প্রথম জনতা ব্যাংক মিউচুয়াল ফান্ড অনুমোদিত
রাষ্ট্রায়ত্ত খাতের প্রথম ব্যাংক হিসেবে মিউচুয়াল ফান্ড গঠনের অনুমোদন পেল জনতা ব্যাংক লিমিটেড। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) গতকাল বুধবার ফান্ডটিকে সাধারণ বিনিয়োগকারীদের কাছ থেকে অর্থ সংগ্রহের অনুমোদন দিয়েছে। ২০০ কোটি টাকা আয়তনের এ ফান্ডটির নাম হবে ‘প্রথম জনতা ব্যাংক মিউচুয়াল ফান্ড’।ফান্ডটি ১০০ কোটি টাকা সংগ্রহ করবে সাধারণ বিনিয়োগকারীদের কাছ থেকে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে। আর উদ্যোক্তা হিসেবে জনতা ব্যাংক জোগান দিয়েছে ৫০ কোটি টাকা। বাকি ৫০ কোটি টাকা সংগ্রহ করা হয়েছে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে।ফান্ডটির প্রতিটি লটের দাম ধরা হয়েছে পাঁচ হাজার টাকা, যা ১০ টাকা অভিহিত মূল্যের ৫০০টি ইউনিট নিয়ে গঠিত হবে। ১০ বছর মেয়াদি ফান্ডটি পরিচালনা করবে বেসরকারি সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান রেইস অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি। এ ছাড়া রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) ফান্ডটির ট্রাস্টি ও কাস্টোডিয়ার হিসেবে থাকছে।