প্রথম এফটিএ শ্রীলঙ্কার সঙ্গে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের প্রথম মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) শ্রীলঙ্কার সঙ্গে হচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

বাণিজ্যমন্ত্রী বলেছেন, এফটিএ স্বাক্ষরের প্রস্তুতি চলছে। এফটিএ সই হলে বর্তমানে শ্রীলঙ্কার সঙ্গে বাংলাদেশের যে বাণিজ্য ঘাটতি রয়েছে, তা আর থাকবে না।

ঢাকায় নবনিযুক্ত শ্রীলঙ্কার রাষ্ট্রদূত ইয়াসোজা গানাসিকারার সঙ্গে গতকাল মঙ্গলবার সচিবালয়ে মতবিনিময় শেষে বাণিজ্যমন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন।

বাংলাদেশ এখন পর্যন্ত কোনো দেশের সঙ্গে এফটিএ করতে পারেনি। শ্রীলঙ্কার সঙ্গে এফটিএ সই হলে এটিই হবে এ ধরনের প্রথম চুক্তি। বাংলাদেশ যে পরিমাণ পণ্য শ্রীলঙ্কায় রপ্তানি করে, তার চেয়েও বেশি আমদানি করে দেশটি থেকে।

শ্রীলঙ্কার বাজারে বাংলাদেশের মাছ, তৈরি পোশাক ও ওষুধের প্রচুর চাহিদা আছে বলে জানান বাণিজ্যমন্ত্রী। তবে তিনি বলেন, ‘দেশটির সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক বাণিজ্য-সংক্রান্ত সমস্যাগুলো চিহ্নিত হয়েছে। এগুলো সমাধানে এখন আলোচনা চলছে। সমস্যাগুলো দূর করতে উভয় দেশই একমত।’

তোফায়েল আহমেদ জানান, শ্রীলঙ্কার সঙ্গে শুল্ক-বিষয়ক কিছু জটিলতা রয়েছে। উভয় দেশে পণ্য রপ্তানির ওপর শুল্কহার বর্তমানে ১৩ দশমিক ৫০ শতাংশ। তাই দ্বিপক্ষীয় বাণিজ্য বৃদ্ধির জন্য শুল্কহার কমিয়ে ৫ শতাংশে নামিয়ে আনার প্রস্তাব করেছে বাংলাদেশ।

বাণিজ্য বৃদ্ধির জন্য যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা জরুরি বলে উল্লেখ করেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেন, বর্তমানে শ্রীলঙ্কার উড়োজাহাজ বাংলাদেশে আসছে। বাংলাদেশও দেশটির সঙ্গে আকাশপথে যোগাযোগ স্থাপন করবে। পাশাপাশি নৌ-যোগাযোগও স্থাপন করা হবে দেশটির সঙ্গে।

বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বাংলাদেশ গত ২০১৪-১৫ অর্থবছরে শ্রীলঙ্কায় রপ্তানি করেছে ২ কোটি ৬৮ লাখ মার্কিন ডলার মূল্যের পণ্য। একই সময়ে শ্রীলঙ্কা থেকে আমদানি করা হয়েছে ৬ কোটি ৬৬ লাখ ৫০ হাজার ডলারের পণ্য। অর্থাৎ বাংলাদেশের বাণিজ্য ঘাটতি হয়েছে ৩ কোটি ৯৮ লাখ ৪০ হাজার ডলারের।

শ্রীলঙ্কায় পাটপণ্য, ওভেন গার্মেন্টস, হালকা প্রকৌশল পণ্য, ওষুধ, নিট পোশাক, চামড়া, ফার্নেস তেল, হোম টেক্সটাইল, মুদ্রণসামগ্রী প্রভৃতি পণ্য রপ্তানি করে থাকে বাংলাদেশ। আর দেশটি থেকে বাংলাদেশ আমদানি করে বস্ত্র, খনিজ, রাসায়নিকসহ প্রভৃতি পণ্য।