প্রথম প্রান্তিকে আমদানি বেড়েছে ৩৭ শতাংশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি ২০১০-১১ অর্থবছরের প্রথম প্রান্তিকে পণ্য আমদানি উল্লেখযোগ্য হারে বেড়েছে।বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান থেকে দেখা যায়, চলতি অর্থবছরের জুলাই-সেপ্টেম্বর সময়কালে পণ্য আমদানি বাবদ ব্যয় আগের অর্থবছরের একই সময়ের তুলনায় বেড়েছে প্রায় ৩৭ শতাংশ।এতে দেখা যায়, অর্থবছরের প্রথম প্রান্তিকে পণ্য আমদানি বাবদ মোট ব্যয় হয়েছে ৭০২ কোটি ১৬ লাখ ডলার। আর ২০০৯-১০ অর্থবছরের একই সময়কালে পণ্য আমদানি বাবদ ব্যয় হয়েছিল ৫১২ কোটি ৭২ লাখ ডলার।এই তিন মাসের মধ্যে চলতি বছরের সেপ্টেম্বর মাসে পণ্য আমদানির জন্য ব্যয় করতে হয়েছে প্রায় ২৪৩ কোটি ডলার। আর গত বছরের সেপ্টেম্বর মাসে পণ্য আমদানির ব্যয় ছিল ১৮১ কোটি ৬১ লাখ ডলার। তার মানে মাসওয়ারি বিবেচনায় চলতি বছরের সেপ্টেম্বর মাসে আমদানি-ব্যয় বেড়েছে প্রায় ৩৪ শতাংশ।এর আগের মাসে, অর্থাৎ চলতি বছরের আগস্ট মাসেই পণ্য আমদানির জন্য ব্যয় হয়েছে ২৪২ কোটি ৩৭ লাখ ডলার। এটি গত বছরের আগস্ট মাসের তুলনায় প্রায় ৫৩ শতাংশ বেশি।চলতি অর্থবছরের প্রথম মাসে, অর্থাৎ জুলাই মাসে পণ্য আমদানি বাবদ ব্যয় হয়েছে ২১৬ কোটি ৮২ লাখ ডলার। এটি এর আগের বছরের একই মাসের তুলনায় প্রায় সাড়ে ২৫ শতাংশ বেশি। ২০০৯ সালের জুলাই মাসে আমদানি-ব্যয় ছিল ১৭২ কোটি ৬৪ লাখ ডলার।আমদানি-ব্যয়ের এই হিসাবটি অবশ্য সিঅ্যান্ডএফ-ভিত্তিক। লেনদেনের ভারসাম্যের সারণিতে আমদানি-ব্যয়ের হিসাব করা হয় এফওবি ভিত্তিতে। ফলে সেই অঙ্কটি সামান্য কম হয়ে থাকে।আলোচ্য প্রান্তিকের আমদানি ঋণপত্র স্থাপনের প্রবণতা পর্যালোচনায় প্রতীয়মান হয়, মূলধনি যন্ত্রপাতি আমদানি সবচেয়ে বেশি হারে বেড়েছে।কেন্দ্রীয় ব্যাংকের উপাত্ত অনুসারে, এই তিন মাসে মূলধনি যন্ত্রপাতি আমদানির জন্য প্রায় ৮০ কোটি ডলারের নতুন ঋণপত্র খোলা হয়েছে, যা আগের অর্থবছরের একই সময়ে খোলা ঋণপত্রের তুলনায় দ্বিগুণ।এই সময়কালে খাদ্যশস্য (চাল ও গম) আমদানির জন্য প্রায় ৬১ কোটি ডলারের ঋণপত্র স্থাপন করা হয়েছে। এটি আগের অর্থবছরের একই সময়ের চেয়ে ৮৭ শতাংশ বেশি।চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে শিল্পের কাঁচামাল আমদানির জন্য বাণিজ্যিক ব্যাংকগুলোতে ৩২৯ কোটি ডলারের ঋণপত্র খোলা হয়েছে। ২০০৯-১০ অর্থবছরের প্রথম প্রান্তিকে খোলা হয়েছিল ২২৫ কোটি ডলারের ঋণপত্র। তার মানে শিল্পের কাঁচামাল আমদানির জন্য ঋণপত্র খোলার পরিমাণ বেড়েছে প্রায় ৪৬ শতাংশ।রপ্তানি-আয়ের তুলনায় আমদানি-ব্যয় বেশি হওয়ায় বরাবরই বাংলাদেশের পণ্য বাণিজ্যে ঘাটতি দেখা দেয়। আলোচ্য সময়েও এর কোনো ব্যতিক্রম হয়নি। তবে রপ্তানি বৃদ্ধির হার যথেষ্ট জোরালো থাকায় ঘাটতির পরিমাণ বাড়বে না বলে ধারণা করা যায়।রপ্তানি উন্নয়ন ব্যুরোর পরিসংখ্যান থেকে দেখা যায়, চলতি বছরের প্রথম প্রান্তিকে পণ্য রপ্তানি থেকে আয় হয়েছে ৫০২ কোটি ৯০ লাখ ডলার। এটি গত অর্থবছরের একই সময়ের তুলনায় প্রায় ৩০ শতাংশ বেশি।২০০৯-১০ অর্থবছরের প্রথম প্রান্তিকে পণ্য রপ্তানি করে ৩৮৬ কোটি ৯১ লাখ ডলারের সমপরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব হয়েছিল।অবশ্য এখন পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংকের লেনদেনের ভারসাম্য সারণির জুলাই-আগস্ট বা জুলাই-সেপ্টেম্বর সময়কালের তথ্য পাওয়া যায়নি। তাই প্রকৃত ঘাটতি কত দাঁড়িয়েছে, তা জানা সম্ভব নয়। তবে আমদানি ও রপ্তানির উল্লিখিত তথ্যের ভিত্তিতে ধারণা করা যায়, প্রথম প্রান্তিকে পণ্য বাণিজ্য ঘাটতি ২০০ কোটি ডলারের নিচে। তবে ১৫০ কোটি ডলারের ওপরে থাকবে।জুলাই মাসের জন্য প্রস্তুতকৃত লেনদেনের ভারসাম্য সারণি অনুসারে, পণ্য বাণিজ্যে অর্থবছরের প্রথম মাসে ঘাটতি দাঁড়িয়েছিল মাত্র ১২ কোটি ৯০ লাখ ডলার।