পুঁজিবাজারে তালিকাভুক্ত কোনো প্রতিষ্ঠানের অডিট আপত্তি হলে তা পুনরায় অডিট করার খসড়া নীতিমালা অনুমোদন করেছে নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। আজ রোববার কমিশনের এক সভায় এ-সংক্রান্ত সিদ্ধান্ত গৃহীত হয়।সভা শেষে কমিশনের নির্বাহী পরিচালক আনোয়ারুল কবির ভূঁইয়া জানান, কোনো প্রতিষ্ঠানের অডিটের ব্যাপারে এসইসির আপত্তি হলে বিষয়টি খতিয়ে দেখার জন্য নিয়ন্ত্রক সংস্থা যেন পুনরায় অডিট করতে পারে, সে ব্যাপারে একটি খসড়া নীতিমালা অনুমোদিত হয়েছে। তিনি আরও জানান, সাধারণ জনগণের মতামতের জন্য শিগগির এই অনুমোদিত নীতিমালা পত্রিকায় প্রকাশ করা হবে। জনগণের মতামতের ভিত্তিতে চূড়ান্ত নীতিমালা প্রণয়ন করা হবে। এসইসির একটি সূত্র জানায়, এর আগে পুনঃ অডিটের জন্য খরচ হওয়া অর্থ সংশ্লিষ্ট কোম্পানিকে বহন করতে হতো। তবে এখন থেকে এসইসি করতে পারে কি না, তা ভেবে দেখা হচ্ছে।আনোয়ারুল কবির বলেন, নতুন এ নীতিমালা প্রণয়ন করা হলে পুঁজিবাজারে সুশাসন ফিরে আসবে।