প্রথম ও শেষ দিনে ডিএসইতে সূচকের উত্থান
আরেকটি বছর পার করল দেশের পুঁজিবাজার। বছরজুড়ে ব্যাপক উত্থানপতনসহ বাজারে অস্থিরতা চললেও শুরু এবং শেষটা কেটেছে বেশ ভালোই। আর বাজারে স্থিতিশীলতা ফেরাতে বেশির ভাগ দিনই বিনিয়োগকারীদের আন্দোলন ছিল চোখে পড়ার মতো। বছরের প্রায় পুরো সময়জুড়ে রাজধানীর মতিঝিলে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সামনে বিনিয়োগকারীদের বিক্ষোভ, ভাঙচুর, অগ্নিসংযোগ, সড়ক অবরোধ ছিল প্রায় নিত্যদিনের ঘটনা। একই সঙ্গে পুঁজি হারিয়ে নিঃস্ব বিনিয়োগকারীদের আর্তনাদও বছরজুড়ে মানুষকে ছুঁয়ে গেছে।সর্বশেষ গত নভেম্বরে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপের পর বাজার কিছুটা স্থিতিশীলতার দিকে যায়।ডিএসই সূত্রে জানা যায়, বছরজুড়ে উত্থানপতন হলেও ২০১১ সালের প্রথম কর্মদিবস ২ জানুয়ারি ডিএসইর সাধারণ মূল্যসূচক ১৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছিল ৮৩০৫ পয়েন্টে। আবার একই বছরের শেষ কার্যদিবস আজ ডিএসইর সাধারণ মূল্যসূচক ৩৬ পয়েন্ট বেড়ে ৫২৫৭ পয়েন্টে দাঁড়ায়। তবে ২০১১ সালে সার্বিকভাবে ডিএসইর মূল্যসূচক কমেছে প্রায় ৩০৪৮ পয়েন্টের মতো।বছরজুড়ে লেনদেনও অনেক কমেছে ডিএসইতে। যেখানে বছরের প্রথম দিনে ডিএসইতে মোট এক হাজার ৬১২ কোটি টাকার শেয়ারের লেনদেন হয়েছিল, সেখানে আজ বৃহস্পতিবার বছরের শেষ কার্যদিবসে লেনদেন দাঁড়িয়েছে ৫৫৯ কোটি টাকার শেয়ার।এ ব্যাপারে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের সভাপতি মিজান উর রশিদ চৌধুরী কিছুটা ক্ষোভের সঙ্গে বলেন, ‘শেয়ারবাজারে দরপতনের প্রতিবাদে গত বছরের ডিসেম্বর থেকে আমরা আন্দোলন করে আসছি। এক বছরের মধ্যে আমাদের ওপর পুলিশি হামলা হয়েছে, মামলা করা হয়েছে, আমাদের অনেককে আটক করেছে পুলিশ। তার পরও আমরা মাঠ ছাড়িনি। আমাদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে অবশেষে প্রধানমন্ত্রী হস্তক্ষেপ করেন পুঁজিবাজারে। যার ইতিবাচক প্রভাবে বিনিয়োগকারীদের মধ্যে আস্থা ফিরতে শুরু করেছে। বাজারও ইতিবাচক ধারায় রয়েছে।’ তবে বাজারে স্থিতিশীলতা ধরে রাখতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের যথাযথভাবে দায়িত্ব পালন করতে হবে বলে মনে করেন তিনি।সরকার গৃহীত বিশেষ প্রণোদনা প্যাকেজ বাস্তবায়িত হলে বাজারে স্থিতিশীলতা ফিরে আসবে বলেও মন্তব্য করেন মিজান উর রশিদ।