দেশের প্রত্যন্ত ও অনুন্নত অঞ্চলে শিল্পায়নের লক্ষ্যে আসন্ন বাজেটে বিশেষ সুবিধা চায় ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই)।
এ জন্য সংগঠনটি এসব অঞ্চলে শিল্প গড়ার ক্ষেত্রে বিদ্যমান করহারের ৫০ শতাংশ বিশেষ রেয়াত সুবিধা দেওয়ার প্রস্তাব করেছে। পাশাপাশি এসব অঞ্চলে নতুন শিল্প প্রতিষ্ঠায় কর অবকাশ সুবিধা সহজ শর্তে পাঁচ বছরের জন্য বহাল রাখার প্রস্তাবও করা হয়েছে। এফবিসিসিআই মনে করে, এই সুবিধা দেশে নতুন শিল্প স্থাপনে উদ্যোক্তাদের আগ্রহী করবে।
এ ছাড়া, এফবিসিসিআই শিল্পায়নের স্বার্থে শিল্পের মূলধনি যন্ত্রপাতি এবং মৌলিক কাঁচামাল আমদানির শুল্ক কমিয়ে ১ শতাংশ করার প্রস্তাব করেছে। বর্তমানে মূলধনি যন্ত্রপাতিতে আমদািন শুল্ক ২ শতাংশ ও শিল্পে ব্যবহার্য কঁাচামালে ১০ শতাংশ শুল্ক বিদ্যমান রয়েছে৷
অন্যদিকে জীবনযাত্রার ব্যয় ও আয়ের সঙ্গে সংগতিপূর্ণ করতে ব্যক্তিশ্রেণীর করমুক্ত আয়সীমা বাড়িয়ে আড়াই লাখ টাকা করার সুপারিশ করেছে এফবিসিসিআই। বর্তমানে করমুক্ত আয়সীমা দুই লাখ ২০ হাজার টাকা।
আসন্ন ২০১৪-১৫ অর্থবছরের বাজেট সামনে রেখে এফবিসিসিআইয়ের তৈরি করা চূড়ান্ত বাজেট প্রস্তাবে এসব বিষয়ের উল্লেখ রয়েছে। প্রস্তাবটি সম্প্রতি জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যানের কাছে পাঠানো হয়েছে।
এফবিসিসিআইয়ের প্রস্তাবে আয়করসংক্রান্ত ১৭৫টি প্রস্তাব, মূল্য সংযোজন করসংক্রান্ত ১৫৫টি এবং আমাদনি শুল্কসংক্রান্ত ২৮৭টি প্রস্তাব ঠাঁই পেয়েছে। চূড়ান্ত প্রস্তাবটি নিয়ে রাজধানীর একটি হোটেলে কাল বৃহস্পতিবার পরামর্শক সভা অনুষ্ঠিত হবে।
আয়কর: করমুক্ত আয়সীমার ক্ষেত্রে আড়াই লাখ টাকার পরবর্তী চার লাখ টাকা পর্যন্ত আয়ের ওপর ১০ শতাংশ, পরবর্তী ছয় লাখ টাকার ওপর ১৫ শতাংশ, পরবর্তী সাত লাখ টাকার ওপর ২০ শতাংশ, আর অবশিষ্ট আয়ের ওপর ২৫ শতাংশ। বর্তমানে তিন হাজার টাকা ন্যূনতম কর অব্যাহত রাখার প্রস্তাবও রয়েছে এফবিসিসিআইয়ের।
করপোরেট করসংক্রান্ত প্রস্তাবে বলা হয়, শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠানের ক্ষেত্রে কোনো লভ্যাংশ না দিলে ৩৫ শতাংশ (বর্তমানে ৩৭ দশমিক ৫ শতাংশ), ১০ শতাংশের কম লভ্যাংশ দিলে কর ৩০ শতাংশ (৩৭ দশমিক ৫ শতাংশ), লভ্যাংশ ১০ শতাংশের বেশি কিন্তু ২০ শতাংশের কম হলে ২৫ শতাংশ (২৭ দশমিক ৫ শতাংশ); লভ্যাংশ ২০ শতাংশ বা এর বেশি দিলে ২২ দশমিক ৫ শতাংশ (২৪ দশমিক ৭৫ শতাংশ) নির্ধারণ করা প্রয়োজন।
তালিকাভুক্ত কিন্তু লভ্যাংশ না দেওয়া ব্যাংক-বিমা-অর্থলগ্নিকারী প্রতিষ্ঠানের কর ৪০ শতাংশ, ১০ শতাংশের কম লভ্যাংশ দিলে ৩৭ দশমিক ৫ শতাংশ, ১০ শতাংশের বেশি কিন্তু ২০ শতাংশের কম লভ্যাংশ দিলে ৩৫ শতাংশ, ২০ শতাংশ বা এর বেশি লভ্যাংশ দিলে ৩২ দশমিক ৫ শতাংশ করারোপের দাবি করেছে। বর্তমানে সবগুলো ক্ষেত্রে ৪২ দশমিক ৫ শতাংশ কর আরোপিত আছে।
অন্যদিকে পঁুজিবাজারে তালিকাবহির্ভূত প্রতিষ্ঠানের আয়কর ৩২ দশমিক ৫ শতাংশ এবং অনুৎপাদনশীল প্রতিষ্ঠানের ক্ষেত্রে
৩৫ শতাংশ করার প্রস্তাব করেছে সংগঠনটি। দুটি ক্ষেত্রেই এখন বর্তমানে ৩৭ দশমিক ৫ শতাংশ কর আরোপিত আছে।
বিনিয়োগ আকর্ষণ এবং শিল্পায়নের স্বার্থে শিল্পের মৌলিক কাঁচামালের ওপর থেকে অগ্রিম আয়কর সম্পূর্ণ প্রত্যাহার, তা-ও না হলে ৩ শতাংশ করার প্রস্তাব করেছে এফবিসিসিআই।
ক্ষুদ্র ও মাঝারি খাতকে (এসএমই) এখন বার্ষিক লেনদেনের ৩০ লাখ টাকা পর্যন্ত কর অব্যাহতি দেওয়া হয়েছে। একে ৬০ লাখে উন্নীত করার প্রস্তাব দিয়েছে এফবিসিসিআই।
চলতি বাজেটে ব্যক্তির ক্ষেত্রে সঞ্চয়ী ও স্থায়ী আমানতের সুদ থেকে পাওয়া আয়ের ওপর উৎস কর আরোপের যে বিধান রয়েছে, তা প্রত্যাহারের দাবি করেছে এফবিসিসিআই।
মূসক: এফবিসিসিআই বলেছে, স্থানীয় শিল্পকে বিদেশি পণ্যের সঙ্গে প্রতিযোগী করতে উৎপাদন স্তরে সব ম্যানুফ্যাকচারিং খাতে আরোপিত সম্পূরক শুল্ক প্রত্যাহার করা প্রয়োজন। আবার আমদানি পর্যায়ে মূসক আরোপিত না থাকলে ওই পণ্যের উৎপাদন পর্যায়েও মূসক আরোপ না করার প্রস্তাব করেছে সংগঠনটি।
কুটিরশিল্পের আওতায় প্ল্যান্ট, যন্ত্রপাতি ও সরঞ্জামের বিনিয়োগ করা মূলধনের পরিমাণ ৪০ লাখ টাকা পর্যন্ত মূসক অব্যাহতি পায়। এফবিসিসিআই এটাকে বাড়িয়ে ৫০ লাখ টাকা করার প্রস্তাব করেছে।
এফবিসিসিআইয়ের আরেকটি প্রস্তাব হচ্ছে, তালিকাভুক্ত বা তালিকাভুক্তিযোগ্য ব্যক্তির অর্থনৈতিক কার্যক্রমের লেনদেন বছরে এক কোটি টাকা পর্যন্ত হলে তার ওপর কোনো টার্নওভার কর আরোপ না করা এবং লেনদেন তিন কোটি টাকা পর্যন্ত হলে ২ শতাংশ হারে কর দেওয়ার বিধান করা।
সংগঠনটি বলছে, দেশের লাখ লাখ ক্ষুদ্র ব্যবসায়ী প্যাকেজ ভ্যাট দিতে এগিয়ে এসেছেন। তাঁদের ভ্যাট দিতে অভ্যস্ত করতে প্যাকেজ ভ্যাট ব্যবস্থা অব্যাহত রাখা প্রয়োজন।
জাতীয় উন্নয়নে অর্থনীতির মৌলিক কয়েকটি গুরুত্বপূর্ণ খাত যেমন: জ্বালানি, বিদ্যুৎ, ব্যাংকিং, পরিবহন, শিক্ষা ও স্বাস্থ্য খাতকে মূসকবহির্ভূত রাখার প্রস্তাব করেছে এফবিসিসিআই।
আমদানি শুল্ক: আমদানি শুল্কের ক্ষেত্রে চারটি শুল্কস্তরের প্রস্তাব করেছে এফবিসিসিআই। দেশে উৎপাদিত হয় না এমন মধ্যবর্তী কাঁচামালে ৩ শতাংশ, দেশে উৎপাদিত হওয়ার পরও আমদানি করতে হয়—এমন মধ্যবর্তী কাঁচামাল এবং অতিপ্রয়োজনীয় ভোগ্যপণ্যে ১০ শতাংশ এবং তৈরি ও বিলাসী ভোগ্যপণ্যে ২৫ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব রয়েছে। এর সঙ্গে নিয়ন্ত্রণমূলক শুল্ক আরোপের প্রস্তাবও রয়েছে।
এফবিসিসিআই মনে করে, প্রতিযোগিতামূলক শিল্পায়ন এবং স্থানীয় শিল্পের সুরক্ষা নিশ্চিত করতে দেশে উৎপাদিত পণ্য ও আমদানি করা তৈরি পণ্যের করপার্থক্য ৩০ থেকে ৪০ শতাংশের মধ্যে সীমাবদ্ধ রাখা প্রয়োজন।