বিদেশি সহায়তার বেশির ভাগই ব্যবহার হয় উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে। কিন্তু চলতি ২০১১-১২ অর্থবছরের উন্নয়ন প্রকল্পে বিদেশি সহায়তার ব্যবহার খুবই কম। সঠিক সময়ে দাতারা অর্থ ছাড় না করার পাশাপাশি বিদেশি সহায়তার অর্থ ব্যবহারে সক্ষমতার অভাবকেই দায়ী করছেন ইআরডির কর্মকর্তারা।পরিকল্পনা কমিশনের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) সূত্রে জানা গেছে, চলতি অর্থবছরে বিদেশি সহায়তার ব্যবহার বেশ নাজুক। জুলাই-ডিসেম্বর সময়কালে বরাদ্দের মাত্র ১৭ শতাংশ খরচ করা গেছে। আর এমন অবস্থায় এডিপিতে বরাদ্দ থাকা বিদেশি সহায়তার ১৮ হাজার ৬৮৫ কোটির মধ্যে চার হাজার ২৩৭ কোটি টাকা বাদ দেওয়ার সুপারিশ করেছে ইআরডি।