প্রথম এনআরবি সম্পদ ব্যবস্থাপনা কোম্পানি রক অ্যাসেট ম্যানেজমেন্ট
দেশের প্রথম প্রবাসী বাংলাদেশিদের (এনআরবি) নিয়ে গঠিত সম্পদ ব্যবস্থাপনা কোম্পানি হিসেবে অনুমোদন পেল ‘রক অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড’। ৫ এপ্রিল প্রতিষ্ঠানটি সম্পদ ব্যবস্থাপনা কার্যক্রম পরিচালনার অনুমোদন পেয়েছে। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) প্রতিষ্ঠানটিকে সম্পদ ব্যবস্থাপনার কাজের অনুমোদন প্রদান এবং নিবন্ধন সনদ প্রদান করে। নিবন্ধন সনদের কোড নম্বর হলো—এসইসি/অ্যাসেট ম্যানেজমেন্ট/২০১২০/৩৪। প্রতিষ্ঠানটির সম্পদ ব্যবস্থাপনা কার্যক্রম পরিচালনার সক্ষমতা আছে কি না এবং অফিসের স্থানসহ অন্যান্য বিষয় যথাযথভাবে পর্যবেক্ষণ করে এসইসি এই অনুমোদন এবং সনদ প্রদান করে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।এ প্রতিষ্ঠানটি যুক্তরাজ্যে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের (এনআরবি) কাছ থেকে ফান্ড বা তহবিল গঠন করে বাংলাদেশে বিনিয়োগ করবে বলে প্রতিষ্ঠানটির উদ্যোক্তারা জানিয়েছেন।এ ব্যাপারে যোগাযোগ করা হলে রক অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জি আর চৌধুরী ও পরিচালক বশির আহমেদ প্রথম আলো অনলাইনকে বলেন, ‘আমরা জনবল নিয়োগের প্রক্রিয়া শুরু করেছি। ইতিমধ্যেই তহবিল গঠনের কাজও শুরু করেছি। শিগগিরই আমরা পুরোদমে কাজ শুরু করতে পারব।’ তাঁরা আরও বলেন, ‘বাংলাদেশের ইতিহাসে এই প্রথম সম্পদ ব্যবস্থাপনা কোম্পানি হিসেবে শত ভাগ যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশিদের (এনআরবি) কাছ থেকে তহবিল গঠনের উদ্যোগ নিয়েছি।’তরুণ বাংলাদেশি পেশাদারদের নিয়োগ দেওয়া হচ্ছে বলেও জানান এই দুই উদ্যোক্তা। এ ছাড়া প্রতিষ্ঠানটির পরিচালক ও শেয়ারধারীরা গ্রেট ব্রিটেনে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে কাজ করছেন বলেও জানান তাঁরা।এসইসি সূত্রে জানা যায়, এসইসির পরিচালক (প্রশাসন) শেখ মাহাবুবুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়, রক অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের সম্পদ ব্যবস্থাপনা কার্যক্রম পরিচালনার সক্ষমতা রয়েছে এবং অফিসের স্থানসহ অন্যান্য বিষয় যথাযথভাবে পর্যবেক্ষণে সন্তুষ্ট হয়ে এসইসি এই অনুমোদন ও সনদ প্রদান করেছে। সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (মিউচ্যুয়াল ফান্ড) বিধিমালা, ২০০১ অনুসারে এ নিবন্ধন সনদ প্রদান করা হয় বলে ওই চিঠিতে উল্লেখ করা হয়।এর আগে সম্পদ ব্যবস্থাপনা কার্যক্রম পরিচালনার সক্ষমতা যাচাইয়ের লক্ষ্যে গত ২৫ মার্চ এসইসির দুজন কর্মকর্তা রক অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড পরিদর্শনে যান। পরে ২৭ মার্চ আবারও প্রতিষ্ঠানটি পরিদর্শন করা হয়। পরিদর্শন কার্যক্রম পরিচালনাকারী এসইসির ওই দুই কর্মকর্তা হলেন, উপপরিচালক মো. ইউসুফ ভূঁইয়া ও মোহাম্মদ জহিরুল হক।সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (মিউচ্যুয়াল ফান্ড) বিধিমালা, ২০০১-এর বিধি ২৭(১)(চ) অনুসারে এই পরিদর্শন কার্যক্রম পরিচালনা করা হয়। পরিদর্শন কার্যক্রম সম্পন্ন করে গত ২৯ মার্চ এ-সংক্রান্ত একটি প্রতিবেদন কমিশনের কাছে দাখিল করতে বলা হয়। এসইসির বিধিবিধান ও শর্তাদি যথাযথ পরিপালন করার পরিপ্রেক্ষিতে কমিশন সার্বিক দিক বিবেচনা করে রক অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডকে সম্পদ ব্যবস্থাপক হিসেবে নিবন্ধন সনদ প্রদান করে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়।