প্রথম দিনেই বাংলাদেশ বিল্ডিং সিস্টেমসের দাম বেড়েছে ৩৬০ শতাংশ
শেয়ারবাজারে লেনদেনের প্রথম দিনেই বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস লিমিটেডের শেয়ারের দাম ৩৬ টাকা বা ৩৬০ শতাংশ বেড়েছে। আজ মঙ্গলবার ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (ডিএসই ও সিএসই) প্রতিষ্ঠানটির শেয়ার লেনদেন শুরু হয়। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, আজ লেনদেন শেষে বাংলাদেশ বিল্ডিং সিস্টেমসের শেয়ারের সর্বশেষ দাম ছিল ৪৬ টাকা। শুরুর দাম ছিল ৩৫.১০ টাকা, যা সর্বোচ্চ ৪৮.৭০ টাকায় ওঠে।
ডিএসই সূত্রে আরও জানা যায়, প্রথম দিনে এই প্রতিষ্ঠানের ২২ কোটি ৮১ লাখ ৮২ হাজার ৯০০ টাকার শেয়ার লেনদেন হয়। এর ফলে প্রতিষ্ঠানটি আজ লেনদেন ও দাম বৃদ্ধির শীর্ষে উঠে আসে।
ডিএসইর পাশাপাশি সিএসইতেও এই প্রতিষ্ঠানের শেয়ারের দাম ৩৬০ শতাংশ বেড়েছে। সিএসইতে আজ শুরুর দাম ছিল ৩৫.১০ টাকা, যা সর্বোচ্চ ৪৯ টাকায় উঠেছিল। আর সর্বশেষ দাম দাঁড়ায় ৪৬ টাকায়। ডিএসইর মতো সিএসইতেও লেনদেন ও দাম বাড়ায় শীর্ষে ছিল এই প্রতিষ্ঠান।
প্রসঙ্গত, প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস লিমিটেড বাজার থেকে টাকা সংগ্রহ করে। প্রতিষ্ঠানটি ১০ টাকা অভিহিত মূল্যের এক কোটি ৪০ লাখ শেয়ার ছেড়ে বাজার থেকে ১৪ কোটি টাকা উত্তোলন করে।
সর্বশেষ তথ্য অনুযায়ী প্রতিষ্ঠানটির পরিশোধিত মূলধন ৬৪ কোটি টাকা। এ ছাড়া গত বছরের ৩০ জুন শেষ হওয়া অর্থবছরের হিসাব অনুযায়ী প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) ২.৫৮ টাকা এবং শেয়ারপ্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভি) ১৩.০৭ টাকা।