প্রতিষ্ঠানের প্রধানকে ছাত্র হতে হবে: সঞ্জীব মেহতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হিন্দুস্তান ইউনিলিভারের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সঞ্জীব মেহতা বলেছেন, ব্যবসা-বাণিজ্যে সফল হতে হলে নেতা বা প্রতিষ্ঠানের প্রধানকে ছাত্র হতে হবে। 

রাজধানীর একটি হোটেলে আজ শনিবার দিনব্যাপী অনুষ্ঠিত ‘এআইইউবি নেতৃত্ব সম্মেলন, ২০১৬ ’-এ এমন অভিমত তুলে ধরেন সঞ্জীব মেহতা।
আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (এআইইউবি) ও বেক্সিমকোর সহযোগিতায় বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম (বিবিএফ) চতুর্থবারের মতো এ সম্মেলনের আয়োজন করে। এবারের সম্মেলনের স্লোগান ‘সম্ভাবনার বাস্তবায়ন।’
করপোরেট খাতে দক্ষ নেতৃত্ব তৈরির মাধ্যমে দেশের অর্থনৈতিক সম্ভাবনাগুলোকে কাজে লাগানো এ সম্মেলনের লক্ষ্য। সঞ্জীব মেহতাসহ বৈশ্বিক করপোরেট খাতের অন্যতম পাঁচ ব্যক্তি এতে বক্তব্য দেন। সম্মেলনে অংশ নেন করপোরেট খাতের ৫০০ জনের মতো পেশাজীবী।
প্রতিষ্ঠান প্রতিষ্ঠানদের উদ্দেশে সঞ্জীব মেহতা বলেন, ‘আপনার শেখার আগ্রহ থাকতে হবে, আপনাকে ছাত্র হতে হবে এবং অন্যদের কথা আপনাকে শুনতে হবে। তবেই আপনি যথাযথ পদক্ষেপ নিতে পারবেন এবং প্রতিষ্ঠানকেও এগিয়ে নিতে পারবেন।’
সঞ্জীব মেহতা বলেন, বাংলাদেশের অর্থনীতি যে এগোচ্ছে, বিশ্বব্যাপীই এখন আলোচিত বিষয়। তৈরি পোশাক খাতেও বাংলাদেশ এখন উল্লেখযোগ্য নাম। অথচ ব্র্যান্ডিং নিয়ে কথা উঠলে এখনো সুন্দরবনসহ বাংলাদেশের পুরোনো বিষয়গুলো সামনে আনা হয়।
নেতৃত্ব একটি পরিবর্তনশীল ব্যবস্থা এবং জনগণের মেজাজ ও মানসিকতার সঙ্গে খাপ খাইয়েই নেতৃত্ব দিতে হয় বলে মনে করেন সঞ্জীব মেহতা। তিনি বলেন, ২০৩০ সালের মধ্যে খাদ্য চাহিদা বাড়বে ৩০ শতাংশ। এই সময়ের মধ্যে পানি এবং জ্বালানি চাহিদাও বাড়বে। নতুন নতুন চাহিদা মেটাতে তৈরি হবে উদ্ভাবনের নতুন সুযোগ। সুযোগ গ্রহণের জন্য প্রস্তুত রাখতে হবে।