প্রথম দিনে ফার কেমিক্যালের দাম বেড়েছে ৪১৯ শতাংশ!
দেশের পুঁজিবাজারে আজ মঙ্গলবার লেনদেন শুরু হয়েছে ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের। প্রথম দিনে প্রতিষ্ঠানটির শেয়ারের দাম ৪১৯ শতাংশ বেড়েছে। ফলে প্রতিষ্ঠানটি আজ দুই স্টক এক্সচেঞ্জে দাম বৃদ্ধিতে শীর্ষ অবস্থানে রয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) পুঁজিবাজারে তালিকাভুক্তির পর আজ ডিএসইতে ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রির লেনদেন শুরু হয়। দিন শেষে ডিএসইতে প্রতিষ্ঠানটির শেয়ারের দাম ৪১ টাকা ৯০ পয়সা বা ৪১৯ শতাংশ বৃদ্ধি পায়। ডিএসইতে ৪৫ টাকায় এই প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন শুরু হয়। সর্বোচ্চ ৫৪ টাকা ৫০ পয়সা দাম ওঠে। তবে সর্বশেষ দাম ছিল ৫১ টাকা ৯০ পয়সা।
ডিএসই সূত্রে জানা যায়, ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ আজ তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসইর ওয়েবসাইটে প্রকাশিত তথ্যে বলা হয়, প্রতিষ্ঠানটি জানিয়েছে গত ৩১ মার্চ পর্যন্ত তাদের কর পরবর্তী মুনাফা হয়েছে ছয় কোটি ছয় লাখ ৩০ হাজার টাকা এবং বেসিক শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৭৭ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে প্রতিষ্ঠানটির কর পরবর্তী মুনাফা ছিল সাত কোটি ১৯ লাখ ৬০ হাজার টাকা এবং বেসিক ইপিএস ছিল ৯১ পয়সা। এই হিসাবে আগের অর্থবছরের তৃতীয় প্রান্তিকের চেয়ে চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকে প্রতিষ্ঠানটির মুনাফা ও ইপিএস কমেছে।
ফার কেমিক্যাল পুঁজিবাজার থেকে প্রাথমিক গণপ্রস্তাবের মাধ্যমে ১২ কোটি টাকা উত্তোলন করে। প্রতিটি শেয়ারের দাম ছিল ১০ টাকা।
ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ প্রধানত রপ্তানিকারক ডাইং ফ্যাক্টরিতে ব্যবহূত কেমিক্যাল ও ডাইং প্রোডাক্ট উত্পাদন করে থাকে।