প্রথম প্রান্তিকে আয়করে ঘাটতি ২৮১ কোটি টাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) আয়কর আদায়ে ২৮১ কোটি টাকা ঘাটতি হয়েছে। আলোচ্য সময়ে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সাত হাজার ৩১৫ কোটি টাকার আয়কর আদায় করেছে। আর এই সময়ে সাত হাজার ৫৯৬ কোটি টাকার আয়কর আদায়ের লক্ষ্য ছিল। এনবিআর সূত্রে এসব তথ্য জানা গেছে।

গত অর্থবছরের প্রথম প্রান্তিকে পাঁচ হাজার ৫৯৩ কোটি টাকার আয়কর আদায় করেছিল আয়কর বিভাগ। তবে এ বছর আয়করের প্রবৃদ্ধি অব্যাহত রয়েছে। প্রথম প্রান্তিকে প্রবৃদ্ধি হয়েছে ৩০ শতাংশ।

প্রসঙ্গত, চলতি ২০১৩-১৪ অর্থবছরে এক লাখ ৩৬ হাজার ৯০ কোটি টাকার রাজস্ব আদায়ের লক্ষ্য রয়েছে। এর মধ্যে আয়কর খাতে ৪৮ হাজার ৩০০ কোটি টাকার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

এনবিআর সূত্রে জানা গেছে, চলতি অর্থবছরের শুরু থেকেই আয়কর খাতে ঘাটতি রয়েছে। জুলাই মাসে ঘাটতি ১৯২ কোটি টাকা, আগস্ট মাসে ৫৮ কোটি আর সেপ্টেম্বর মাসে ৩১ কোটি টাকা।

আয়কর বিভাগের কর্মকর্তারা জানান, প্রতিবছর জুলাই থেকে সেপ্টেম্বর মাসে আয়কর আদায়ে ঘাটতি হয় না। কারণ এই সময়ে করদাতারা তাঁদের বার্ষিক আয়কর বিবরণী ও কর জমা দেন।

কিন্ত এবার লক্ষ্য অনেক বেশি থাকায় বছরের প্রথম থেকেই ঘাটতি পড়েছে আয়কর আদায়ের ক্ষেত্রে।

আবার আগামী দিনগুলোয় রাজনৈতিক অস্থিরতা বাড়লে আয়কর খাতে আরও নেতিবাচক প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে বলেও মনে করেন অনেকে। এটা আবার সার্বিক রাজস্ব আদায়েও প্রভাব ফেলবে।