প্রত্যেক টিআইএনধারীর ওপর বাধ্যতামূলক কর বসছে না
প্রত্যেক টিআইএনধারী বা কর শনাক্ত নম্বরধারীর ওপর বাধ্যতামূলকভাবে ন্যূনতম আয়কর বসছে না। তবে ক্ষেত্রবিশেষে সুবিধাভোগী টিআইএনধারীদের ওপর বাধ্যতামূলক কর আরোপের কৌশল খোঁজা হচ্ছে।এক সংবাদ সম্মেলনে গতকাল সোমবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ এ কথা বলেন। উল্লেখ্য, সম্প্রতি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত প্রত্যেক টিআইএনধারীর ওপর বাধ্যতামূলক বার্ষিক কর আরোপের কথা জানিয়েছিলেন। আগামী ২০১২-১৩ অর্থবছর থেকেই তা কার্যকর করার কথাও বলেছিলেন তিনি।সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, আগামী অর্থবছরের বাজেটে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জন্য এক লাখ ১২ হাজার ৩৫০ কোটি টাকার লক্ষ্য নির্ধারণ করা হচ্ছে।এ ছাড়া জাতীয় সংসদের আগামী বাজেট অধিবেশনে মূল্য সংযোজন কর (মূসক) আইন পাসের জন্য উত্থাপন করা হবে। আর প্রাক্-জাহাজীকরণের ব্যবস্থা (পিএসআই) তুলে দেওয়ার সময়সীমা বেঁধে দিয়ে একটি রূপরেখাও বাজেটে দেওয়া হবে। আগামী ডিসেম্বর মাসে পিএসআই প্রথা শেষ হওয়ার কথা রয়েছে।এনবিআর সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন এনবিআরের সদস্য (আয়করনীতি) সৈয়দ আমিনুল করিম, সদস্য (কর জরিপ, পরিদর্শন ও তদন্ত) মোহাম্মদ আলাউদ্দিন, সদস্য (শুল্কনীতি) নাসির উদ্দিন প্রমুখ। সংবাদ সম্মেলনে চলতি অর্থবছরের প্রথম নয় মাসের (জুলাই-মার্চ) রাজস্ব আদায় পরিস্থিতি জানানো হয়।আগামী বাজেটে কালোটাকা সাদা করার সুযোগ দেওয়া হচ্ছে কি না, এমন প্রশ্নের জবাবে এনবিআরের চেয়ারম্যান বলেন, ‘বিদ্যমান অধ্যাদেশের ১৯ ধারায় অপ্রদর্শিত আয় ঘোষণা দেওয়ার সুযোগ রয়েছে। কোনো করদাতা যদি তাঁর আয়ের কোনো অংশের উৎস দেখাতে ব্যর্থ হন, তবে আইন অনুযায়ী সর্বোচ্চ করহারে ওই অর্থের ওপর করারোপ করে তা মূলধারায় আনা হয়। যে কেউ এই সুযোগ নিতে পারেন।’তবে এ পর্যন্ত ধারা বলে কী পরিমাণ অর্থ ঘোষণায় এসেছে, তা তিনি তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি।নাসির উদ্দিন আরও বলেন, প্রস্তাবিত আয়কর আইনে অর্থ স্থানান্তরের বিষয়টিকে গুরত্ব দেওয়া হচ্ছে। এতে অর্থ পাচার প্রতিরোধেই এমনটি করা হচ্ছে। প্রস্তাবিত আয়কর আইনে অর্থ স্থানান্তরের বিষয়টি অন্তর্ভুক্ত করতে ইতিমধ্যে একটি সেল গঠন করা হয়েছে। তিনি আরও বলেন, ‘আমরা দেখতে চাই, বহুজাতিক প্রতিষ্ঠানগুলো কী প্রক্রিয়ায় বিদেশে অর্থ স্থানান্তর করে থাকে।’এনবিআরের চেয়ারম্যান আরও বলেন, অর্থ স্থানান্তরের বিষয়টি শুধু আইনে অন্তর্ভুক্ত করলেই হবে না; এ ধরনের কারিগরি বিষয়ে মাঠপর্যায়ের কর্মকর্তাদের দেশে-বিদেশে প্রশিক্ষণ দেওয়া হবে।আগামী মাসে সীমিত পরিসরে ই-পেমেন্টের ব্যবস্থা চালু করা হচ্ছে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।