প্রথম পর্যায়ে ২৫ জন পরিদর্শক নিয়োগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরে প্রথম পর্যায়ে ২৫ জনকে প্রথম শ্রেণীর সহকারী মহাপরিদর্শক (এআইজি) পদে নিয়োগ দেওয়া হয়েছে।
৩৩তম বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) অপেক্ষমাণ মেধাতালিকা থেকে সরকারি কর্মকমিশন (পিএসসি) গতকাল সোমবার নন-ক্যাডার কর্মকর্তা হিসেবে তাঁদের এ নিয়োগ দেয়। শ্রমসচিব মিকাইল শিপার গতকাল প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, ২০১৩ সালের ২৪ এপ্রিল রানা প্লাজা ধসের পর দেশের তৈরি পোশাক কারখানাগুলো নিয়মিত পরিদর্শন করা হয় না বলে দেশ-বিদেশে ব্যাপক সমালোচনা হয়। কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরে (সাবেক পরিদপ্তর) পরিদর্শক রয়েছেন হাতে গোনা। আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও), ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এবং যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি (ইউএসটিআর) তখন অধিদপ্তরে কয়েক শ পরিদর্শক নিয়োগের চাপ দেয়।
এর পরই ২৮, ২৯, ৩০ ও ৩৩তম—এই চারটি বিসিএসের অপেক্ষমাণ তালিকা থেকে ৬৭ জন এআইজি ও ১০০ জন পরিদর্শক নিয়োগ দেওয়ার উদ্যোগ নেয় সরকার। তারই অংশ হিসেবে গতকাল প্রথম পর্যায়ে এআইজি নিয়োগে পিএসসি শুধু ৩৩তম বিসিএসকে বিবেচনায় নেয়। বাকি এআইজি ও পরিদর্শকদের পরবর্তী পর্যায়ে নিয়োগ দেওয়া হবে বলে জানা গেছে।
নিয়োগ বিধিমালা, ২০১০ অনুসারে শূন্য পদের ৫০ শতাংশ পর্যন্ত প্রথম শ্রেণীর নন-ক্যাডার কর্মকর্তা নিয়োগ দিতে পারে পিএসসি। সে অনুযায়ী ৩৩-৩৪ জন নিয়োগ পাওয়ার কথা থাকলেও নিয়োগ পেয়েছেন ২৫ জন।
২৫ জনের মধ্যে আবার তিনটি শ্রেণী রয়েছে। ১৩ জন সাধারণ, পাঁচজন স্বাস্থ্য এবং সাতজন অগ্নিনিরাপত্তা-সংশ্লিষ্ট এআইজি। স্বাস্থ্যসম্পর্কিত পদ শূন্য রয়েছে ১৫টি। সম্প্রতি দেশজুড়ে অস্থায়ী ভিত্তিতে মেডিকেল কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে বলে ১০ জনকে নিয়োগের জন্য কাউকে পাওয়া যায়নি।
৬৭ শূন্য পদের মধ্যে অন্তত ৩৩ জনকে কেন নিয়োগ দেওয়া হলো না—জানতে চাইলে শ্রমসচিব বলেন, মুক্তিযোদ্ধা ও নারী কোটা পূরণ না হওয়ায় এমনটি হয়ে থাকতে পারে। বিদ্যমান আইন অনুযায়ী শিগগিরই ৫০ থেকে ৫৫ জনকে এআইজি পদে নিয়োগ দেওয়া হবে বলে আশাবাদী তিনি। শ্রমসচিব আরও বলেন, প্রক্রিয়া শুরু যেহেতু হয়েছে, বাকিদের নিয়োগও হবেই।
তবে, দ্বিতীয় শ্রেণীর পদমর্যাদার পরিদর্শক নিয়োগের জন্য বিদ্যমান নিয়োগ বিধিমালার পরিবর্তন হচ্ছে বলে আইন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। আইন মন্ত্রণালয় এরই মধ্যে এ ব্যাপারে ইতিবাচক মতামত দিয়েছে।
যোগাযোগ করলে বাণিজ্যসচিব মাহবুব আহমেদ প্রথম আলোকে বলেন, ৩১ মার্চের মধ্যে এ নিয়োগের সময়সীমা নির্ধারিত হয়েছিল। ২৫ এআইজি নিয়োগের মাধ্যমে এ ব্যাপারে সরকারের আন্তরিকতাই প্রকাশ পেল। বিষয়টি বাংলাদেশি পণ্য রপ্তানিতে যুক্তরাষ্ট্র কর্তৃক অগ্রাধিকারমূলক বাণিজ্য-সুবিধা (জিএসপি) পুনর্বহালে ভূমিকা রাখবে।