প্রত্যক্ষ কর আদায়ে জোর দিতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসন্ন ২০১৪-১৫ অর্থবছরের বাজেটে প্রত্যক্ষ করের ওপর জোর দেওয়ার ও করযোগ্য আয় থাকার পরও যারা আয়কর দেয় না, তাদের করের আওতায় আনার ওপর গুরুত্বারোপ করেছেন অর্থনীতিবিদ ও ব্যবসায়ী নেতারা।
রাজধানীতে ঢাকা চেম্বার মিলনায়তনে গতকাল ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) আয়োজিত ‘আসন্ন বাজেট: চ্যালেঞ্জ ও সুযোগসমূহ’ শীর্ষক আলোচনা সভায় অর্থনীতিবিদ ও ব্যবসায়ী নেতারা একই সঙ্গে বিনিয়োগ বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টিতে জোর দেন।
আলোচনায় অংশ নিয়ে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘পরোক্ষ করের ওপর অতিমাত্রায় নির্ভরশীল হয়ে পড়া ঠিক নয়। সরকারকে প্রত্যক্ষ কর আদায়ে জোর দিতে হবে। মাশুল বাড়িয়ে, মূল্য সংযোজন কর বাড়িয়ে দ্রুত কিছু রাজস্ব আয় হলেও তাতে তেমন সম্পদ আরোহন হয় না। বরং যারা কর দেয় না, তাঁদের কাছ থেকে কর আদায়ের ব্যবস্থা করতে হবে।’
প্রায় একই অভিমত ব্যক্ত করে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) গবেষণা পরিচালক বিনায়ক সেন বলেন, প্রত্যক্ষ কর আদায় বাড়ানোর কোনো বিকল্প নেই। এ ক্ষেত্রে তিনি সম্পত্তি (প্রপার্টি) ও সম্পদ (ওয়েলথ) করের দিকে মনোযোগের পরামর্শ দেন।
বিনায়ক সেন বলেন, বর্তমানে দুই কোটি টাকার বেশি সম্পত্তি থাকলে বাড়তি অন্তত ১০ শতাংশ হারে মাশুল দিতে হয়। তবে সম্পত্তির মূল্যমান নিবন্ধনকালীন সময় ধরে এই মাশুল আরোপ হয়। আর তাই নিয়মিত বা তিন বছর অন্তর সম্পত্তির পুনর্মূল্যায়ন হওয়ার প্রয়োজন।
বিনায়ক সেন এও বলেন যে সিটি বা পৌর করপোরেশন যেহেতু সম্পত্তি থেকে কর আদায় করে, তাই রাজস্ব বোর্ডের সঙ্গে মিলিয়ে সুষম ভিত্তিতে সম্পত্তির পুনর্মূল্যায়ন করা যেতে পারে। তবে তা বাজারে বর্তমান দরের মতো অত বেশি হবে না।
বিআইডিএসের এই অর্থনীতিবিদ সম্পদের উৎপাদনশীল ব্যবহারে উৎসাহিত ও ফাটকামূলক ব্যবহারে নিরুৎসাহিত করতে সম্পদ কর আরোপের পক্ষে মত দিলেও এটি ভেবেচিন্তে আরোপ করার কথা বলেন।
বাংলাদেশ রপ্তানিকারক সমিতির (ইএবি) সভাপতি আবদুস সালাম মুর্শেদী বলেন, বাজেটে করের হার না বাড়িয়ে করের আওতা বাড়ানোর দিকে মনোযোগ দেওয়া প্রয়োজন। যাঁরা নিয়মিত কর দিচ্ছেন, তাঁদের ওপরই কর কর্মকর্তারা চেপে বসতে চান বলে তিনি অভিযোগ করেন।
ঢাকা চেম্বারের সভাপতি মোহাম্মদ শাহজাহান খান বলেন, ‘আড়াই লাখ কোটি টাকার বড় আকারের বাজেট আসছে বলে আমরা শুনছি। বড় বাজেট মানে বেশি করে কর আদায়। আর এই করের চাপটা পড়বে ব্যবসায়ী-শিল্পপতিদের ওপর।’
তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা মির্জ্জা আজিজুল ইসলাম আগামী বাজেটের আকার দুই লাখ ২৪ হাজার কোটি টাকার মধ্যে সীমিত রাখার পরামর্শ দিয়ে বলেন, বেশি বড় বাজেট করলে তা কাগজেই থেকে যায়। সরকারের বরং বাস্তবায়ন ক্ষমতার ওপর ভিত্তি করে বাজেট করা উচিত।
মির্জ্জা আজিজ আরও বলেন, বিনিয়োগ পরিস্থিতির উন্নতি হয়নি। কেননা, বর্তমান রাজনৈতিক স্থিতিশীলতা কতটা স্থায়ী হবে তা নিয়ে এখনো কিছুটা সন্দেহ বিনিয়োগকারীদের মধ্যে রয়ে গেছে। তাঁরা নিশ্চিয়তা ছাড়া বড় ও দীর্ঘমেয়াদি বিনিয়োগে যাবেন না।
এ প্রসঙ্গে সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) বিশেষ ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, গত ৫ জানুয়ারি নির্বাচনের পর অর্থনীতি চাঙ্গা হবে বলে আশা করা হলেও এখন পর্যন্ত প্রায় কোনো সূচকেই তার প্রতিফলন হয়নি। শুধু আমদানি কিছুটা উর্ধ্বগতি হয়েছে। বলা যায়, অর্থনীতিতে স্বাভাবিকতা ফিরে আসছে, উৎপাদনশীলতা চালু হয়েছে, কিন্তু নতুন উৎপাদনশীলতা যুক্ত হয়নি।
দেবপ্রিয় আরও বলেন, সরকার বাদে সবাই বলছে যে এবার (২০১৩-১৪) অর্থবছরের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধির হার ৬ শতাংশের কম হবে। শেষ পর্যন্ত যদি তাই হয়, তাহলে টানা চতুর্থ বছর বাংলাদেশের প্রবৃদ্ধির হার কমবে, এক দশক ধরে ৬ শতাংশের ওপরে থাকা প্রবৃদ্ধির হার ব্যাহত হবে, প্রতি দশকে ১ শতাংশ মাত্রায় প্রবৃদ্ধির হার বাড়ানোর প্রবণতায় ছেদ পড়বে। দেবপ্রিয় ৬ শতাংশ প্রবৃদ্ধির হারকে ‘বাংলাদেশি প্রবৃদ্ধির হার’ হিসেবে অভিহিত করেন।
আবার সালেহউদ্দিন আহমেদ ও দেবপ্রিয় ভট্টাচার্য—দুজনই নিয়ন্ত্রক প্রতিষ্ঠান বা সংস্থাগুলোর দুর্বলতায় উদ্বেগ প্রকাশ করেন। সালেহউদ্দিনের মতে, নিয়ন্ত্রক প্রতিষ্ঠানগুলো ঠিকমতো কাজ করছে না, কাজ করতে পারছে না। দেবপ্রিয় ভট্টাচার্যের মতে, দেশ এখন যে রাজনৈতিক-বাণিজ্যের চক্রে প্রবেশ করেছে, তাতে নির্বাচনোত্তর পরিস্থিতিতে নিয়ন্ত্রক প্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় সংস্কার করার মতো ‘দম’ সরকারের নেই।
বাংলাদেশ তৈরি পোশাকশিল্প মালিক সমিতির সভাপতি আতিকুল ইসলাম বাজেটে পোশাক কারখানা স্থানান্তরের জন্য বিশেষ বরাদ্দ প্রদানের দাবি জানান।
বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সভাপতি কাজী আকরামউদ্দিন আহ্মদ বলেন, দেশের রাজনীতিতে গুমোট একটা অবস্থা এখনো রয়ে গেছে। বাইরের মানুষের কাছে এখনো পুরোপুরি বিশ্বাসযোগ্যতা আসেনি যে সামনের সময়গুলো ভালো যাবে। ফলে, বিনিয়োগও গতি পাচ্ছে না।
আলোচনায় আরও অংশ নেন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি আবদুল আউয়াল মিন্টু, জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান আবদুল মজিদ, ঢাকা স্কুল অব ইকোনমিকসের পরিচালক কাজী খলীকুজ্জমান আহমদ, অ্যামচেমের সভাপতি আফতাব-উল ইসলাম, রিহ্যাবের সাবেক সভাপতি তৌফিক এম সেরাজ, ঢাকা স্টক এক্সচেঞ্জের সাবেক সভাপতি রকিবুর রহমান প্রমুখ।
আলোচনা সভায় সূচনা বক্তব্য দেন ইআরএফের সভাপতি সুলতান মাহমুদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিশিষ্ট সাংবাদিক ফরিদ হোসেন। ধন্যবাদ জ্ঞাপন করেন ইআরএফের সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান।