প্রত্যাশা অনুযায়ী বিনিয়োগ হচ্ছে না: দেবপ্রিয়
দেশে প্রত্যাশা অনুযায়ী বিনোয়োগ হচ্ছে না বলে মনে করেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) বিশেষ ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য।
আজ শনিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে সিপিডি আয়োজিত বাংলাদেশ অর্থনীতি ২০১৪-১৫ ‘অন্তর্বর্তীকালীন পর্যালোচনা’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে এ কথা জানান দেবপ্রিয় ভট্টাচার্য।
দেশ থেকে টাকা পাচার হচ্ছে বলেও মনে করেন সিপিডির এই বিশেষ ফেলো। তাঁর মতে, এই পাচারের পরিমাণ বৈদেশিক সাহায্যের চেয়েও বেশি। বৈদেশিক বিনিয়োগবলে এই পাচারের অর্থই আবার দেশে ফিরিয়ে আনছেন অনেকে।
দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, বর্তমানে শিল্প ঋণের যে তথ্য দেওয়া হচ্ছে, তা বেশির ভাগই লোন ট্রাস্ট রিসিপ (এলটিআর) বা বিশ্বাসী ঋণের। আবার খেলাপি ঋণের তথ্যেও সন্দেহের জায়গা রয়েছে। এখন দেখা যাচ্ছে, বেনামি ঋণও পুনঃ তফসিল করা হচ্ছে।
মোট দেশজ উৎপাদনের প্রবৃদ্ধির হার ৬ শতাংশে আটকে আছে বলে উল্লেখ করেন দেবপ্রিয় ভট্টাচার্য।
এ অবস্থায় ব্যক্তি খাতের বিনিয়োগ যদি না বাড়ে, তাহলে প্রতিবছর শ্রমবাজারে যে পরিমাণ লোক প্রবেশ করছে, তাদের জন্য সমস্যা হয়ে যাবে বলে মনে করেন এ অর্থনীতিবীদ।
বিনিয়োগে সমস্যার জন্য প্রচলিত প্রতিবন্ধকতা, সংস্কারের অভাব ও রাজনৈতিক অনিশ্চয়তাকে চিহ্নিত করেছেন দেবপ্রিয় ভট্টাচার্য। আর্থিক খাতে একটি কমিশন গঠনের পরামর্শ দেন তিনি।
সংবাদ সম্মেলনে পর্যালোচনা তুলে ধরেন সিপিডির নির্বাহী পরিচালক মুস্তাফিজুর রহমান। পর্যালোচনায় বলা হয়, ব্যক্তি খাতে যে ধরনের বিনিয়োগ হওয়া দরকার, তা হয়নি। বিনিয়োগের জন্য ব্যাংক খাত থেকে যে প্রবাহ হওয়া দরকার ছিল, তা-ও হয়নি। অনেক মূলধনী যন্ত্রপাতি দেশে আসছে, যেগুলোতে কোনো শুল্ক নেই। এসব যন্ত্রপাতিকে বিনিয়োগের সঙ্গে সম্পর্কিত করা হচ্ছে কি না, তা-ও দেখার ব্যাপার আছে বলে পর্যালোচনায় উল্লেখ করা হয়।
নতুন বিনিয়োগে আস্থার অভাব, ব্যাংক খাতে খবরদারি ও নজরদারিতে দুর্বলতা এবং ব্যক্তিকে সহায়তা দিতে নীতি প্রণয়নের ফলে মধ্য মেয়াদে সমস্যা তৈরি হবে বলে পর্যালোচনায় বলা হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সিপিডির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম।