বাংলাদেশের প্রথম ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্য হিসেবে নিবন্ধন পাচ্ছে জামদানি। চলতি অক্টোবরের মধ্যেই এটি নিবন্ধিত হবে। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) আবেদনের পরিপ্রেক্ষিতে শিল্প মন্ত্রণালয়ের অধীন পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্ক অধিদপ্তর (ডিপিডিটি) এ নিবন্ধন দেবে।
বিশ্ব মেধাসম্পদ সংস্থার (ডব্লিউআইপিও) ৫৬তম বার্ষিক সম্মেলনে বক্তৃতাকালে শিল্পসচিব মো. মোশাররফ হোসেন ভূঁইয়া এ তথ্য জানান। গত মঙ্গলবার সুইজারল্যান্ডের জেনেভায় ডব্লিউআইপিওর সদর দপ্তরে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে ডব্লিউআইপিওর মহাপরিচালক ফ্রান্সিস গারি ও সংস্থার সদস্যভুক্ত দেশের প্রতিনিধিরা বক্তব্য দেন বলে গতকাল বৃহস্পতিবার শিল্প মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।
শিল্পসচিব বলেন, ভৌগোলিক নির্দেশক পণ্যের নিবন্ধন দিতে বাংলাদেশ সরকার ইতিমধ্যে জিআই আইন ও বিধিমালা প্রণয়ন করেছে। মেধাসম্পদের সংরক্ষণ, উন্নয়ন ও নিবন্ধনের লক্ষ্যে বাংলাদেশ ইতিমধ্যে বিশ্ব মেধাসম্পদ সংস্থার সহায়তায় ‘ইন্ডাস্ট্রিয়াল প্রপারটি রাইটস প্রজেক্ট’ বাস্তবায়ন করেছে। এর মাধ্যমে পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তরে কার্যক্রম আধুনিকায়ন করা হয়েছে।