প্রথম দিনই হোঁচট খেল শরিয়াহ সূচক
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রথমবারের মতো চালু হওয়া শরিয়াহ সূচকে আজ সোমবার প্রথম দিনেই নিম্নমুখী প্রবণতা লক্ষ করা গেছে। সার্বিকভাবে বাজার নিম্নমুখী থাকায় এর প্রভাব পড়েছে নতুন চালু হওয়া এই সূচকেও।
ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, ৯৪২ দশমিক ৫০ পয়েন্ট থেকে আজ ডিএসইর শরিয়াহ সূচকের যাত্রা শুরু হয়। এরপর ওঠানামায় লেনদেন চললেও দিন শেষে নিম্নমুখী অবস্থানে থাকে এই সূচক। দিনের লেনদেন শেষে ডিএসইএক্স শরিয়াহ সূচক ১ দশমিক ২২ পয়েন্ট কমে অবস্থান করছে ৯৪১ দশমিক ২৭ পয়েন্টে।
ইসলামি শরিয়াহ মোতাবেক বিনিয়োগ আকৃষ্ট করার লক্ষ্যে এবং বিশেষ করে ওআইসিভুক্ত দেশগুলোর বিনিয়োগ আকৃষ্ট করতে নতুন এই সূচক চালু করা হয়েছে ডিএসইতে। গতকাল রোববার এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এই সূচক চালুর ঘোষণা দেয় ডিএসই কর্তৃপক্ষ। এক হাজার পয়েন্ট ভিত্তি ধরে এই সূচক গণনা করা হয়েছে। স্ট্যান্ডার্ড অ্যান্ড পুওরের (এসঅ্যান্ডপি) মেথোডলজি অনুযায়ী শরিয়াহ সূচকটি তৈরি করা হয়েছে। ইসলামি শরিয়াহ অনুযায়ী পরিচালিত তালিকাভুক্ত কোম্পানিগুলো এতে অন্তর্ভুক্ত থাকবে বলে ডিএসই সূত্রে জানা যায়।