প্রথম প্রান্তিকে আমদানি বেড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে পণ্য আমদানি ব্যয় আগের বছরের একই সময়ের তুলনায় ১০ দশমিক ৫০ শতাংশ বেড়েছে।
বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ পরিসংখ্যান থেকে দেখা যায়, ২০১৩-১৪ অর্থবছরের জুলাই-সেপ্টেম্বর সময়কালে পণ্য আমদানি বাবদ ব্যয় হয়েছে ৯২০ কোটি ডলার।
অন্যদিকে গত ২০১২-১৩ অর্থবছরের একই সময়ে পণ্য আমদানির জন্য ব্যয় হয়েছিল ৮৩৩ কোটি ২৯ লাখ ডলার।
এতে আরও দেখা যায়, এ বছর সেপ্টেম্বর মাসে পণ্য আমদানির ব্যয় দাঁড়িয়েছে ৩০২ কোটি ১০ লাখ ডলার, যেখানে গত বছরের একই সময়ে এই ব্যয় ছিল ২৯৭ কোটি ৬৯ লাখ ডলার।
আমদানি ব্যয়ের এই হিসাব অবশ্য সিঅ্যান্ডএফভিত্তিক, যেখানে পণ্য জাহাজীকরণের পাশাপাশি বিমা ও পণ্য ওঠানো-নামানোর ব্যয় যুক্ত করা হয়।
অন্যদিকে এফওবির হিসাব অনুসারে, চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে আমদানি ব্যয় দাঁড়িয়েছে ৮৮০ কোটি ৪০ লাখ ডলার। এটি গত অর্থবছরের একই সময়ের তুলনায় ৯ দশমিক ৩৭ শতাংশ কম।
২০১২-১৩ অর্থবছরের জুলাই-সেপ্টেম্বর সময়কালে এফওবির ভিত্তিতে পণ্য আমদানি ব্যয় ছিল ৮০৫ কোটি ডলার।
এফওবির হিসাবে শুধু জাহাজীকৃত পণ্যের দর বিবেচনা করা হয়। আর লেনদেনের ভারসাম্য সারণিতে আমদানির এই এফওবি হিসাব অন্তর্ভুক্ত করা হয়।