মার্চেন্ট ব্যাংক ও ব্রোকারেজ হাউসের গ্রাহকদের মার্জিন ঋণ প্রদান-সংক্রান্ত আইনের দুটি ধারা বাতিল করেছে নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। আজ বুধবার এসইসির নিয়মিত কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এসইসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০০৯ সালের ১ অক্টোবর জারি করা এসইসির আদেশের দুটি ধারা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। ওই দুই ধারায় বলা হয়, ‘স্টক এক্সচেঞ্জে নতুন তালিকাভুক্ত কোনো সিকিউরিটি ক্রয়ের জন্য উহা তালিকাভুক্তির পর প্রথম লেনদেন দিবস থেকে ৩০তম লেনদেন দিবস পর্যন্ত কোনো মার্জিন ঋণ প্রদান করা যাবে না ও স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত কোনো সিকিউরিটির ক্যাটাগরিতে পরিবর্তনের ক্ষেত্রে পরিবর্তিত ক্যাটাগরিতে প্রথম লেনদেন দিবস থেকে ৩০তম লেনদেন দিবস পর্যন্ত উক্ত সিকিউরিটিজ ক্রয়ের জন্য কোনো মার্জিন ঋণ প্রদান করা যাবে না’।এই ধারা দুটি বাতিলের ফলে এখন থেকে নতুন তালিকাভুক্ত হওয়া কোম্পানির শেয়ার লেনদেন শুরুর পর প্রথম থেকে ৩০ কর্মদিবসে এবং কোনো কোম্পানির ক্যাটাগরি পরিবর্তন হওয়ার পর প্রথম লেনদেন দিবস থেকে ৩০তম লেনদেন দিবসে মার্জিন ঋণ প্রদানে আর কোনো বাধা থাকল না।একই সঙ্গে ২০০৯ সালের ১ অক্টোবর জারি করা এ-সংক্রান্ত নির্দেশনার ধারা-২-এ উল্লিখিত দুটি ধারাও বাতিলের সিদ্ধান্ত নিয়েছে এসইসি।