প্রথম দিনে অ্যাপোলো ইস্পাতের দাম বেড়েছে ৭৬ শতাংশ
দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত হলো অ্যাপোলো ইস্পাত কমপ্লেক্স লিমিটেডের। প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) প্রক্রিয়া শেষে আজ মঙ্গলবার ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে অ্যাপোলো ইস্পাতের লেনদেন শুরু হয়। প্রথম দিনে প্রতিষ্ঠানটির শেয়ারের দাম ৭৬ শতাংশ বেড়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা যায়, অ্যাপোলো ইস্পাতের প্রতিটি শেয়ার আজ ৩২ টাকা থেকে সর্বোচ্চ ৪০ টাকায় লেনদেন হয়। সর্বশেষ দাম ছিল ৩৮ দশমিক ৮০ টাকা। এই হিসাবে আজ ৭৬ দশমিক ৩৬ শতাংশ বা ১৬ দশমিক ৮০ টাকা বেড়েছে। আজ এই প্রতিষ্ঠানের ৭১ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।
অ্যাপোলো ইস্পাত সূত্রে জানা যায়, ডিএসই ও সিএসই প্রতিষ্ঠানটির ক্যাটাগরি নির্ধারণ করা হয়েছে ‘এন’। এ ছাড়া লেনদেন কোড ‘এপিওএলওআইএসপিএটি’ এবং ডিএসইতে কোম্পানি কোড ১৩২৩৩ আর সিএসইর কোম্পানি কোড ১৬০২৭।
এর আগে আইপিওর মাধ্যমে অ্যাপোলো ইস্পাত ১০ কোটি শেয়ার ছেড়ে বাজার থেকে ২২০ কোটি টাকা সংগ্রহ করে। ১০ টাকা অভিহিত মূল্যের প্রতিটি শেয়ারের বিক্রয়মূল্য ছিল ২২ টাকা। প্রতিটি মার্কেট লটে রয়েছে ২০০টি শেয়ার।
হিসাব বর্ষের প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) তথ্য অনুযায়ী প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) শূন্য দশমিক ৬৬ টাকা এবং শেয়ারপ্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভি) ২৫ দশমিক ৬৬ টাকা।