প্রতিষ্ঠাবার্ষিকীতে বিনিয়োগকারী ঐক্য পরিষদের শোভাযাত্রা
বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ মঙ্গলবার শোভাযাত্রা বের করা হয়। দুপুর ১২টার দিকে মতিঝিলের ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সামনে থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বিদ্যুত্ উন্নয়ন বোর্ড ভবনের পাশে সংগঠনটির প্রধান কার্যালয়ে এসে শেষ হয়।শোভাযাত্রায় অন্যান্যের মধ্যে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের সভাপতি মিজান উর রশিদ চৌধুরী, সাধারণ সম্পাদক কাজী আবদুর রাজ্জাক ও সহসভাপতি নজরুল ইসলামসহ সংগঠনটির নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।এ ব্যাপারে মিজান উর রশিদ বলেন, ‘শেয়ারবাজারে ভয়াবহ ধসের পরিপ্রেক্ষিতে এক বছর আগে এই দিনে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদ গঠন করা হয়েছিল। আমাদের মূল দাবি, শেয়ারবাজারে স্থিতিশীলতা রক্ষা করা। আর এই দাবি নিয়ে আমরা গত এক বছর আন্দোলন করে আসছি। আমাদের দাবির পরিপ্রেক্ষিতে শেয়ারবাজারে স্থিতিশীলতা ফেরাতে শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী হস্তক্ষেপ করেন, যার ফলে কিছুটা হলেও বাজারে স্থিতিশীলতা ফিরতে শুরু করেছে।’ সুতরাং বাজারে স্থিতিশীলতা বজায় রাখতে সংশ্লিষ্ট সব পক্ষের সহযোগিতা কামনা করেন তিনি।পরে সংগঠনটির প্রধান কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়।