প্রতিষ্ঠিত ব্যবসায়ীদের মত নেওয়ার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যবসায়িক নীতিনির্ধারণের ক্ষেত্রে দেশের প্রতিষ্ঠিত ব্যবসায়ীদের মতামত গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএসআরএম গ্রুপের চেয়ারম্যান আলী হোসাইন আকবর আলী। তিনি বলেছেন, ‘দেশের মোট চাহিদার ২৫ শতাংশ লোহা আমরা উৎপাদন করি। এখন পর্যন্ত ব্যাংকের কোনো ঋণ বা সুদ মওকুফ চাইনি। গুরুত্বপূর্ণ নীতি প্রণয়নের সময় আমাদের কথা শুনুন, আমাদের বলতে দিন।’
চট্টগ্রাম প্রেসক্লাবের দেওয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে আলী হোসাইন আকবর আলী এ কথা বলেন। সম্প্রতি রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কার-২০১৪ অর্জন করায় বিএসআরএম গ্রুপের চেয়ারম্যানসহ চট্টগ্রামের তিন শিল্পপতিকে সংবর্ধনা দেয় চট্টগ্রাম প্রেসক্লাব। সংবর্ধিত অপর দুই শিল্পপতি হলেন ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের ব্যবস্থাপনা পরিচালক মো. এম সাখাওয়াত হোসেন ও এডোসান গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী তিনকড়ি চক্রবর্তী। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় প্রেসক্লাবের ভিআইপি কক্ষে তাঁদের সংবর্ধনা দেওয়া হয়। এ সময় সংবর্ধিত শিল্পপতিরা তাঁদের ব্যবসায়িক সমস্যা ও সাফল্যের কথা তুলে ধরেন। আলোচনার শেষে তিন শিল্পপতির হাতে প্রেসক্লাবের পক্ষ থেকে ক্রেস্ট তুলে দেওয়া হয়।
গত ৩০ মার্চ রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বাংলাদেশের ১২ জন শিল্পপতিকে রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পদক দেওয়া হয়। এর মধ্যে এই তিনজনই চট্টগ্রামের প্রতিষ্ঠিত শিল্পপতি।
অনুষ্ঠানে ওয়েস্টার্ন মেরিনের ব্যবস্থাপনা পরিচালক মো. এম সাখাওয়াত হোসেন জাহাজনির্মাণসহ ভারী শিল্পে ব্যাংকঋণের সুদের হার ৩ শতাংশে নামিয়ে আনার সুপারিশ করেন। তিনি বলেন, সরকার যদি এ সুযোগ দেয়, তাহলে শতাধিক জাহাজনির্মাণশিল্প গড়ে উঠবে।
শিল্পপতি তিনকড়ি চক্রবর্তী বলেন, ‘হাঁটি হাঁটি পা পা করে আমরা ব্যবসায় এগিয়ে যাচ্ছি। আমদানি বিকল্প পণ্য তৈরি করছি।’
চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি কলিম সরওয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ক্লাবের সাধারণ সম্পাদক মহসিন চৌধুরী।