প্রথম প্রান্তিকে এডিপির ৯ শতাংশ বাস্তবায়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) মাত্র ৯ শতাংশ বাস্তবায়ন করা সম্ভব হয়েছে। আলোচ্য সময়ে তিন হাজার ৩০২ কোটি টাকা উন্নয়ন কর্মসূচিতে ব্যয় করা সম্ভব হয়েছে। পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) সূত্রে এসব তথ্য জানা গেছে।প্রাপ্ত পরিসংখ্যান থেকে আরও দেখা যায়, ২০০৯-১০ অর্থবছরে প্রথম প্রান্তিকে ১০ শতাংশ এডিপি বাস্তবায়িত হয়েছিল। একই সময়ে ২০০৮-০৯ অর্থবছরে ৯ শতাংশ, ২০০৭-০৮ অর্থবছরে ৭ শতাংশ ও ২০০৬-০৭ অর্থবছরে ১১ শতাংশ এডিপি বাস্তবায়ন হয়েছিল।এতে দেখা যায়, ২০০৯-১০ অর্থবছরের প্রথম প্রান্তিকে তিন হাজার ১২৫ কোটি টাকা, ২০০৮-০৯ অর্থবছরের প্রথম প্রান্তিকে দুই হাজার ৩৮৮ কোটি টাকা, ২০০৭-০৮ অর্থবছরের প্রথম প্রান্তিকে এক হাজার ৯৭৫ কোটি টাকা এবং ২০০৬-০৭ অর্থবছরের প্রান্তিকে দুই হাজার ৭৮১ কোটি টাকার এডিপি বাস্তবায়িত হয়েছিল।চলতি অর্থবছরে ৩৮ হাজার ৫০০ কোটি টাকার এডিপি গ্রহণ করা হয়েছে। এবারের এডিপিতে মোট ৯১৬টি প্রকল্প রয়েছে। গত জুলাই মাসে এডিপির ২ শতাংশ এবং আগস্ট মাস পর্যন্ত ৬ শতাংশ বাস্তবায়ন করা সম্ভব হয়েছে।আইএমইডি সূত্রে জানা যায়, চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের এডিপি বাস্তবায়নের হার হলো: স্বাস্থ্য ১৫ শতাংশ, কৃষি ১০ শতাংশ, শিক্ষা ৯ শতাংশ, খাদ্য ৮ শতাংশ, এলজিইডি ৭ শতাংশ, সড়ক ও রেল ৭ শতাংশ, জ্বালানি ও খনিজ সম্পদ ৬ শতাংশ, বিদ্যুৎ ৬ শতাংশ, নৌপরিবহন ১ শতাংশ ও পানিসম্পদে ১ শতাংশ।প্রতিবারের মতো এবারও প্রকল্প বাস্তবায়নের গতি কম। বছরের প্রথমদিকে এই বাস্তবায়নের হার খুবই কম থাকে। বছরের শেষ প্রান্তিকে এসে প্রকল্প বাস্তবায়ন তথা অর্থ খরচের হিড়িক পড়ে যায়।প্রতি অর্থবছর শেষে আইএমইডি পুরো এডিপির বাস্তবায়নের ওপর একটি মূল্যায়নপত্র তৈরি করে। সম্প্রতি ২০০৮-০৯ অর্থবছরের এডিপির মূল্যায়নপত্র সম্পন্ন করেছে। এই মূল্যায়নপত্রে প্রকল্প প্রণয়ন, অনুমোদন ও বাস্তবায়ন—এই তিনটি পর্যায়ে বেশ কিছু সমস্যা চিহ্নিত করেছে আইএমইডি।প্রথমত, প্রকল্প প্রণয়নের সময় সঠিক চাহিদা নিরূপণ না হওয়া, অঙ্গভিত্তিক ব্যয় ও পরিমাণ নির্ধারণের সময় বিদ্যমান মূল্য পরিস্থিতি সঠিক প্রতিফলিত না হওয়া এবং দুর্বল যৌক্তিক কাঠামোর ওপর ভিত্তি করে তথ্য ও প্রাক-বিশ্লেষণের মাধ্যমে প্রকল্প প্রণীত হয়। এসব কারণে প্রকল্প অনুমোদনের অল্প দিনের মধ্যে প্রকল্প সংশোধনের প্রয়োজন পড়ে। ফলে প্রকল্পের বাস্তবায়নকাল ও ব্যয় বৃদ্ধির প্রয়োজন হয়।দ্বিতীয়ত, প্রকল্পের অনুমোদনজনিত বিলম্বের কারণে প্রকল্পের বাস্তবায়নকাজ শুরুর প্রাক্কালেই অনুমোদিত প্রাক্কলন বাজারমূল্যের সঙ্গে অসামঞ্জস্য হয়ে পড়ে। এতে ক্রয়ের কার্যক্রম বিলম্বিত হয়।তৃতীয়ত, প্রকল্পের বাস্তবায়নজনিত সমস্যা রয়েছে। ঘন ঘন প্রকল্প পরিচালক বদলি, অর্থ অবমুক্তিতে বিলম্ব, প্রকল্প পরিচালকের দক্ষতার অভাবের মতো প্রশাসনিক ও আর্থিক ব্যবস্থাপনাগত সমস্যা রয়েছে। এ ছাড়া প্রকল্পের স্থান নির্ধারণ ও ভূমি অধিগ্রহণে জটিলতা, ক্রয়ের কার্যক্রম পরিচালনায় দক্ষতার অভাবসহ বিভিন্ন ধরনের সংগ্রহ ব্যবস্থাপনা ত্রুটি রয়েছে।