গাজীপুরে বয়লার বিস্ফোরণে প্রত্যেক নিহত শ্রমিকের পরিবারকে পাঁচ লাখ টাকা দেবে মালটিফ্যাবস কর্তৃপক্ষ। চলতি সপ্তাহে অর্থ সহায়তা ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের হাতে তুলে দেওয়া হবে। এ ছাড়া শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক প্রত্যেক নিহতের পরিবারকে পাঁচ লাখ টাকা করে অর্থ সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন।
রাজধানীর কারওয়ান বাজারে বিজিএমইএ কার্যালয়ে গতকাল শনিবার বিকেলে প্রথম আলোর সঙ্গে আলাপকালে এসব কথা জানান কারখানাটির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মহিউদ্দিন ফারুকী। তিনি বলেন, ‘আমাদের ডেনমার্কের একটি ক্রেতাপ্রতিষ্ঠান ২৬ হাজার মার্কিন ডলার দিয়েছে। সেটি দিয়ে নিহত প্রত্যেক পরিবারকে ২ লাখ টাকা দেওয়া যাবে। এ ছাড়া আমরা প্রত্যেক নিহতের পরিবারকে দেব তিন লাখ টাকা। এর বাইরে সরকার পাঁচ লাখ করে টাকা দেবে।’
গত সোমবার গাজীপুরের কাশিমপুরের নয়াপাড়া এলাকার মালটিফ্যাবসের বয়লারে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে কারখানার ১৩ জন শ্রমিক নিহত এবং অর্ধশতাধিক শ্রমিক ও পথচারী আহত হন। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে নিহত ৩ শ্রমিকের নাম উল্লেখসহ ৮-১০ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে মামলা করেছে। গঠিত হয়েছে তিনটি তদন্ত কমিটি।
মহিউদ্দিন ফারুকী জানান, বয়লার বিস্ফোরণের ঘটনায় কারখানাটির ৩০-৪০ কোটি টাকার ক্ষতি হয়েছে। বর্তমানে ধ্বংসস্তূপ সরানোর কাজ চলছে। আগামী ১০-১২ দিনের মধ্যে কারখানার সুইং বা সেলাই সেকশন চালু করা যাবে, তবে ডাইং সেকশন চালু করতে সময় লাগবে।
আলাপকালে মালটিফ্যাবসের চেয়ারম্যান দাবি করেন, ‘বয়লার বিস্ফোরণের ঘটনায় কর্তৃপক্ষের কোনো দায় নেই। বয়লার অপারেটরদের অসাবধানতায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বয়লারে সমস্যা দেখার সঙ্গে সঙ্গে যদি তাঁরা সেটি বন্ধ করে দিতেন, তাহলে দুর্ঘটনা ঘটত না।’ তিনি আরও বলেন, বিস্ফোরিত বয়লারটির ছাড়পত্রের মেয়াদ শেষ হলেও সেটি কোনোভাবেই মেয়াদোত্তীর্ণ নয়।
মহিউদ্দিন ফারুকী আরও দাবি করেন, ‘বিস্ফোরিত বয়লারটি পোশাকের ফিনিশিংয়ের কাজে ব্যবহৃত হতো। সোমবার সেটি রক্ষণাবেক্ষণের কাজ করতে গিয়েই বিস্ফোরণ ঘটে। রক্ষণাবেক্ষণ কাজ করার অনুমতি দিয়েছেন কারখানার কর্মকর্তারা। এ জন্য কারখানা কর্তৃপক্ষ দায় নেবে না।’
অবশ্য ঘটনার পরদিন মঙ্গলবার আহত কয়েকজন শ্রমিক জানান, ঈদের ছুটি সত্ত্বেও ১ জুলাই থেকে কারখানার নিটিং এবং ডাইং সেকশনে কাজ হচ্ছিল। বিস্ফোরিত বয়লারের পাশেই ডাইং সেকশনে কাজ করছিলেন প্রায় ৮০ জন শ্রমিক। বিকেলের দিকে পাঁচ টনের বয়লার থেকে জোরে শব্দ হয়। তখন শ্রমিকদের কয়েকজন উদ্বিগ্ন হয়ে ছুটে যান। তবে বয়লার অপারেটররা ‘তেমন কিছু না’ বলে তাঁদের কাজে ফেরত পাঠান। এরপর আরেক দফা ঘটে একই ঘটনা। সন্ধ্যার দিকে বয়লারটি বিকট শব্দে বিস্ফোরিত হয়।