প্রথম ডাকঘর এটিএম চালু করল ভারত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতে এই প্রথম চালু হলো পোস্ট অফিস সেভিংস ব্যাংক এটিএম বা ডাকঘর এটিএম পরিষেবা। যাঁরা ডাকঘরে টাকা রাখেন, তাঁরা এই এটিএম কার্ডের মাধ্যমে টাকা তুলতে পারবেন।
তামিলনাড়ুর রাজধানী চেন্নাইয়ের থিয়াগয়ানগর প্রধান ডাকঘরে সম্প্রতি ভারতের কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদাম্বরম এই এটিএম পরিষেবার উদ্বোধন করেন।
পি চিদাম্বরম বলেন, ডাক বিভাগকে সম্পূর্ণ প্রযুক্তিভিত্তিক করে তুলতে এই পরিষেবা চালু করা হয়েছে। ডাকঘর পরিষেবাকে প্রযুক্তিগত দিক থেকে আরও উন্নত করতে চলতি ২০১৪-১৫ অর্থবছরের অন্তর্বর্তী বাজেটে চার হাজার ৯০৯ কোটি রুপি বরাদ্দ করেছে।
ডাক বিভাগের সচিব পদ্মিনী গোপীনাথ বলেন, ২০১৫ সালের শেষ নাগাদ দুই হাজার ৮০০ এটিএম স্থাপন করা হবে। তিনি জানান, আয় বাড়ানোর জন্য ডাক বিভাগ এখন গ্রামাঞ্চলে ই-কমার্স চালুর চিন্তাভাবনা করছে।