দারিদ্র্য হ্রাসে ক্ষুদ্রঋণের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছে দেশের কেন্দ্রীয় ব্যাংক। গতকাল সোমবার ক্ষুদ্রঋণবিষয়ক এক সেমিনারে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আতিউর রহমানের লিখিত বক্তব্যে এ প্রশ্ন তোলা হয়। ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদে স্বজনপ্রীতির অভিযোগ তোলা হয়েছে সেমিনারে। মায়ের মৃত্যুর কারণে সেমিনারে উপস্থিত হতে না পারায় গভর্নরের পক্ষে লিখিত বক্তব্য উপস্থাপন করেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মুরশিদ কুলী খান। লিখিত বক্তব্যে বলা হয়েছে, ক্ষুদ্রঋণগ্রহীতার ব্যবসায় লভ্যাংশের তুলনায় অনেক ক্ষেত্রে সুদের হার বেশি হয়ে থাকে। এ ছাড়া ঋণখেলাপি হওয়া ঠেকাতে ঋণের কিস্তি পরিশোধ করতে গিয়ে আরেকটি ঋণ নিতে হয়। তবে এসব সমস্যার সমাধানে মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি (এমআরএ) ব্যাপক নিয়ন্ত্রণমূলক আইনি কাঠামো তৈরি করছে বলে বক্তব্যে উল্লেখ করা হয়।রাজধানীর সিরডাপ মিলনায়তনে সেমিনারটি যৌথভাবে আয়োজন করে বাংলাদেশ ব্যাংক এবং এশিয়া প্যাসিফিক রুরাল অ্যান্ড এগ্রিকালচারাল ক্রেডিট অ্যাসোসিয়েশন (এপিআরএসিএ)। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মুরশিদ কুলী খান। প্রবন্ধ উপস্থাপন করে বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক এস এম মনিরুজ্জামান, রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার প্রধান মহাব্যবস্থাপক বিপি বিজয়ান্দ্র, এমআরএর নির্বাহী সহসভাপতি খন্দকার মাজহারুল হক। এ ছাড়া বক্তব্য দেন এপিআরএসিএর মহাসচিব ওন সিক নহ। খন্দকার মাজহারুল হক বলেন, ক্ষুদ্রঋণের মতো আর্থিক খাতের সেবা দরিদ্র মানুষের কাছে পৌঁছে দিতে হবে। কিন্তু এখন ক্ষুদ্রঋণ অতিদরিদ্রদের কাছে পৌঁছানো সম্ভব হচ্ছে না। খন্দকার মাজহারুল হক আরও জানান, বেসরকারি ক্ষুদ্রঋণ বিতরণকারী প্রতিষ্ঠানগুলোর সুশাসন নিয়েও প্রশ্ন রয়েছে। বহু প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের দুর্বল ব্যবস্থাপনার অন্যতম কারণ হলো স্বজনপ্রীতি। এসব পরিচালনা পর্ষদ এখন বন্ধুবান্ধব, নিকটাত্মীয়, অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের পরিষদ হয়ে গেছে। বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক এস এম মনিরুজ্জামান বলেন, বাংলাদেশের বিশাল জনগোষ্ঠী এখনো ব্যাংকিং-সেবার বাইরে রয়েছে। ব্যাংকিং নেটওয়ার্কের মধ্যে এই বিশাল জনগোষ্ঠীকে আনার জন্য বাংলাদেশ ব্যাংক ইতিমধ্যে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা (২০১০-১৫) গ্রহণ করেছে। ওন সিক নহ বলেন, এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর কাছে ব্যাংকিং-সেবা পৌঁছে দিতে এপিআরএসিএ কাজ করে যাচ্ছে। বর্তমানে ২৩টি দেশের ৫৮ প্রতিষ্ঠান এর সদস্য। বিপি বিজয়ান্দ্র বলেন, ভারতে ৪০০ কোটি রুপির ‘মাইক্রো ফিন্যান্স ডেভেলপমেন্ট অ্যান্ড ইক্যুইটি ফান্ড’ রয়েছে। এই মুহূর্তে ক্ষুদ্রঋণগ্রহীতার কাছে প্রায় ১৮ হাজার ৩৪৩ কোটি রুপির সমপরিমাণ অর্থ রয়েছে।