প্রত্যাশা পূরণের নির্দেশনা নেই
২০১৬-১৭ অর্থবছরের বাজেটে আঞ্চলিক উন্নয়নের প্রত্যাশা পূরণ হয়নি দক্ষিণাঞ্চলের মানুষের। তাঁরা বলেন, ভোলা থেকে বরিশালে গ্যাস আনা, পদ্মা সেতু থেকে বরিশাল-কুয়াকাটা-পায়রা বন্দর পর্যন্ত রেললাইন স্থাপন, কুয়াকাটাকে পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলা এবং ইলিশ প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র নির্মাণে বিশেষ বরাদ্দের ঘোষণা আশা করলেও তাঁদের এসব চাওয়া নিয়ে বাজেটে কোনো দিকনির্দেশনা নেই। এ ছাড়া দক্ষিণাঞ্চলের উন্নয়নে অন্য কোনো বড় বরাদ্দও নেই বাজেটে।
বরিশালের বিভিন্ন পর্যায়ের নাগরিকেরা বাজেট বিষয়ে প্রথম আলোর সঙ্গে আলাপকালে ক্ষোভ ও হতাশার কথা জানান। তাঁরা বলেন, বাজেটে করের বোঝা কমার পদক্ষেপ আশা করা হলেও বাস্তবে তা হয়নি।
সাবেক যুগ্ম সচিব এম মোয়াজ্জেম হোসেন বলেন, ‘বাজেটে জাতীয়ভাবে কিছু আশার সংবাদ থাকলেও আঞ্চলিক বরাদ্দের ক্ষেত্রে আবারও আমরা বঞ্চিত হলাম। অনেক সম্পদ থাকার পরও আমরা মর্যাদাহীন থেকে গেলাম।’
মোয়াজ্জেম হোসেন আরও বলেন, পদ্মা সেতু নির্মিত হচ্ছে। এর সুফল পেতে হলে বরিশাল-কুয়াকাটা-পায়রা বন্দর পর্যন্ত রেললাইন স্থাপনের ঘোষণা অত্যন্ত জরুরি ছিল। বাজেটে সে ব্যাপারে দিকনির্দেশনা পাওয়া যায়নি।
উন্নয়নকর্মী শুভংকর চক্রবর্তী বলেন, বাজেটে নতুন করের বোঝা চেপেছে সাধারণ মানুষের কাঁধে।
ক্রীড়াবিদ মাহবুব মোর্শেদ বলেন, ‘বাজেটে আঞ্চলিক পর্যায়ে খেলাধুলার উন্নয়নে বরাদ্দ নেই। যে কারণে বরিশাল খেলাধুলায় আরও পিছিয়ে যাবে। এ অবস্থা থেকে উত্তরণে বাজেটে পদক্ষেপ চাই।’
শিশুসংগঠক জীবন কৃষ্ণ দে মনে করেন, বাজেটে শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হলে দেশে শিক্ষা-বাণিজ্য বন্ধ হতে পারে।
২৭টি সংগঠনের জোট বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি এস এম ইকবাল বলেন, ‘আমরা সংস্কৃতি খাতে বরাদ্দ বাড়ানোর দাবি জানিয়ে এলেও বাজেটে তা করা হয়নি। বরাদ্দ কম থাকায় সংস্কৃতির বিকাশ ঘটছে না। তাই বাজেটে সংস্কৃতি খাতে বরাদ্দ বাড়াতে হবে।’