রাজধানীতে থাইল্যান্ডের বাণিজ্য প্রদর্শনীর প্রথম দিনেই বিপুলসংখ্যক দর্শনার্থী এসেছে। তাদের অনেকেই মেলায় অংশ নেওয়া থাইল্যান্ডের বিভিন্ন প্রতিষ্ঠানের স্টল থেকে পছন্দের পণ্যও কিনেছে। থাই সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের ডিপার্টমেন্ট অব ইন্টারন্যাশনাল ট্রেড প্রমোশন (ডিআইটিপি) তিন দিনব্যাপী এই বাণিজ্য প্রদর্শনীটির আয়োজন করেছে। রাজধানীর সোনারগাঁও হোটেলে গত বুধবার রাতে প্রদর্শনীটির উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী জি এম কাদের। থাইল্যান্ডের ৪৬টি পণ্য প্রস্তুতকারক ও রপ্তানিকারক প্রতিষ্ঠান ১৪ ধরনের সামগ্রী নিয়ে এই প্রদর্শনীতে অংশ নিয়েছে। এর মধ্যে আছে খাদ্য ও পানীয়, উপহার, প্রসাধন, গৃহস্থালি, রন্ধন ও নির্মাণসামগ্রী, বিভিন্ন ধরনের সরঞ্জাম, চালকলের সরঞ্জাম, তৈরি পোশাক, প্লাস্টিকের আসবাব, ওষুধ ইত্যাদি। উদ্বোধনের পর গতকাল বৃহস্পতিবার সকাল থেকে প্রদর্শনীটি সাধারণের জন্য উন্মুক্ত করা হয়। বিকেলে প্রদর্শনী প্রাঙ্গণে গিয়ে দেখা যায়, নানা বয়সের মানুষ নিবন্ধন করে মেলায় প্রবেশ করছে। তবে খাদ্যসামগ্রী, প্রসাধন ও গৃহস্থালির পণ্যসামগ্রীর স্টলগুলোতেই বেশি ভিড় লক্ষ করা গেছে। জেব্রা ব্র্যান্ডের প্রায় ২০০ ধরনের তৈজসপত্র নিয়ে প্রদর্শনীতে অংশ নিয়েছে সাটিন স্টেনলেইস স্টিল পাবলিক কোম্পানি। মেলা উপলক্ষে প্রায় সব পণ্যেই বিশেষ ছাড় দিচ্ছে তারা। বাংলাদেশে প্রতিষ্ঠানটির পরিবেশক আছে। এটির কর্মকর্তা মোস্তফা কামাল বলেন, প্রথম দিন হিসেবে মোটামুটি ভালো সাড়া পাওয়া গেছে। প্রদর্শনীতে আংটি, কানের দুলসহ বিভিন্ন ধরনের অলংকার নিয়ে এসেছে একটি প্রতিষ্ঠান। হোয়াইট গোল্ডের এসব অলংকার কিনতে অনেককেই ভিড় করতে দেখা গেছে। প্রতিষ্ঠানটির বিক্রেতারা জানান, প্রদর্শনী উপলক্ষে তাঁরা ২০ শতাংশ ছাড় দিচ্ছেন। সেই সঙ্গে আছে গ্যারান্টি কার্ড।প্রদর্শনীতে অংশ নেওয়া প্রতিষ্ঠানের মধ্যে চকি মাহাচাই বেভারেজ, থাই ফুড এক্সপোর্ট সেন্টার, টং গার্ডেন, এসএস নেটওয়ার্ড, মুন শেডো ব্যাংকক অন্যতম। কাল শনিবার পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত দর্শনার্থীদের জন্য এ প্রদর্শনীটি খোলা থাকবে।